কাজের চাপ নাকি ‘বার্নআউট’? ব্যক্তিত্ব বুঝে সমাধান
অন্তর্মুখী বা বহির্মুখী- ব্যক্তিত্ব যাই হোক কাজের চাপ সামলানোর রয়েছে উপায়।
দীর্ঘদিনের মানসিক চাপ, অতিরিক্ত কাজ আর বিশ্রামের অভাব- শরীর ও মনে এক ধরনের ক্লান্তি তৈরি করে, যাকে বিশেষজ্ঞরা ‘বার্নআউট’ বা সম্পূর্ণ ক্লান্তি কিংবা অবসাদ- হিসেবে আখ্যা দেন।
নিউইয়র্কের ‘সোলফুল গ্রেস থেরাপি’র প্রতিষ্ঠাতা এবং ‘ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার’ শানি গার্ডনার ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এটি শারীরিক, মানসিক ও আবেগীয় একটি অভিজ্ঞতা। দীর্ঘ সময় ধরে চাপ অব্যাহত থাকলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র একসময় হাল ছেড়ে দেয়।”
‘বার্নআউট’ অনেক সময় বিষণ্নতা বা সাধারণ ক্লান্তির মতো মনে হতে পারে।
এর লক্ষণগুলোর মধ্যে থাকে অতিরিক্ত ক্লান্তি, অনিদ্রা (ঘুম না আসা), মনোযোগহীনতা, উদ্বেগ, রাগ, ক্ষুধামান্দ্য, মাথাব্যথা কিংবা ঘন ঘন অসুস্থ হয়ে পড়া।
ব্যক্তিত্ব পরীক্ষা: মায়ার্স-ব্রিগস
মানুষের ব্যক্তিত্ব বোঝার জন্য ব্যবহৃত হয় ‘মায়ার্স-ব্রিগস’, যা এক ধরনের ব্যক্তিত্ব নির্ধারণ পরীক্ষা।
১৯৪২ সালে ইসাবেল ব্রিগস মায়ার্স এবং ক্যাথারিন ব্রিগস এই পরীক্ষা পদ্ধতি তৈরি করেন, যা মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং-এর তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
এতে চারটি দিক বিবেচনা করা হয়-
অন্তর্মুখী: একা থেকে শক্তি পায়।
বহির্মুখী: মানুষের সঙ্গে থেকে শক্তি পায়।
সংবেদনশীল: বাস্তব তথ্যকে গুরুত্ব দেয়।
অন্তর্দৃষ্টিনির্ভর: সম্ভাবনা ও বড় ছবি বোঝে।
যুক্তিনির্ভর: তথ্য ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।
আবেগনির্ভর: নিজের ও অন্যের আবেগকে গুরুত্ব দেয়।
কাঠামোবদ্ধ: পরিকল্পনা ও নিয়ম পছন্দ করে।
নমনীয়: পরিস্থিতি অনুযায়ী খাপ খাওয়াতে চায়।
বিশেষজ্ঞরা বলেন- ব্যক্তিত্ব বুঝে চাপ সামলালে ‘বার্নআউট’ কাটানো সহজ হয়।
ব্যক্তিত্বভিত্তিক পুনরুদ্ধারের উপায়
অন্তর্মুখী, অন্তর্দৃষ্টি, যুক্তি, নমনীয় – ডায়েরি লেখা
এই ব্যক্তিত্বরা বেশি চিন্তাশীল।
গার্ডনার বলেন, “ভাবনা লিখে রাখলে মন শান্ত হয় এবং একসঙ্গে সব চিন্তার বদলে একে একে সমাধান করা যায়।”
বহির্মুখী, অন্তর্দৃষ্টি, যুক্তি, কাঠামোবদ্ধ – নিজেকে ক্ষমা করা
এই ব্যক্তিত্বরা আত্মবিশ্বাসী হলেও নিজের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করে।
গার্ডনারের পরামর্শ, “নিজেকে নমনীয়তা দিন, ভুল হলে ক্ষমা করতে হবে।”
বহির্মুখী, সংবেদনশীল, আবেগ, কাঠামোবদ্ধ – সীমারেখা টানা
সবাইকে খুশি করতে গিয়ে এই ব্যক্তিত্বরা ক্লান্ত হয়ে পড়ে। সমাধান হল- ‘না’ বলা শেখা এবং কাজের তালিকা সহজ করা।
অন্তর্মুখী, সংবেদনশীল, যুক্তি, নমনীয়– সহায়তা নেওয়া
এই ব্যক্তিত্বরা স্বাধীনচেতা।
