ত্রিপুরার সড়ক পরিবহন কর্মকর্তাকে ঢাকায় ‘হুমকি’
বাংলাদেশি একটি বাস কোম্পানির কর্মচারীদের অব্যাহত হুমকির মুখে ভারতের ত্রিপুরা সড়ক পরিবহন সংস্থার (টিআরটিসি) এক কর্মকর্তাকে ঢাকায় এসে পালিয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলজে রোখুম নামে টিআরটিসির ওই জনসংযোগ কর্মকর্তা ঢাকা হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত ভলভো বাস চলাচলের রুট পারমিট নিতে সম্প্রতি ঢাকায় এসেছিলেন।
এই কর্মকর্তা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে বাস চলাচলের জন্য রুট পারমিট পেলেও কিছু লোক সে সব কাগজপত্র তার কাছ থেকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ত্রিপুরা সড়ক পরিবহন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা চায় না আমাদের বাস এই রুটে চলুক।”
ত্রিপুরা সড়ক বিভাগের অভিযোগ, রুট পারমিটের কাগজপত্র ছিনিয়ে নিয়ে হুমকি দেওয়া ব্যক্তিরা ‘শ্যামলী পরিবহনের’ সঙ্গে সংশ্লিষ্ট, যারা ইতোমধ্যে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত রুটে বাস পরিচালনা করে আসছে।
ত্রিপুরার ওই কর্মকর্তা বলেন, “ওই বাস কোম্পানিটির মালিক ইতোমধ্যে ত্রিপুরা পরিদর্শন করে আমাদের রুটে বাস চালানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ওই সময় ইঙ্গিত দিয়েছিলেন, যদি আমরা আমাদের বাস চালাই, তবে সেটি তার ব্যবসায়িক স্বার্থে প্রভাব ফেলবে।”
“কিন্তু এই রুটে বাস চালানোর বিষয়ে আমরাও অনড়।”
টিআরটিসির ব্যবস্থাপনা পরিচালক কেশব করের নির্দেশনা পেয়ে এই সংস্থার কর্মকর্তা রোখুম ঢাকায় তার মোবাইল ফোন বন্ধ রেখেছেন, যাতে কেউ তার অবস্থান শনাক্ত করতে না পারে।
কেশব কর তাকে দ্রুত আগরতলা ফেরারও পরামর্শ দিয়েছেন।
ত্রিপুরার পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিআরটিসি কর্মকর্তা রোখুমের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি তিনি ইতোমধ্যে ঢাকায় ভারতীয় দূতাবাসকে জানিয়েছেন। এছাড়া ঢাকা হয়ে কলকাতায় চলাচলের সময় টিআরটিসির বাসের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ত্রিপুরার অন্য এক কর্মকর্তা বলেন, “আমরা আশ্চর্য হয়েছি যে একটি বেসরকারি বাস কোম্পানি এত উদ্ধত হতে পারে। শ্যামলী পরিবহনের লাগাম টেনে না ধরলে, ঢাকা-কলকাতার মধ্যে সরাসরি বাস চলাচলে ক্ষতিকর প্রভাব পড়বে।”
চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত বাস চলাচলে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।
