‘ব্রেইকআপ’ মানে শেষ নয়, নতুন শুরুর সুযোগ
সমবেদনা পাওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকতে হবে।
সম্পর্ক ভেঙে যাওয়ার পরের দিনগুলো সবচেয়ে কঠিন। হঠাৎ করে একজন মানুষের অভ্যাস, স্মৃতি, ভালোবাসা—সবকিছু যেন হাওয়ায় মিলিয়ে যায়।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “ব্রেইকআপ শুধু একজনকে হারানো নয়— হারিয়ে যায় নিজের একটা অংশ। স্মৃতি, ভরসা, দৈনন্দিন ছোট ছোট অভ্যাস। প্রথম কয়েক সপ্তাহে একা লাগা, দুঃখ, রাগ, নিজেকে দোষারোপ— এসব খুব স্বাভাবিক। তবে এই সময়টায় ভদ্রতা বজায় রাখলে নিজের মানসিক শান্তি ফিরে আসে দ্রুত।”
“ব্রেইকআপের পর প্রাক্তনের সঙ্গে কথা বলা, মেসেজ করা বা সোশ্যাল মিডিয়ায় আচরণ— এসবই নির্ধারণ করে আপনি কেমন মানুষ। একটা ভুল পদক্ষেপ (যেমন- অপমান করা, গালি দেওয়া বা ব্যক্তিগত কথা ফাঁস করা) আপনাকে চিরকাল ‘বাজে প্রাক্তন’ হিসেবে চিহ্নিত করে দিতে পারে”- মন্তব্য করেন এই মনোচিকিৎসক।
সামাজিক জীবনে, নতুন সম্পর্কে বা এমনকি নিজের মনেও এর প্রভাব পড়ে।
ভদ্রতা যে কারণে গুরুত্বপূর্ণ
ভদ্রতা মানে শুধু প্রাক্তনকে সম্মান দেখানো নয়— এটা নিজের প্রতি সম্মান।
ডা. দিনা’র পরামর্শ দেন, “সীমারেখা নির্ধারণ করতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, যা পরে আফসোস হবে। প্রয়োজনে ‘নো কন্ট্যাক্ট’ রুল মেনে চলুন। এতে আবেগ নিয়ন্ত্রণে থাকে, ক্ষোভ কমে।”
মন ভালো রাখার উপায়: ধাপে ধাপে এগোন
কষ্টকে গ্রহণ করা: কান্না করা, একা থাকা, রাগ প্রকাশ— কিন্তু চেপে রাখা যাবে না। এগুলো সাময়িক। সময় দিন নিজেকে শোক করার।
সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা
পুরানো ছবি, স্ট্যাটাস, প্রাক্তনের ‘আপডেইট’ দেখলে কষ্ট বাড়ে। কয়েক সপ্তাহ বিরতি নিতে হবে। নিজের কষ্ট পোস্ট করে ‘সিমপ্যাথি’ অর্জনের চেষ্টা করা যাবে না।— এতে নিজেকে আরও ছোট করা হয়।
প্রিয়জনদের কাছে যাওয়া
যাদের সঙ্গে মন খুলে কথা বলা যায়- মা-বাবা, বন্ধু, ভাইবোন- তাদের সঙ্গে সময় কাটান। তারা শোনেন, বোঝেন, সঙ্গ দেন। একা থাকলে কষ্ট বাড়ে।
নিজের যত্ন নিন
“ঠিকমতো খান, ঘুমান, হাঁটাহাঁটি করুন বা যোগা করুন। শারীরিক সুস্থতা মনকে সুস্থ রাখে। সুখের হরমোন বাড়ে, ঘুম ভালো হয়”- পরামর্শ দেন ডা. দিনা।
নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা
‘আমি যথেষ্ট ভালো ছিলাম না?’ এসব প্রশ্ন এলে এড়িয়ে নিজেকে নতুন লক্ষ্য, শখ, স্বপ্নের দিকে মনোযোগী করুন। জার্নালিং করুন— অনুভূতি লিখে রাখলে মন হালকা হয়।
প্রয়োজনে সাহায্য নিন
কষ্ট যদি ঘুম-খাওয়া-কাজে ব্যাঘাত ঘটায়, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলরের কাছে যান। অনলাইন সাপোর্টও আছে। একা সামলানোর দরকার নেই।
সীমারেখা রাখুন, সম্মান বজায় রাখুন
ভদ্রতা মানে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব করা নয়। মানে সীমা রক্ষা করা— যা আঘাত করবে সেই বিষয়ে না বলতে হবে। আফসোস হবে এমন কোনো বিষয় করা যাবে না।
চুপচাপ সম্মান দেখানোই যথেষ্ট। এতে নিজের আত্মসম্মান বাড়ে, নতুন সম্পর্কের পথ সহজ হয়।
ব্রেইকআপ জীবনের শেষ নয়— একটা অধ্যায়ের সমাপ্তি। সঠিক আচরণ, নিজের যত্ন আর সময় দিলে আবার হাসি ফিরে আসে।
“নিজেকে ভালোবাসুন, দেখবেন— আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন”- মন্তব্য করেন ডা. দিনা।
আরও পড়ুন
