জামালপুরে পাসপোর্টের আবেদনে ‘বিশেষ চিহ্ন’ পেল দুদক
পাসপোর্ট কার্যালয়ের সামনে থাকা কম্পিউটারের দোকান থেকে করা আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করার প্রামাণ পেয়েছে দুদক।
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এ সময় পাসপোর্টের আবেদন ফরমে ‘বিশেষ চিহ্ন’ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করেছে। অভিযানের অংশ হিসেবে প্রথমে সেবা গ্রহীতা সেজে সাদা পোশাকে পাসপোর্ট অফিসের সামনে থাকা কম্পিউটারের দোকানগুলোতে খোঁজ নেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, এসব কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেওয়া হয়। এক্ষেত্রে আবেদনে সুনির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আর যারা সরাসরি পাসপোর্ট আবেদন করেন, তারা বিভিন্ন ভোগান্তির শিকার হয়।
তিনি বলেন, পরবর্তীতে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদের সহযোগিতা নিয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল।
“অভিযানে পাসপোর্টের বিভিন্ন আবেদনে বিশেষ প্রতীকী চিহ্নের প্রমাণ পাওয়া যায়। অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একজনকে পাওয়া গেলেও তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়”, বলেন জিহাদুল ইসলাম।
তবে আবেদনে বিশেষ চিহ্নের বিষয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি বলে জানান দুদকের উপ-সহকারী পরিচালক।
তিনি বলেন, অভিযানে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অফিসে যোগদান করেছেন তিনি। তবে তার যোগদানের আগে আব্দুল কাদির নামের এক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করেছে।
এরপরও পাসপোর্ট অফিসের কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
