২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আকস্মিক সফরে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকস্মিক সফরে কাবুল থেকে পাকিস্তানে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 05:33 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে লাহোর যান তিনি।

বৈরি প্রতিবেশী দেশ পাকিস্তানে এক দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।

আফগানিস্তানের রাজধানী কাবুল সফর শেষে ভারতে ফেরার পথে মোদী হঠাৎ লাহোরে থামেন। নওয়াজ শরিফের জন্মদিনের সময়টিতে এ সফর করলেন তিনি।

শুক্রবার সকালেই শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিল্লি যাওয়ার পথে লাহোর বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহের কথা জানান মোদী। নওয়াজও তার প্রস্তাবে সায় দেন। বিকালেই তার সঙ্গে বৈঠক করার কথা এক টুইটে জানান মোদী।

তার আকস্মিক এ পাকিস্তান সফরে অনেকেই বিস্মিত। বিশ্লেষকরা এ ঘটনাকে ঐতিহাসিক এবং দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে বড় ধরনের পদক্ষেপ বলে মনে করছেন।

গত বছর ভারতের ক্ষমতায় আসার পর মোদী এই প্রথম পাকিস্তানে গেলেন। এর আগে গত মাসে মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে প্যারিসে জলবায়ু সম্মেলনে বৈঠক করেছিলেন।