২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রামে ৫ বছরে ৫০ বছরের উন্নয়ন হবে’

এ সরকারের মেয়াদেই বন্দরনগরী চট্টগ্রামে ৫০ বছরের উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 06:11 PM

Updated : 01 Sep 2026, 10:25 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মিরসরাইয়ের এই সাংসদ।

সিডিএর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী পাঁচ বছরে চট্টগ্রামে ৫০ বছরের উন্নয়ন হয়ে যাবে।”

উন্নয়নের ধারা ধরে রাখতে পূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিডিএ চেয়ারম্যানকে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন ইঞ্জিনিয়ার মোশাররফ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যের দাবি, পাকিস্তান আমলে চট্টগ্রামই পুরো পূর্ব পাকিস্তান নিয়ন্ত্রণ করতো। স্বাধীনতার পর ৪৩ বছরে ‘মনিটরিং ও কন্ট্রোল পাওয়ার’- এর কারণে দেশের নিয়ন্ত্রণ চলে গেছে ঢাকার দিকে।

চট্টগ্রামের ‘গুরুত্ব’ আবার ফিরিয়ে আনার জন্য সবাইকে কাজ করার তাগিদ দেন তিনি।

সিডিএ কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, “চট্টগ্রামে আমরা কোনো ‘রানা প্লাজা’ দেখতে চাই না। সিডিএতে যারা পরিদর্শক আছেন, তারা নিয়মিত বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শন করবেন।”

ভবন মালিকরা যাতে ইমারত বিধি ঠিক মতো মেনে চলেন- তাও নিশ্চিত করার পাশাপাশি চট্টগ্রামের সাগরতীরের জমির উন্নয়ন করার ওপর জোর দেন ইঞ্জিনিয়ার মোশাররফ।

“আমার দীর্ঘ দিনের স্বপ্ন আউটার রিং রোড। সাগরতীরের জায়গাগুলো ‘প্রাইম ল্যান্ড’। বিশ্বের কোনো দেশে এ ধরনের জায়গা অবহেলিত রাখে না।”

এসব স্থানের উন্নয়ন হলে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি সিডিএর আয় বাড়বে বলেও আশা প্রকাশ করেন পূর্তমন্ত্রী।

চট্টগ্রামের মানুষের বিনোদনের জন্য কোনো পার্ক না থাকার বিষয়টি উল্লেখ করে নগরীর ‘ডিসি হিল পার্ক’ এর উন্নয়নে সিডিএ-কে তিনি উদ্যোগী হতে বলেন।

চট্টগ্রামের নেতা মোশাররফ হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম জানান, ২০১৩-১৪ অর্থ বছরে পূর্ত মন্ত্রণালয় এডিপিতে পেয়েছে ৮৩৫ কোটি টাকা। তার মধ্যে চট্টগ্রামকে দেয়া হয়েছে ৬৩৫ কোটি টাকা।

চট্টগ্রামের একটি সড়কের নামকরণ ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী ‘মাস্টার দা সূর্য সেনের’ নামে করার জন্য অনুষ্ঠানে প্রস্তাব দেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক জহুর আহমেদের ছেলে ও সিডিএর পরিচালনা পর্ষদের সদস্য মাহাতাব উদ্দিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব গোলাম রব্বানী।

অন্যদের মধ্যে সিডিএ পরিচালনা পর্ষদের সদস্য মফিজুর রহমান. ইউনুস গণি, বোর্ড সদস্য ও ওয়াসা চেয়ারম্যান একেএম ফজলুল্লাহ, সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম তালুকদার এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন।