স্টেশনে এক কিলোমিটার অপেক্ষা, ট্রেনে ফাঁকা ফাঁকা
আগারগাঁও আর উত্তরা– দুই স্টেশনেই একই চিত্র। লাইনে তরুণদের ভিড় বেশি। অনেক অভিভাবক শিশুদেরও নিয়ে এসেছেন। আছেন জ্যেষ্ঠ নাগরিকেরাও।
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে প্রতিদিন সকাল সকালই পাসপোর্ট করতে আসা লোকজনের লাইন পড়ে যায়। বৃহস্পতিবার সকালে মেট্রোরেলে উঠতে আগ্রহী মানুষের লাইন ছাড়িয়েছে আগারগাঁও পাসপোর্ট অফিসের সীমাও।
আগারগাঁও মেট্রো স্টেশনের মূল ফটক থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ লাইনে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন প্রথমবারের মত মেট্রোর ট্রেনে চড়ার অভিজ্ঞতা নেওয়ার জন্য।
এই লাইনে তরুণদের ভিড় বেশি। অনেক অভিভাবক শিশুদেরও নিয়ে এসেছেন। আছেন জ্যেষ্ঠ নাগরিকেরাও।
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ স্লুইচগেট মাদ্রাসা ও মসজিদের ইমাম আবুল বাশার অপেক্ষা করছেন সকাল সাড়ে ৬টা থেকে। যখন সকাল পৌনে ৯টা বাজে, তখনো তিনি প্রায় আধা কিলোমিটার দূরে।
ষাটোর্ধ্ব এই ব্যক্তি আর দাঁড়াতে পারছিলেন না; ফুটপাতেই বসে থাকতে দেখা যায় তাকে।
আবুল বাশার বলেন, তিনি যাবেন টঙ্গীর চেরাগ আলীতে। মেট্রো রেলের কথা শুনেছেন, টিভিতে দেখেছেন। তাই সকাল সাড়ে ৬টার সময় এসে লাইনে দাঁড়িয়েছেন। তবে লাইন যেন কিছুতেই এগোচ্ছে না। কিন্তু দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। তবে তিনি হাল ছাড়তে রাজি নন, ট্রেনে উঠেই ছাড়বেন। লাইনের লোকজন তাকে ধরে ফুটপাতে বসিয়ে দিয়েছে।
লালবাগের বাসিন্দা ব্যবসায়ী মো. আলী এসছেন তার দুই ছেলেমেয়ে মাহফুজুর রহমান ও অনন্যা রহমানকে নিয়ে। সকাল ৬টায় এসে তারা লাইনে দাঁড়িয়েছেন। আড়াই ঘণ্টায় মেট্রোরেলের ফটকের দেখাই পাননি।
১১ বছরের মাহফুজ ধৈর্য্য ধরে লাইনে দাঁড়িয়ে ছিল। প্রথমবারের মত মেট্রো ট্রেনে উঠবে বলে পরিপাটি করে পোশাক পরে এসেছে সে। দেরি হলেও তাদের ধৈর্য্যচ্যুতি ঘটেনি।
মোহাম্মদ আলী বললেন, “ছেলেমেয়েদের দেখাতে নিয়ে আসছি। প্রথম দিন তো একটু ঝামেলা হতেই পারে।”
আগারগাঁও দিয়ে যাওয়া উত্তরামুখী বাসগুলোর হেলপারেরা লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় যাত্রী টানার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। তারপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, চিৎকার করে বলছিলেন, 'আহেন আগে যাই, আগে যাই।'
ভূঁইয়া পরিবহনের বাসের হেলপার মানিক বেশ কিছুক্ষণ কয়েকজন যাত্রীকে বোঝানোর চেষ্টা করলেন। তবে যাত্রীদের কেউ লাইন ছেড়ে ট্রেনে ওঠেননি।
সকাল সাড়ে ৯টায় ট্রেন এলে ভেতরে ঢুকতে পারেন কিছু যাত্রী। ভেতরের চলন্ত সিঁড়িতে ওঠার সময় চিৎকার করে প্রকাশ করলেন সেই আনন্দ।
ফটকে দাঁড়ানো পুলিশ ও নিরাপত্তা কর্মীরা লোকজনকে বুঝিয়ে-শুনিয়ে রাখছেন। ভেতরের স্বয়ংক্রিয় টিকেটিং মেশিন যে কাজ করছেন না, সেটা তারা যাত্রীদের জানাচ্ছেন। প্রথম দিনে জাতীয় পরিচয়পত্র যাচাই করে হাতে হাতে টিকিট কাটতে অনেক সময় লাগছে।
বাইরে দীর্ঘ লাইন থাকলেও ট্রেনের বগিগুলোতে যাত্রী তুলনামূলক কম, সেগুলো প্রায় ফাঁকা যাওয়া আসা করছে।
উত্তরা উত্তর স্টেশনে নেমে দেখা গেল, সেখানেই বাইরে দীর্ঘ লাইন এক কিলোমিটার ছাড়িয়েছে। দীর্ঘসময় ধরে অপেক্ষায় থাকা মানুষগুলো শীতের মধ্যে দাঁড়িয়ে আছে।
