২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর সীমান্তে সহিংসতা নিয়ে জাতিসংঘের উদ্বেগ

ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত কাশ্মীর সীমান্তে সহিংসতা বৃদ্ধিতে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। দু’পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Aug 2015, 11:30 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গত এক সপ্তাহের সহিংসতায় ভারত-পাকিস্তান উভয়পক্ষে ‍অন্তত ৮ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।

জাতিসংঘের প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, “ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সাম্প্রতিক সময়ে সহিংসতা বেড়ে যাওয়ায় বান অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। এ সহিংসতার কারণে দুপক্ষেই বেসামরিক নাগরিকসহ বহু মানুষ হতাহত হয়েছে।”

এতে আরো বলা হয়, বান “ভারত ও পাকিস্তান সরকারকে যতটা সম্ভব সংযত থাকা এবং বেসামরিক নাগরিকদেরকে রক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ভারত ও পাকিস্তানকে তাদের বিরোধ আলোচনার মাধ্যমেও মেটানোর আহ্বান জানিয়েছেন বান।”

সাম্প্রতিক দিনগুলোতে কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এমনকি  ১৪ ও ১৫ অগাস্ট পাকিস্তান ও ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের সময়টিতেও সীমান্তে গোলাগুলি হয়েছে।

নয়াদিল্লিতে ২৩-২৪ অগাস্টে দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের নির্ধারিত বৈঠকের আগে এ সহিংসতা পাক-ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।