যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান খানের মৃত্যু
হাবিবুর রহমান খান জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সেই মারা গেলেন দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান খান।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন হাবিব। দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন হাবিব। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, বাদ এশা মিরপুর শাইনপুকুর হাউজিং জামে মসজিদে হাবিবের জানাজা হবে। পরে মিরপুর শহীদ বুদ্দিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।
হাবিবের আকস্মিক মৃত্যুর খবরে তার কর্মস্থল দৈনিক যুগান্তরে শোকের ছায়া নেমে আসে। জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
মৃত্যৃ সংবাদ শুনে হাবিবের স্ত্রী ফারজানা মাহমুদ সনির সঙ্গে টেলিফোনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাকে সান্ত্বনা জানান এবং তার সন্তানদের খোঁজখবর নেন।
