সিলেটে প্রাচীর ধসে ১ জনের মৃত্যু
সিলেট নগরীতে বাড়ির সীমানা প্রাচীর ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হন আরো তিনজন।
বুধবার দুপুরে পশ্চিম শেখঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আব্দুল কাদির জিলানী (৪২) সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাখর গ্রামের মৃত শাবাগ তালুকদারের ছেলে। তিনি সিলেট নগরীর মজুমদার পাড়ার মতিন মিয়ার কলোনীতে ভাড়া থাকতেন।
আহতরা হলেন, নেত্রকোণার দৌলতপুর গ্রামের মানিক মিয়া (৬০), তার ছেলে টিটু আহমদ (২৮) এবং একই জেলার চিতলা গ্রামের দেন্দু মিয়ার ছেলে আব্দুল মুক্তাদির (৫০)।
তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, শেখঘাট এলাকার রহমান ভিলা নামের একটি বাড়ির সীমানা প্রাচীর ঘেঁষা সিটি কর্পোরেশনের ড্রেনের সংস্কার কাজ চলছিল।
দুপুর দেড়টার দিকে হঠাৎ করে ওই বাসার সীমানা প্রাচীর ধসে শ্রমিকদের উপর পড়লে ঘটনাস্থলেই আব্দুল কাদির জিলানী মারা যান।
