২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও সু চির পক্ষেই মিয়ানমারের মুসলিমরা

জাতিগত নিপীড়নের শিকার যখন হচ্ছিল, তখন অং সান সু চিকে পাশে না পেলেও অন্যদের সঙ্গে তুলনামূলক বিচারে তার উপরই ভরসা রাখতে চাইছে বৌদ্ধপ্রধান মিয়ানমারের মুসলিম সম্প্রদায়।   

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক, ইয়াংগুন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 12:53 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

রোববার দেশটির সাধারণ নির্বাচনের আগে রাজধানী ইয়াঙ্গুনে থাকা কয়েকজন মুসলিমের সঙ্গে কথা বলে এই ধারণা পাওয়া গেছে। বলা হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমার প্রকৃত অর্থে গণতন্ত্রে পা রাখতে যাচ্ছে।

নির্বাচনী প্রচারে রাখাইন রাজ্যে গিয়ে সু চি বলেছিলেন জাতিগত ও ধর্মীয় বঞ্চনার হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা জরুরি। দেশের সব মানুষকে এক হতে হবে। একে অপরের প্রতি ঘৃণা ও ভীতি প্রদর্শন কোনো সফলতা বয়ে আনে না।

সরাসরি না হলেও মূলত তার এই কথায় ভরসা পাচ্ছে মিয়ানমারের মুসলিমরা, যাদের অধিকাংশের আবাস রাখাইনে (এক সময় আরাকান রাজ্য নামে পরিচিত ছিল) এবং রোহিঙ্গা নামে পরিচিত মুসলিমদের ভোটাধিকারও নেই।

ইয়াঙ্গুনের মুসলিম ট্যাক্সিচালক ওয়েন নাইং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজ বৈষম্যের শিকার। আমার কয়েকজন আত্মীয়ও দেশছাড়া হয়ে কক্সবাজারের (বাংলাদেশের) শরণার্থী শিবিরে আছেন। দুঃখের কথা বলব কী?

“আমাদের প্রত্যাশাটা ছোটই। সু চি ক্ষমতায় গেলে আমরা সমান অধিকার পাব, নির্যাতনের শিকার হব না- এই প্রত্যাশায় আমাদের ভোট পড়বে তার বাক্সেই, যদিও নেত্রী আমাদের পক্ষে কথা বলেননি, পাশে দাঁড়াননি। তারপরও...।”

Image
নির্বাচনী প্রচারে রাখাইন রাজ্যে অং সান সু চি

নির্বাচনী প্রচারে রাখাইন রাজ্যে অং সান সু চি

দীর্ঘ সামরিক শাসনে জাতিগত নিপীড়নের শিকার হয়ে দেশছাড়া ৭/৮ লাখ  রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।  তাদের ফেরত নিতে বাংলাদেশ বারবার আহ্বান জানিয়ে এলেও সাড়া মিলছে না।

ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি), ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি),  ন্যাশনাল ইউনিটি পার্টি,  ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি,  আরকান ন্যাশনালিস্ট পার্টি- সব দলের নেতারা রোহিঙ্গা ইস্যুটিকে ‘গুরুত্বপূর্ণ’ বললেও নির্বাচনকে সামনে রেখে ‘কৌশলগত’ কারণে স্পষ্ট করে কিছু বলছেন না।

ইউএসডিপির নেতা তিন মানং উন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোহিঙ্গারা যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা মিয়ানমারের নাগরিক নয়। তাদের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার।

“আরকান অঞ্চলে যারা বসবাস করেন, তারা আরকানি কিংবা রাখাইন। আমাদের দেশে নানা সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। তাই বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।”

এনএলডির নেতা উইন নাইং বলেন, “আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আছি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এভাবে বিভাজনে আমরা বিশ্বাসী নই। আপনি দেখবেন, আমাদের নেত্রী নির্বাচনী প্রচারে গত মাসে আরকান গিয়েছিলেন। সেখানেও তিনি জাতীয় ঐক্যের কথা বলেছেন। কোনো একটি গোষ্ঠীর পক্ষে কিংবা বিপক্ষে তিনি কোনো কথা বলেননি।

“এ থেকে আমাদের অবস্থান আপনাকে বুঝে নিতে হবে- মুসলিম রোহিঙ্গা বলুন, জিংপো কিংবা পারাউক, পিউ উপজাতি বলুন- কোনো গোষ্ঠীকে এনএলডি আলাদা চোখে দেখে না। সবাইকে নিয়ে আমরা এগুতে চাই গণতন্ত্রের অভিযাত্রায়।”

