গণতন্ত্র কেমন, অপেক্ষায় মিয়ানমারবাসী
আড়াই দশক পর সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মিয়ানমারে।
এর মধ্য দিয়ে গণতন্ত্রের ‘বন্ধ দুয়ার’ খোলার অপেক্ষায় আছে দীর্ঘদিন সামরিক শাসনে থাকা দেশটির জনগণ।
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে শেষ সময়ের প্রচারণায় ভোটারদের ঘরে ঘরে গিয়ে সমর্থন চাইছেন প্রার্থীরা।
প্রধান বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি-এনএলডির নেতা অং সান সু চির বাড়ি যেখানে সেই ইয়াঙ্গুন শহরে ব্যানার-ফেস্টুন-রঙিন পোস্টারের সমাহার না থাকলেও ভোট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে মানুষের মাঝে।
বৃহস্পতিবার ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলে নির্বাচন ঘিরে তাদের এ মনোভাব জানা গেছে।
অর্ধশতকেরও বেশি সময় ধরে জান্তার শাসনে থাকা মিয়ানমারে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাওয়ার আশা করলেও সংশয়ের কথা জানান ইয়াঙ্গুনে একটি বেসরকারি সংস্থায় কর্মরত মং সুই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণতন্ত্রের বন্ধ জানালা খুলবে কি না, তা ৮ তারিখ ভোটগ্রহণের মধ্য দিয়ে স্পষ্ট হবে। মিয়ানমারের ভোটাররা সেই প্রতীক্ষায় আছে।
“নির্বাচনে যেই জিতুক, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তা হোক- এটাই আমাদের প্রত্যাশা।”
ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র উ সুই মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই, যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে, শৃঙ্খলা থাকবে, জনপ্রতিনিধিরা দেশ চালাবেন।”
অং সান সু চি
মিয়ানমারের দুই কক্ষের পার্লামেন্টের উচ্চ কক্ষ এমিওথা হালতাউয়ে (হাউজ অব ন্যাশনালিস্ট) আসন রয়েছে ২২৪টি। এরমধ্যে ৫৬টি আসন সংরক্ষিত রয়েছে সামরিক বাহিনীর জন্য। আবার ৪৪০ আসনের নিম্ন কক্ষ পিথু হালতাউয়ে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত ১১০ আসন।
ডাগন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র মিও মিন জো বলেন, “সামরিক শাসকেরা ২০০৮ সালে এমনভাবে সংবিধান রচনা করেছেন যাতে ক্ষমতার মূল চাবি সামরিক বাহিনীর হাতে থাকে। আমাদের দেশের মানুষ দুই দশক ধরে গণতন্ত্রের বাইরে একটা বন্দি জীবন কাটাচ্ছে।
তারপরও এবার ভোটের জোয়ারে আমরা কিছুটা আলো দেখছি। প্রত্যাশা আমাদের-গণতন্ত্রের নেত্রী অং সান সূচির দল এনএলডি বিজয়ী হলে সর্বত্র পরিবর্তন আসবে।”
১৯৬২ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সামরিক একনায়কতন্ত্রের অধীনে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিল এনএলডি। সামরিক সরকার নির্বাচনী ফল প্রত্যাখ্যান করায় সে সময় ক্ষমতাগ্রহণ তো দূরে থাক, গৃহবন্দিত্ব থেকে মুক্তি মেলেনি সু চির।
ভোটে এনএলডি জিতলেও বিদেশিকে বিয়ে করায় মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হতে পারবেন না সু চি। তবে তিনি বলেছেন, দল জিতলে রাষ্ট্রপতির চেয়ে বড় কিছু হবেন তিনি।
নির্বাচনে এনএলডির পাশাপাশি ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি), মিয়ানমারস ফারমার্স ডেভেলপমেন্ট পার্টি, ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স (এনডিএফ), ন্যাশনাল ইউনিটি পার্টি (এনইউপি)সহ নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ৯২টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে দেশের উন্নয়ন নতুন গতি পাবে অধিকাংশের মত হলেও ভিন্ন বক্তব্যও এসেছে কারও কারও কাছ থেকে।
ইয়াঙ্গুনের ট্যাক্সিচালক উ থেইন মাউ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইয়াঙ্গুন পরিচ্ছন্ন শহর। গত ৫/৬ বছরে এই শহরের চেহারা পাল্টে গেছে। সরকার কম-বেশি উন্নয়ন করেছে, উন্নয়ন হয়েছেও। তবে গণতন্ত্র থাকলে এটা আরও বেশি হত কি না জানি না। কারণ গণতন্ত্রের স্বাদ পাইনি।”
মিয়ানমারের নির্বাচন কমিশন ‘ইউনিয়ন ইলেকশন কমিশন’ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নানা পদক্ষেপ নিয়েছে। প্রার্থীদের আচরণবিধি লংঘন ঠেকাতে জোরালো তদারকি রয়েছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণার কারণে সড়কে যানজট সৃষ্টি কিংবা রাস্তা বন্ধ করে সমাবেশ বা প্রার্থীদের পক্ষে সড়কে তোরণ নির্মাণ ইয়াঙ্গুনে চোখে পড়েনি।
শহরে প্রার্থীদের ব্যানার-পোস্টার তেমনটি চোখে পড়েনি। শহরের কয়েকটি নির্ধারিত স্থানে সড়কের পাশে ছোট আকারের সাইনবোর্ড স্ট্যান্ডে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের প্রার্থীর ছবি সম্বলিত ব্যানার দেখা গেছে। ব্যানারের বক্তব্য বার্মিজ ভাষায় লেখা।
ইয়াঙ্গুনের সড়ক
ইয়াঙ্গুনের বিপণীবিতানে প্রার্থীদের ভোটের প্রচার
এরকম পরিচ্ছন্নতার মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়ে বসে আছে।
বিকালে ডাউন টাউনের বিভিন্ন জায়গায় ভোটারদের বাড়ি যেতে দেখা গেল কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীদের। তবে সেই যাওয়া তেমন ঢাকঢোল পিটিয়ে নয়, একেবারে সাদাসিধেভাবে প্রার্থীর সঙ্গে ৩/৪ জন ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।
ইয়াঙ্গুনের ডাহমাজেডির একটি দোকানের বিক্রয়কর্মী সুই মু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানের ভোটের প্রচারণার পদ্ধতি অন্যরকম। সেইভাবে হৈ-হুল্লোড় করে প্রচারণার সুযোগ নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে, যাতে কোনো পাবলিক নুইসেন্স না ঘটে।”
নির্বাচনের তফসিল ঘোষণার পর টানা দুই মাস নির্বাচনী প্রচারণা চালায় রাজনৈতিক দলগুলো।
অং সান সূচির এনএলডি প্রচারে ক্ষমতাসীন দল ইউএসডিপির চেয়ে এগিয়ে রয়েছে বলে মনে করছেন অনেকে। লাল রঙের পতাকা নিয়ে সারাদেশে চষে বেড়িয়েছেন সু চি। ভোট চেয়েছেন এনএলডি’র পক্ষে। ‘টাইম ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে প্রচারণায় নামে এনএলডি।
ক্ষমতাসীন দল ইউএসডিপির নেতারাও শহর, গ্রামে-গঞ্জে প্রচারণা চালিয়েছেন। তাদের প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার শহরের ডাউন টাউনসহ কয়েকটি স্থানে দেখা গেছে।
