দিল্লিতে বিএসএফের বিমান বিধ্বস্ত, নিহত ১০
নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে রাঁচি যাওয়ার জন্য উড্ডয়নের পরপরই সুপার কিং উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে বিএসএফের তিন কর্মকর্তাসহ দশ আরোহীর সবাই নিহত হন।
বিমানবন্দর থেকে ওড়ার দুই মিনিটের মাথায় ২০ বছরের পুরনো এই বিচক্র্যাফটটি দুর্ঘটনায় পড়ে।
উড়োজাহাজটি প্রথমে বিমানবন্দরের সীমানা প্রাচীরে আছড়ে পড়ে এবং পরে পাশের একটি পয়নিষ্কাশন ট্রিটমেন্ট প্ল্যান্টে গিয়ে পড়ে।
বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ট্রিটমেন্ট প্ল্যান্টে আধা ডোবা বিধ্বস্ত উড়োজাহাজটি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায় বহু দূর থেকেও।
ছবি: আইএএনএস
যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার কাছেই একটি রেলওয়ে স্টেশন রয়েছে। সবচেয়ে কাছের গ্রামটি সেখান থেকে দুই কিলোমিটার দূরে।
ওই বিমানে বিএসএফের কয়েকজন টেকনিশিয়ান ছিলেন, যাদের রাঁচিতে গিয়ে একটি হেলিকপ্টার ঠিক করার কথা ছিল।
ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মহেশ শর্মা এ দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। শোক প্রকাশ করে একটি টুইট করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
দুর্ঘটনার পর বিজিবির সঙ্গে বিএসএফের মহা পরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়। বুধবার ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল।