বাহান টাউনের নারী স্কুলশিক্ষক মি এনচ চুই বলেন, “২০১৩ সালে সাম্প্রদায়িক দাঙ্গার পরও সু চি রাখাইনে যাননি, সংখ্যালঘুদের পাশে দাঁড়াননি। অথচ ওই সময়ে তিনি পার্লামেন্টে প্রধান বিরোধীদলীয় নেত্রী। এবার ভোটের প্রচারণায়ও বৌদ্ধদের না চটানোর নীতি অনুসরণ করছেন তিনি।”

Image
নিপীড়নে শিকার হয়ে এভাবে নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে মারাও যাচ্ছে রোহিঙ্গারা

নিপীড়নে শিকার হয়ে এভাবে নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে মারাও যাচ্ছে রোহিঙ্গারা

২০১৩ সালে আরাকানে মুসলিমদের উপর হামলার সময় এনএলডি কেন প্রতিবাদ করেনি- প্রশ্ন করা হলে সু চির দলের নেতা নাইং বলেন, “গণতন্ত্রহীন দেশে সেখানে কথা বলার স্বাধীনতা নেই, এরকম পরিস্থিতিতে প্রতিবাদের সুযোগটা কী ছিল- আপনিই বলুন।”

রোহিঙ্গা মুসলিমদের যাদের সঙ্গে কথা হয়েছে, তারা কেউই ক্যামেরার সামনে আসতে রাজি হননি। দীর্ঘ সামরিক শাসনের রেশ ধরে এখন মিয়ানমারে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ। সাড়ে ৫ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১০ শতাংশ মুসলিম।

এই রোহিঙ্গাদের নাগরিক পরিচয় স্বীকার করতেও নারাজ মিয়ানমার। তারা এদের ‘বাংলাদেশি’ বলে চালাতে চায়। রোহিঙ্গাদের চলাফেরা এবং কাজ করার অধিকারের ওপর নানা ধরনের বিধিনিষেধ রয়েছে।

আরকান রাজ্যে ক্ষমতাসীন দল ইউএসডিপি এবং এনএলডির সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে আরকান ন্যাশনাল পার্টি (এএনপি) ও রাখাইন স্টেট ন্যাশনাল ইউনাইটেড পার্টি। আসন্ন নির্বাচনে আরাকানি জাতীয়তাবাদের পক্ষে এএনপি ব্যাপক জনমত তৈরি করেছে।

বৌদ্ধ নেতারা মনে করেছেন, এনএলডি মুসলিম রোহিঙ্গাদের সহানুভূতি পাবে।

রাজ্যের দক্ষিণাঞ্চলের থানডইউ শহরের বৌদ্ধ সমিতির কর্মকর্তা স্যান সুই বলেন, “মুসলিম রাখাইন ভোটারদের মতলব ভালো না। তারা এএনপিকে ভোট দেবে না।”

Image
এই বিক্ষোভে নতি স্বীকার করে রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়

এই বিক্ষোভে নতি স্বীকার করে রোহিঙ্গাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়

সু চির বক্তব্যে আশাবাদী না হলেও এনএলডি মুসলিম কাউকে মনোনয়ন না দেওয়ায় ঠিক চিন্তামুক্ত হতে পারছেন না আরাকানিরা।

এবারের নির্বাচনে এনএলডির দলীয় প্রার্থী তালিকায় কয়েকজন মুসলিম প্রার্থীকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়।

ইয়াঙ্গুনের পাবেদান আসন থেকে সিটু মং মনোনয়ন চেয়েও পাননি। সেখানে মুসলিমদের প্রচুর ভোট থাকলেও এনএলডি মনোনয়ন দিয়েছে এক বৌদ্ধকে।

সিটু বলেন, “আশা করেছিলাম, এনএলডির মনোনয়ন পাব। প্রার্থিতার বাছাইয়ের ক্ষেত্রে ধর্ম ও জাতিগত কোনো বৈষম্য দেখানো হবে না বলা হলেও আমি পাইনি। এখানে ধর্ম একটা বড় ভূমিকা রেখেছে বলে আমি মনে করি।”

এনএলডির মতোই ইউএসডিপি থেকেও মুসলিম কোনো প্রার্থী মনোনয়ন পায়নি। ইউএসডিপি থেকে ১১৯ জন এবং এনএলডি থেকে ২১৫ জন মুসলিম মনোনয়ন চেয়েছিলেন বলে জানা যায়।

তবে ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেসের মুসলিম প্রার্থী হিন মো থেইন পূর্ব ইয়াঙ্গুনের মালদালে থেকে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন।

পুরনো খবর:

গণতন্ত্রের ‘গোয়াং সোয়াংয়ের’ জয়ের অপেক্ষায় কাউমোবাসী
গণতন্ত্র কেমন, অপেক্ষায় মিয়ানমারবাসী