২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান থেকে মাদক চোরাচালান, ভারতে ৫ পুলিশসহ গ্রেপ্তার ১৭

তাদের কাছ থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান থেকে মাদক চোরাচালান, ভারতে ৫ পুলিশসহ গ্রেপ্তার ১৭

মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2022, 11:25 PM

Updated : 23 Dec 2022, 11:27 PM

পাকিস্তান থেকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে মাদক চোরাচালানে জড়িত চক্রের ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতীয় পুলিশ।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলা থেকে গ্রেপ্তার এ ১৭ জনের মধ্যে ৫ পুলিশসদস্যও আছে বলে তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

গ্রেপ্তার চোরাচালান চক্রের বড় অংশটিই সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তান থেকে আসা মাদকের চালান গ্রহণ করতো, এবং পরে সেসব মাদক কাশ্মীরের বিভিন্ন অংশে সরবরাহ করতো।  

এসব মাদক কেরান সেক্টর দিয়ে কুপওয়ারা জেলায় ঢুকতো বলে ভাষ্য পুলিশের।  

“মাদক চোরাচালানের বড় একটি দলকে ধরতে পেরেছি আমরা। ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য, কয়েকজন দোকানদার, একজন রাজনৈতিক কর্মী ও এক ঠিকাদারও আছেন,” বলেছেন কুপওয়ারার জ্যেষ্ঠ পুলিশ সুপার যুগল কুমার মানস।

“পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের কেরানের বাসিন্দা শাকির আলি খান মাদক তার ছেলে ভারতের কেরান অংশে থাকা তামহিদ আহমেদকে দিতো,” বলেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, তারা কুপওয়ারা শহর ও এর আশপাশের এলাকার একাধিক মাদক কারবারির ওপর নজর রাখছিল। তদন্তে নেমে তারা মাদক চোরাচালানে জড়িত বড় একটি নেটওয়ার্কের সন্ধান পায়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এখন পর্যন্ত দুই কেজি হেরোইন পাওয়া গেছে।

“এই চক্রটি ৫ কেজি হেরোইন পেয়েছিল,” বলেছেন মানস।