নভেম্বরের নির্বাচন পিছাতে পারে মিয়ানমার
মিয়ানমারে আগামী মাসের ঐতিহাসিক সাধারণ নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে নির্বাচনী কর্মকর্তারা এবং রাজনৈতিক দলগুলো।
বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র বিবিসি’কে বলেন, রাজনৈতিক দলগুলো ৮ নভেম্বরের নির্বাচন পিছিয়ে দেয়া নিয়ে মঙ্গলবার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
নির্বাচন কমিশনের প্রধান বলেছেন, দেশে বন্যা এবং ভূমিধসের কারণে ভোট পিছিয়ে দেয়া হতে পারে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু বলেননি।
মিয়ানমারে ২৫ বছরের মধ্যে এবারই প্রথম অবাধ সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে এনএলডি ভাল ফল করবে বলে মনে করা হচ্ছে।
দলটির এ সম্ভাবনা রুখে দিতেই নির্বাচন পিছিয়ে দেয়ার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন এনএলডি এক ঊর্ধ্বতন সদস্য উইন হেইন।
কারণ, বন্যা ও ভূমিধসে মিয়ানমারের কিছু কিছু অঞ্চলে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হলেও বেশির ভাগ ক্ষতিই হয়েছে দুই মাস আগে। অগাস্টে বন্যা কবলিত হয় চিন এবং সাগাইং নামক দুটি এলাকা। আর কায়াহ এলাকায় গত সপ্তাহে ভূমিধসে ১৭ জন নিহত হয়।
এ পরিস্থিতির মধ্যেও মিয়ানমারে এখনো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। নির্বাচনী আইনেও এক্ষেত্রে কোনো বাধা নেই। ফলে দেশজুড়ে নির্বাচন পিছিয়ে দেয়াটা রাজনৈতিক সিদ্ধান্ত বলেই ধারণা করা হচ্ছে।
