২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পারবেন সু চি?

ভোটে দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও ক্ষমতার বদলে বন্দিত্বেই কাটাতে হয়েছে, আড়াই দশক পর জনগণের নেতৃত্ব বাছাইয়ের যে সুযোগ এসেছে তাতে কি বদলাবে অং সান সু চির সামনের দিনগুলি-সে প্রশ্ন এখন ঘুরছে মিয়ানমারে।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

ইয়াঙ্গুন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 11:05 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

পুরনো খবর:

সু চির এনএলডি আর ক্ষমতাসীন ইউএসডিপির লড়াই
গণতন্ত্র কেমন, অপেক্ষায় মিয়ানমারবাসী
তবুও সু চির পক্ষেই মিয়ানমারের মুসলিমরা
গণতন্ত্রের ‘গোয়াং সোয়াংয়ের’ জয়ের অপেক্ষায় কাউমোবাসী

রাত পোহালেই বহু প্রতীক্ষার নির্বাচন। রোববার ভোর ৬টায় শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ভোটের সময় যত ঘনিয়ে আসছে,সবার দৃষ্টি যাচ্ছে অং সান সু চির দিকে। ক্ষমতার পালাবদলের সমীকরণ মেলানোর কঠিন দায়িত্বটি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) চেয়ারপারসনের হাতেই পড়ছে বলে অনেকে মনে করছেন।

এনএলডি সংখ্যাগরিষ্ঠতা পেলে কে হবেন প্রেসিডেন্ট, কে হবেন স্পিকার, মন্ত্রিসভায় কারা যাবেন এসব নানা প্রশ্নের সমাধান সু চির হাতেই। ২৫ বছর পর সব দলের অংশগ্রহণের এই নির্বাচনের মধ্য দিয়ে এনএলডিকে এক ‘কণ্টকাকীর্ণ’ আঁকাবাঁকা পথ পেরোতে হবে বলেই অধিকাংশের ধারণা।

সাড়ে পাঁচ দশকের বেশি সময় ক্ষমতায় থাকা সেনাবাহিনী সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এমন সব বিধান চালু করেছে যেগুলো পেরিয়ে ক্ষমতায় আসা যে কোনো দলের জন্যই কঠিন।

মিয়ানমারে ২০০৮ সালে সংবিধান সংশোধন করা হয়। তাতে রাষ্ট্রপতি পদে মনোনয়ন,সামরিক বাহিনীকে ক্ষমতার অংশদারিত্ব প্রদান, পার্লামেন্টে তাদের জন্য ২৫ শতাংশ আসন সংরক্ষণসহ বেশ কিছু ধারা সংযোজন করা হয়, যেগুলোকে শুরু থেকে ‘অগণতান্ত্রিক’ বলে আসছেন এনএলডির নেতারা।

 সংবিধানে এক চতুর্থাংশ অর্থাৎ ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সংবিধান সংশোধনের জন্য তিন-চতুর্থাংশ সদস্যের সমর্থন লাগবে। ফলে সব বেসামরিক এমপি একজোট হলেও সংবিধান সংশোধন সম্ভব হবে না সেনাবাহিনীর সদস্যদের সমর্থন ছাড়া।

সংবিধানে রাষ্ট্রপতিই সর্বময় ক্ষমতার উৎস। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে সেনাবাহিনীর পরামর্শ নিয়ে কাজ করতে হবে। পার্লামেন্টে পাস করা যে কোনো আইনে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে তার।

বিদেশিকে বিয়ে করায় সু চির প্রেসিডেন্ট হওয়ার পথও বন্ধ হয়েছে সংশোধিত সংবিধানে। সংবিধানের ৫৯ (এফ) ধারায় বলা হয়েছে, যদি কেউ কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেন এবং তার সন্তানরা অন্য দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

ঘূর্ণিঝড় নার্গিসের পর গণভোটের মাধ্যমে সংশোধিত সংবিধান অনুমোদিত হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে একে ঠাট্টা করে ‘নার্গিস সংবিধান’ বলে থাকেন।

 সংবিধানের সংশোধিত ধারাগুলোকে অগণতান্ত্রিক বলে তা বাতিলের দাবি জানিয়ে আসছে এনএলডি। এর প্রতিবাদে ২০১০ সালে নির্বাচন বর্জন করে তারা। অবশ্য ২০১২ সালের উপনির্বাচনে ৪৫টির মধ্যে ৪৩টি আসনে বিজয়ী হয়ে বিরোধী দলের আসনে  বসে এনএলডি।

Image
এনএলডির নির্বাচনী প্রচার

এনএলডির নির্বাচনী প্রচার

এনএলডি ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের মতে, সু চির  হাতেই সব সিদ্ধান্তের ভার রয়েছে। তবে এসব বিষয় নিয়ে এখন তিনি ভাবছেন না। এই মুহূর্তে নিজের দলের বিজয় নিয়েই তার মূল ভাবনা।

এনএলডির মুখপাত্র উতু মতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ভোট হোক,জনগণের মতামত দেখার পর নির্বাচন পরবর্তী সময়ে অং সান সু চির ভূমিকার বিষয়টি আসবে। জনগণের রায়ের আগে ক্ষমতার পালাবদলের বিষয় নিয়ে কথা বলার সময় এখনও আসেনি।”

সু চির দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান অনুযায়ী এখনই ক্ষমতা হন্তান্তরের সুযোগ নেই। বর্তমান পার্লামেন্টের মেয়াদ (৫ বছর) ৩০ জানুয়ারি শেষ হওয়ার পরই নতুন নির্বাচিত সদস্যদের নিয়ে পার্লামেন্ট গঠন হবে। ফলে ক্ষমতার পালাবদলের সমীকরণ মেলাতে সু চির হাতে সময় থাকছে।

ইয়াঙ্গুন, নেপিদো ও ডাউনটাউনের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে দেখা গেছে,অধিকাংশই দেশের নেতৃত্বে অং সান সু চিকে দেখতে চান।

Image
ইয়াঙ্গুনে সু চির বাড়ি

ইয়াঙ্গুনে সু চির বাড়ি

Image
সু চির দলের প্রার্থীদের পোস্টার

সু চির দলের প্রার্থীদের পোস্টার

এনএলডি ১৯৯০ সালের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট পদে সু চিকে ঠেকানো কঠিন বলে অনেকে মনে করছেন। সেনা সদস্যদের অনেকে তার সঙ্গে হাত মেলাতে পারেন ধারণা তাদের।

তবে সবকিছুর জন্য শুক্রবারের ভোট ও তার ফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভোটের আগের দিন নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ। ভোটগ্রহণের প্রস্তুতি চলছে সর্বত্র।

এনএলডি নেত্রী অং সান সু চি শনিবার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ইয়াঙ্গুন এভিনিউয়ে নিজের বাসায় দফায় দফায় বৈঠক করছেন।

এনএলডি থেকে সু চির বরাত দিয়ে ভোটারদের শান্ত হয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

“আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। কোনো উস্কানিতে ভোটের পরিবেশ বিনষ্ট করা যাবে না। শান্তিপূর্ণভাবে ভোটাররা সকাল সকাল ভোট কেন্দ্রে এসে ভোট দিন।”