২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজিনার মুক্তি, হেনস্তাকারীদের শাস্তি চায় প্রথম আলো

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে সচিবালয়ে আটকে রাখায় জড়িতদের শাস্তি চেয়েছে প্রথম আলোতে তার সহকর্মীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2021, 08:31 PM

Updated : 10 Oct 2022, 05:58 PM

মঙ্গলবার বিকালে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান পত্রিকাটির সাংবাদিকরা।

কর্মসূচিতে দাঁড়িয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সাংবাদিকদের বলেন, “আমরা চাই, তার (রোজিনা) বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। এছাড়া তাকে যারা হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়।”

সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়েছিল প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে।

পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির কয়েকটি ধারায়তার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

মঙ্গলবার আদালতে নিয়ে রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পুলিশের আবেদন করলে তা নাকচ করে দেন বিচারক। তার জামিনের বিষয়ে আংশিক শুনানি শেষে বিচারক বাকি শুনানির জন্য বৃহস্পতিবার তারিখ রেখেছেন।

সচিবালয়ে আটক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে পুলিশে সোপর্দ  

‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’র মামলায় প্রথম আলোর সাংবাদিক রোজিনা গ্রেপ্তার

রোজিনার ওপর ‘হামলা-মামলায়’ বেপরোয়া হবে দুর্নীতিবাজরা: র‍্যাক

রোজিনার পক্ষে আবদুল গাফফার চৌধুরীসহ ১১ নাগরিকের বিবৃতি

রোজিনাকে আটক রাখার ব্যাখ্যা চায় মানবাধিকার কমিশন

মহামারীকালে স্বাস্থ্য খাতের নানা দুর্নীতির প্রতিবেদন প্রকাশকারী রোজিনা নথি সরানোর অভিযোগ অস্বীকার করেছেন। তার সহকর্মীদের অভিযোগ, সংবাদ প্রকাশের কারণে আক্রোশ থেকে তাকে হেনস্তা করা হচ্ছে।

রোজিনাকে আটক ও গ্রেপ্তারের বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিবাদের মধ্যে মঙ্গলবার বিকালে মানববন্ধনে দাঁড়ান তার সহকর্মীরা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনকারীরা এ সময় ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘সাংবাদিকতা সংশ্লিষ্ট সকল কালাকানুন বাতিল চাই’, ‘সৎ ও সাহসী সাংবাদিকতার ভবিষ্যৎ কী?’, ‘হাতকড়া হাতে গণমাধ্যম হাঁটে’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

Image
রোজিনা ইসলামের সহকর্মীরা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে সচিবালয়ে আটকে রাখায় জড়িতদের শাস্তিও চেয়েছে।

রোজিনা ইসলামের সহকর্মীরা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে সচিবালয়ে আটকে রাখায় জড়িতদের শাস্তিও চেয়েছে।

মানববন্ধনে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, “রোজিনা ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। তার রিপোর্টে স্বাস্থ্য খাতের অনেক অনিয়ম উঠে এসেছে। এছাড়া স্বাস্থ্যখাতের নিয়োগের অনিয়মসহ তার বেশ কিছু রিপোর্ট আলোচিত হয়েছে।

“আমাদের শক্ত ধারণা, এসব রিপোর্টের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের আক্রোশের শিকার রোজিনা ইসলাম হয়েছেন।”

বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, পরবর্তীতে ডিজিটাল অ্যাক্টসহ যেসব আইনে এসেছে, তা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এগুলোর মাধ্যমে ক্রমাগত সাংবাদিকতার পথ সঙ্কুচিত হয়েছে। সাংবাদিকরা এসবআইনের বিরোধিতা দীর্ঘদিন ধরে করে আসছে। এই ঘটনাগুলো তারই নজির দেয়, কেন আমরা এসব আইনেরবিরোধিতা করেছি।”

রোজিনা: দুই মন্ত্রী আশ্বাস দিয়েছেন, বললেন প্রেসক্লাব নেতারা  

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে প্রথম আলোর প্রাতিষ্ঠানিক আলোচনায় রোজিনার মুক্তির বিষয়ে কোনো আশ্বাসপাওয়া গেছে কি না- এমন প্রশ্নে সাজ্জাদ বলেন, “এইটা আমাদের পক্ষে বলা খুব কঠিন। তবে আমরা বলতে পারি, আইনের পথে আমাদের যা করার আমরা করব।”

অন্যদিকে রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের বিষয়টি ‘রাজনৈতিক সিদ্ধান্তের’ মাধ্যমেও হতে পারত বলে মন্তব্য করেন আনিসুল হক।

তিনি বলেন, “এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত।  যেমন আজকে রিমান্ডেরআবেদনটা না করলে আমরা জামিন পেতেও পারতাম। এই মামলা অবিলম্বে প্রত্যাহার করা … এটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেও সম্ভব।”

আনিসুল হক সরকারের উদ্দেশে বলেন, “তাকে যে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করে নাই। আজকে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে যে এই দেশটি সাংবাদিকদের নিপীড়ন করা একটি দেশ। আসলে আমরা এমন একটি দেশ চাই না।”

রোজিনাকে হেনস্তা ও কারাগারে পাঠানোর ঘটনাকে ‘আকস্মিক, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত’ উল্লেখ করে এক মতামত কলামে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান লিখেছেন, “এটা রোজিনা ইসলাম, তার পরিবার, সংবাদপত্রের স্বাধীনতা এবং দুর্নীতিবিরোধী নীতি ও মূল্যবোধের বিরুদ্ধে এক বিশাল আঘাত।”

রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, রোজিনার নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তাকারীদের বিচার ও শাস্তিও চেয়েছেন তিনি।
 

সাংবাদিক গ্রেপ্তার: সেসব গোপন নথি বাইরে গেলে দেশের ক্ষতি হত, বললেন স্বাস্থ্যমন্ত্রী

পাল্টা মামলা করব: রোজিনার স্বামী