নারীর জন্য ইউরিনাল ‘পিকুয়াল’
পাবলিক টয়লেটে মেয়েদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষার সময় কী করে কমিয়ে আনা যায় তার সমাধানে উদ্যোগী হয়েছিলেন দুই ব্রিটিশ তরুণী। তাদের নকশা করা বিকল্প ভ্রাম্যমাণ ইউরিনালের ধারণা পেয়েছে আড়াই লাখ পাউন্ডের তহবিল।
বিশেষ ধরনের এই টয়লেটের নকশা করেছেন ২৩ বছর বয়সী অ্যামবার প্রোবিন এবং ২৫ বছরের হ্যাজেল ম্যাকশেইন। এর নাম দেওয়া হয়েছে পিকুয়াল।
তাদের ভাষ্যে, এই বিশেষ নকশার ইউরিনালে সাধারণ পাবলিক টয়লেটের চেয়ে ছয় গুণ দ্রুত কাজ সারা যায়।
ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৫০টি ইউনিট নিয়ে মোট ৪৪টি ভ্রাম্যমাণ টয়েলেট নির্মাণের কাজ চলছিল ব্রিটেনে। বিবিসি, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে এর পেছনের দুই নারী উদ্যোক্তার কথা।
ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের স্নাতক প্রোবিন ও ম্যাকশেইন বলছেন, তাদের এই নতুন ধারণার টয়লেটের কাজ এগিয়ে নেওয়ার তহবিল প্রায় ফুরিয়ে এসেছিল। অর্থায়ন তাদের প্রকল্পকে ‘নতুন জীবন’ দেবে।
প্রোবিন বলেন, তারা এখন লোকবল নিয়োগ করে আবার উৎপাদন শুরু করতে পারবেন, বাণিজ্যিকভাবে প্রকল্পটি নিয়ে এগোতে পারবেন।
‘এই পৃষ্ঠপোষকতা’ সারাবিশ্বে নারীকে টয়লেট সুবিধা দিতে অনেক বেশি সহযোগিতা করবে বলে মনে করছেন ম্যাকশেইন।
তার বিশ্বাস, টয়লেট নিয়ে নারীর বিড়ম্বনার জীবনকে বদলে দিতে পারবে তাদের তৈরি করা পিকুয়াল।
“আমাদের বানানো এই নিরাপদ ব্যবস্থাপনা পাবলিক টয়লেট ব্যবহারে অপেক্ষায় থাকার সময়কে কমিয়ে আনবে।”
একটি কেক তিন কোণা করে কেটে নিলে যেমনটা দেখায়, এই টয়লেটের একেকটি ব্লকের আকারও তেমন। এর ভেতরে জল বিয়োগের প্যান বসানো রয়েছে।
মূল ব্লকটি তৈরিই থাকে; তাই এটা ভ্রাম্যমাণ এবং বহনযোগ্য। আকারে তিন কোনা হওয়ার কারণে এর সাথে পাশাপাশি অর্থাৎ উল্টো মুখে আরেকটি বা একটির পর একটি ব্লক বসিয়ে সারিবদ্ধ করে সাজানো যায়, যতগুলো ব্লক প্রয়োজন।
আবার ব্লকের আকার তিনকোনা হওয়াতে একদিকে প্রবেশমুখ রেখে পাশাপাশি ব্লক বসিয়ে একটি বৃত্তও গড়ে তোলা যায়।
উদ্ভাবন নিয়ে পদার্থবিজ্ঞান পড়া ম্যাকশেন বিবিসিকে বলেন, “এটা অনেকটা মাটিতে গর্ত করে টয়লেট বানানোর মতই; যেটাকে আমরা পাদবেদী বলছি।
“এর নকশা অনেকটা নৌকার মত, যা পানি ছলকে আসতে দেয় না। এখানে সামনে অল্প জায়গা রাখা হয়েছে, সেখানে কাপড় ঠিক করে নেওয়া যাবে।”
কেন জরুরি
প্রোবিন ও ম্যাকশেইন নারীর জন্য এখনকার টয়লেট ব্যবস্থাপনার যে দুর্বলতা নিয়ে কথা বলছেন, সেই সমস্যায় বাংলাদেশের নারীদেরও ভুগতে হয়।
ওয়াটার এইডের হিসাবে রাজধানী ঢাকায় প্রতি এক লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট রয়েছে মাত্র একটি। ঢাকার বাসিন্দাদের অর্ধেক নারী হলেও অধিকাংশ পাবলিক টয়লেটে নারীদের জন্য আলাদা ব্যবস্থা নেই।
ঢাকা শহরে অর্ধেক নারী মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই রোগে ভোগেন, পরিচ্ছন্ন টয়লেটের অভাবে প্রস্রাব চেপে রাখাকে যার প্রধান কারণ হিসাবে দায়ী করা হয়।
২০১৬-২০১৭ সালে ২০০ জন নারীর ওপর চালানো এক গবেষণা জরিপে দেখা যায়, ঢাকা শহরে ৮০ শতাংশ নারী ঘর থেকে বের হওয়ার সময় পানি খান না। টয়লেটে যাতে না যেতে হয় সেজন্য নারীদের এমন অনীহা বলে উঠে আসে সেই গবেষণায়।
গবেষণায় দেখা যায়, ঘরের বাইরে নারীদের ব্যবহার উপযোগী টয়লেট না থাকায় একদিকে যেমন অর্থনীতিতে তার প্রভাব পড়ে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। স্বাস্থ্যগত ঝুঁকির কারণে নারী কর্মক্ষমতা হারায়।
নাগরিক জীবনে অভ্যস্ত নারীরা এ ধরনের সমস্যা মোকাবেলা করে বেশি। অফিস-আদালত, হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মার্কেট, শপিং মল, বাস বা রেল স্টেশনের মতো সাধারণ জায়গায়, যেখানে নারী-পুরুষ উভয়েরই যাতায়াত ও বিচরণ, সেখানে নারীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