গার্ডনার বলেন, “বন্ধু বা পরিবারের কাছে নিজের কষ্ট ভাগ করতে হবে, এতে আবেগ হালকা হবে।”
বহির্মুখী, অন্তর্দৃষ্টি, আবেগ, কাঠামোবদ্ধ – কাজ ভাগ করা
এরা স্বাভাবিক নেতা। তবে সব দায়িত্ব নিজের কাঁধে নিলে ‘বার্নআউট’ হয়।
গার্ডনার বলেন, “কাজ ভাগাভাগি করা মানসিক চাপ কমায়।”
বহির্মুখী, সংবেদনশীল, যুক্তি, নমনীয় – স্নায়ু শান্ত করা
এই ব্যক্তিত্বরা খুব চঞ্চল।
গার্ডনারের মতে, “গভীর শ্বাসপ্রশ্বাস মস্তিষ্ককে জানায় যে আপনি নিরাপদ। দিনে কয়েকবার এই অনুশীলন করুন।”
বহির্মুখী, সংবেদনশীল, আবেগ, নমনীয়– শরীর নড়াচড়া করানো
আনন্দপ্রিয় এই ব্যক্তিত্বরা হাঁটা, নাচ বা যোগব্যায়াম করলে মানসিক চাপ কাটে।
বহির্মুখী, সংবেদনশীল, যুক্তি, কাঠামোবদ্ধ– সময় সীমা নির্ধারণ করা
এই ব্যক্তিত্বরা নিয়ম মেনে চলে।
গার্ডনার বলেন, “কাজের সময় শেষ হলে ল্যাপটপ বন্ধ করুন, ছুটির দিনে কাজ এড়িয়ে চলুন।”
অন্তর্মুখী, সংবেদনশীল, যুক্তি, কাঠামোবদ্ধ– নেতিবাচক চিন্তা চ্যালেঞ্জ করা
এই ব্যক্তিত্বরা ভাবে কেবল তারাই কাজ ঠিকমতো করতে পারে।
কলোরাডোর ‘নারোপা ইউনিভার্সিটি’র সহকারী অধ্যাপক আনা দিনালো বলেন, “ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলুন, কারণ আমাদের চিন্তাভাবনাই বাস্তবতা তৈরি করে।”
অন্তর্মুখী, সংবেদনশীল, আবেগ, কাঠামোবদ্ধ– বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে কথা বলা
এই ব্যক্তিত্বরা নিজের অনুভূতি চাপা দেয়।
গার্ডনার বলেন, “অন্তত একজন ঘনিষ্ঠ বন্ধুর কাছে মনের কথা খুলে বলুন।”
অন্তর্মুখী, অন্তর্দৃষ্টি, আবেগ, কাঠামোবদ্ধ– নিজের প্রতি সহানুভূতিশীল হোন
এই ব্যক্তিত্বরা সবার প্রতি যত্নশীল হলেও নিজের প্রতি নয়।
গার্ডনার বলেন, “নিজেকে ক্ষমা করতে হবে, বিশ্রাম নিন, মনের ভেতরের সমালোচককে থামান।”
বহির্মুখী, অন্তর্দৃষ্টি, যুক্তি, নমনীয়– কথা বলে প্রকাশ করা
এই ব্যক্তিত্বরা কথা বলতে ভালোবাসে। বন্ধুদের সঙ্গে আড্ডা বা দলগত কার্যক্রমে অংশ নিলে মানসিক চাপ কমে।
অন্তর্মুখী, সংবেদনশীল, আবেগ, নমনীয়– সৃজনশীলতাকে কাজে লাগানো
নাচ, ছবি আঁকা বা গান— যে কোনো সৃজনশীল কাজে অংশ নিলে এই ব্যক্তিত্বরা শান্তি পায়।
অন্তর্মুখী, অন্তর্দৃষ্টি, যুক্তি, কাঠামোবদ্ধ– প্রশ্নভিত্তিক ডায়েরি ব্যবহার করা
এই ব্যক্তিত্বরা বিশ্লেষণী। গার্ডনার বলেন, “প্রশ্নভিত্তিক ডায়েরি লিখলে আবেগ গুছিয়ে নিতে সহজ হয়।”
বহির্মুখী, অন্তর্দৃষ্টি, আবেগ, নমনীয়– ছোট তালিকা করা
এই ব্যক্তিত্বরা উদ্দীপনাপূর্ণ হলেও সাধারণ কাজ ভুলে যায়। ছোট ছোট তালিকা তৈরি করলে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
অন্তর্মুখী, অন্তর্দৃষ্টি, আবেগ, নমনীয় – প্রকৃতির সান্নিধ্যে যাওয়া
এই ব্যক্তিত্বরা স্বপ্নময়।
আনা দিনালো বলেন, “প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিন। গাছের মতো শিকড় ছড়িয়ে দৃঢ়ভাবে দাঁড়ানো শিখুন।”
আরও পড়ুন
