সরকার ‘সাংবাদিকবান্ধব’, দেশবিরোধী প্রচার হলে মিডিয়া বন্ধ: সংসদে তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, কোনো অনলাইন পোর্টালে দেশবিরোধী, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে বন্ধের পদক্ষেপ নেবে সরকার।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংসদকে বলেছেন, বর্তমান সরকার ‘সংবাদপত্র ও সাংবাদিকবান্ধব’। তিনি এও বলেছেন, কোনো অনলাইন পোর্টালের বিরুদ্ধে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি। বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তরটি টেবিলে উত্থাপন করা হয়।
জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না এবং এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রমগ্রহণ অব্যাহত রেখেছে।”
একই সংসদ সদস্যের আরেক প্রশ্ন হাছান মাহমুদ বলেন, “বর্তমান সরকার সংবাদপত্র ও প্রচার মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে বদ্ধপরিকর।”
আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর এক প্রশ্নে মন্ত্রী জানান, কোনো অনলাইন সংবাদপত্রের বা অনলাইনভিত্তিক পোর্টালে ‘দেশবিরোধী’ সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তথ্যমন্ত্রী জানান, অনলাইন গণমাধ্যমে দেশবিরোধী খবর বা ভুয়া বা বিকৃত তথ্য এবং গুজব তদারকি ও এর সত্যতা যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি ‘ফ্যাক্ট চেক’ করে এবং অসত্য বা ভুল সংবাদ চিহ্নিত করে এ ব্যাপারে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
নিবন্ধনের আওতায় কত গণমাধ্যম
মন্ত্রী জানান, সরকার ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৭৭টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মধ্যে ১৫৫টির নিবন্ধন দিয়েছে। একই সময়ে ১৫টির মধ্যে ১৪টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য নজরুল ইসলামের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, “উদার সম্প্রচার নীতিমালার কারণে বর্তমান সরকার বেসরকারি খাতে ৪৮টি টেলিভিশন চ্যানেল, ১৪টি আইপি টিভি এবং ৩৬৭ টি নিউজ পোর্টলের অনুমতি দিয়েছে।”
কল্যাণ ট্রাস্ট থেকে কত সহায়তা
অন্য এক প্রশ্নে মন্ত্রী জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০১৫-১৬ অর্থ বছর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত সারা দেশে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনয় আহত ও মৃত তিন হাজার ২৩৯ জন সাংবাদিক ও পরিবারের সদস্যদের মাঝে ২৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
মহামারীকালীন বিশেষ সহায়তার অংশ হিসেবে ৯ হাজার ৪৩৩ জন সাংবাদিক ও পরিবারের মাঝে ৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান হাছান মাহমুদ।
