ভারতে বিমান ঘাঁটিতে হামলা: পাকিস্তানের নিন্দা
ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারত সরকার এবং হতাহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।
রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, ওই বিবৃতিতে আহতদের দ্রুত আরোগ্য লাভের কামনাও করা হয়।
শনিবার পাকিস্তান সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় তিন সেনা সদস্য এবং চার জঙ্গির নিহত হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, চার থেকে ছয় জন সন্ত্রাসী সামরিক পোশাক পরে বিমান ঘাঁটিতে হামলা চালায়।
হামলাকারীরা জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের সদস্য এবং তারা পাকিস্তানের ভাওয়ালপুর থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
বৈরী প্রতিবেশী দুই দেশের শীর্ষনেতার এই সাক্ষাৎ তাদের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দুই দেশ সুসম্পর্কের পথে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের সঙ্গে একজোট হয়ে দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা এই প্রতিশ্রুতি রাখবো।
