মেট্রোরেল: শুরুতেই বিভ্রাট, টিকেট মেশিন কাজ না করায় কাউন্টারে চাপ
স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বললেন, “টিকেট কাটতে সাময়িকভাবে কিছু সমস্যা হচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি।”
উদ্বোধনের পর সাধারণ নাগরিকদের জন্য মেট্রো রেল খুলে দেওয়ার পর প্রথম সকালেই আগারগাঁওয়ে স্টেশনে টিকেট কাটতে গিয়ে বিভ্রাটে পড়েছেন যাত্রীরা।
স্টেশনের স্বয়ংক্রিয় ‘টিকেট মেশিন’ কাজ না করায় কাউন্টারে তৈরি হয়েছে চাপ। ‘যান্ত্রিক জটিলতার’ কারণে বৃহস্পতিবার সকালে এ স্টোশনের দ্বিতীয় তলার প্রধান ফটকও খুলেছে আধা ঘণ্টা দেরিতে।
মো. শামীম নামের এক যাত্রী বলেন, “২০ মিনিট ধরে আমি কাউন্টারে দাঁড়িয়ে আছি, উনারা টিকেট দিতে পারছেন না। মেশিনগুলো নষ্ট।”
আগারগাঁওয়ে স্টেশনের দক্ষিণ প্রান্তে তিনটি এবং উত্তর প্রান্তে তিনটি অটোমেটেড টিকেট মেশিন রয়েছে। এগুলোর পাশেই রয়েছে একটি করে কাউন্টার। সেখানে লাইনে দাঁড়িয়ে হাতে হাতে টিকেট কেনা যায়। মেশিন কাজ না করায় ভিড় লেগে গেছে সেই কাউন্টারে।
সকালে এক যাত্রী অটোমেটেড মেশিনে ৬০ টাকা দেওয়ার পর আর টিকিট আসেনি। ২০ মিনিট অপেক্ষা করার পর তাকে কাউন্টার থেকে হাতে হাতে টিকিট দেওয়া হয়।
স্টেশন কন্ট্রোলার সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিকেট কাটতে সাময়িকভাবে কিছু সমস্যা হচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি।”
বুধবার বর্ণিল আয়োজনে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; পতাকা দুলিয়ে ট্রেন চালু করে দিয়ে টিকেট কেটে যাত্রীও হয়েছিলেন তিনি। সেই যাত্রায় তার সঙ্গী ছিলেন আমন্ত্রিত দুই শতাধিক অতিথি।
নির্মাণকাজ চলার মধ্যে প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে। শুরুতে মাঝের স্টেশনগুলোতে না থেমে কেবল আগারগাঁও আর উত্তরা উত্তর স্টেশনের মধ্যে যাত্রী পরিবহন করার কথা রয়েছে।
মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল আগেই জানিয়েছিল প্রথম কিছুদিন ট্রেন চলবে সকাল ৮টা থেকে ১২টা– এই চার ঘণ্টা। পরে ধীরে ধীরে স্বাভাবিক চলাচল শুরু হবে।
সেই ঘোষণায় ভোর থেকেই আগারগাঁওয়ের মেট্রো স্টেশনে লাইন পড়ে যায়। ৮টা বাজার আগেই অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ কিউ ছাড়িয়ে যায় সিকি কিলোমিটার দূরে আগারগাঁও পাসপোর্ট অফিস।
উৎসুক জনতার আনন্দযাত্রার পাশাপাশি জরুরি প্রয়োজনে উত্তরা যাচ্ছেন এমন যাত্রীও রয়েছেন অপেক্ষার লাইনে।
ভোর ৫টার পরপরই এসে লাইনে দাঁড়ানো প্রথম ব্যক্তি কামরুল ইসলাম অফিস থেকে দুই ঘণ্টার ছুটি নিয়েছেন শুধু মেট্রোরেলে চড়ার জন্য। আগারগাঁও থেকে তিনি যাবেন শেষ প্রান্তে।
জসিম উদ্দিনের বাসা আগারগাঁওয়ে। প্রতিদিন ভোরে হাঁটাহাটি করেন। আগারগাঁও স্টেশনে এসেছিলেন শখ মেটাতে মেট্রোরেলে উঠতে। উত্তরা গিয়ে ফিরতি ট্রেনে আবার ফিরে আসার ইচ্ছা ছিল। কিন্তু ভিড় দেখে তিনি শেষ পর্যন্ত হাল ছেড়েছেন।
"শখ করে এসেছিলাম, কিন্তু যে লাইন, আজ আর হবে না। কাল আরো সকালে এসে লাইনে দাঁড়াব।"
