ভারতের গোয়েন্দা সংস্থা র-এর নতুন প্রধান রবি সিনহা
আধুনিক প্রযুক্তির ব্যবহারে দারুণ দক্ষ বলে সুনাম রয়েছে বর্তমানে আইপিএস এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তার।
ভারতের রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং (র) এর নতুন প্রধান হয়েছেন আইপিএস কর্মকর্তা রবি সিনহা।
তিনি সামন্ত গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। আগামী ৩০ জুন সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হবে। তারপর দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন সিনহা।
রাভি সিনহা ১৯৮৮ সালে ভারতের ছত্তিসগড় রাজ্য থেকে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে (আইপিএস) যোগ দেন। বর্তমানে তিনি আইপিএস এর দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত সাত বছর ধরে তিনি ভারতীয় পুলিশের অপারেশনাল বিভাগের প্রধান হিসেবে কাজ করে আসছেন।
রবি সিনহা এমন একটি সময় র-এর দায়িত্ব গ্রহণ করতে চলেছেন যখন শিখ উগ্রবাদ জোরদার হয়ে উঠেছে এবং সেইসঙ্গে তাকে মণিপুর রাজ্যের নৃ-গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বিশেষ সচিব রাভি সিনহার জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে চলমান চরম বামপন্থিদের সশস্ত্র আন্দোলনের মত খুবই সংবেদনশীল নানা ইস্যুতে সুক্ষ্ম বোঝাপড়া রয়েছে বলে জানায় এনডিটিভি।
রবি সিনহাকে র-এর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার মাধ্যমে ভারত সরকার আবারও সংস্থাটির শীর্ষ পদে সরাসরি অপারেশন পরিচালনায় সক্ষম এমন একজনকে বেছে নিল।
উল্লেখ্য, ভারতে র-এর মত আরেক গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন একজন পুলিশ কর্মকর্তা। আইবি এর প্রধান তপন ডেকা আইপিএস এ রাভি সিনহার ব্যাচমেট ছিলেন।
আইবি র-এর মতই ভারতীয় গোয়েন্দা সংস্থা। যারা দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে কাজ করে।
