২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লান্তি, একাকিত্ব আর চাপের ভিড়ে তরুণদের মুক্তির উৎসব

দ্য ফ্লো ফেস্টের আয়োজনে পালিত হল ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভল’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 06:25 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

ব্যস্ত ঢাকার নগরজীবনে তরুণদের মানসিক চাপ, একাকিত্ব ও ঘুমের ঘাটতি এখন নীরব সংকট। ক্লাস, পরীক্ষা, ক্যারিয়ারের অনিশ্চয়তা আর সামাজিক প্রত্যাশার চাপে অনেকেই নীরবে ভেঙে পড়ছেন।

এই বাস্তবতাকে সামনে রেখে দ্য ফ্লো ফেস্ট ও প্রাইম নাও-এর যৌথ উদ্যোগে ২২ ও ২৩ এপ্রিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভল’।

তৃতীয়বারের মতো আয়োজিত এবারের উৎসবের স্লোগান ছিল ‘ইউ বি ইউ: ফাইন্ড ইয়োর ফ্লো’।

এই উৎসব শুধু একটি ইভেন্ট নয়, বরং তরুণদের জন্য একটি নিরাপদ স্পেস তৈরির প্রয়াস। যেখানে তারা থামতে পারেন, নিজেদের অনুভূতি বুঝতে পারেন এবং একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারেন।

দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা ও যোগব্যায়াম প্রশিক্ষক শাজিয়া ওমর বলেন, “আমরা শুধু এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে তরুণরা নিজেকে ফিরে পেতে পারে।”

জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র

দেশের ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্য ফ্লো ফেস্ট পরিচালিত এক জরিপে উঠে এসেছে ভয়ংকর বাস্তবতা। প্রায় ৬৫ শতাংশ তরুণ মানসিক অবসাদে ভুগছেন। ৩৫ শতাংশ প্রতিদিন মানসিক চাপে থাকেন। ১৯ শতাংশ তরুণ নিয়মিত একাকিত্ব অনুভব করেন, ২৯ শতাংশ সৃজনশীলতা প্রকাশের জায়গা পান না এবং ৩৮ শতাংশ ঘুমের ঘাটতিতে ভোগেন।

এই সংখ্যাগুলো শুধু তথ্য নয়, বরং হাজারও তরুণের নীরব কান্নার প্রতিফলন। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে অনেকেই নীরবে ভেঙে পড়ছেন। এই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে এই উৎসবের।

যা যা ছিল উৎসবে

উৎসবটি কোনো সেমিনার বা বক্তৃতামূলক অনুষ্ঠান ছিল না। এখানে ছিল অভিজ্ঞতা, সংযোগ এবং নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা। দুই দিনে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।

এই দুই দিনের আয়োজনে মানসিক সুস্থতা, যোগব্যায়াম, নড়াচড়া বা মুভমেন্ট, সৃজনশীলতা এবং কমিউনিটি বা পারস্পরিক যোগাযোগ নিয়ে বিভিন্ন সেশন ছিল।

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা, আর্ট হিলিং এবং মিউজিক সেশনও অনুষ্ঠিত হয়।  

‘মেন্টাল হেলথ’ প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা তুলে ধরেন অভ্যাস আর নেশার পার্থক্য। বিশেষজ্ঞরা আরও বলেন,  ‘যখন কেউ কোনো মানসিক সমস্যায় পড়েন তার কথাটি আগে শুনতে হয়। মনের কথাগুলো বলতে পারলে অনেকটা কাজ হয়ে যায়।’

ডিজিটাল বার্নআউট, ক্যারিয়ার উদ্বেগসহ বর্তমান প্রজন্মের বিভিন্ন মানসিক চাপের উৎস। পাশাপাশি তারা বাস্তবসম্মত কিছু করণীয়ও তুলে ধরেন, যা তরুণদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এই আয়োজনে উপস্থিত হয়ে বলেন নানান অনুপ্রেরণার কথা।

দুপুরের পর উৎসবের আবহে আসে নতুন মাত্রা। শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয় ‘সেলফ ডিফেন্স’ ও ‘ফেন্সিং সেইশন’, যা অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে তুলতে সহায়তা করে। 

আকস এর সালসা নাচের সেশন শিক্ষার্থীদের প্রাণবন্ত করে তোলে যেখানে নড়াচড়ার মধ্য দিয়েই প্রকাশ পায় আনন্দ ও আবেগ।

স্বাগত ‘হিপ আপ ড্যান্স’য়ের প্রাথমিক নিয়ম কানুন শেখান।

দুপুরে শুরু হয় বিশেষ সেশন, ১০টি ভিন্নধর্মী অ্যাক্টিভিটি কর্নার। আর্ট হিলিং, গ্রাফিটি ওয়াল, ভিশন বোর্ড, জার্নালিং, ক্যারিকেচার, স্ক্রিন প্রিন্টিং থেকে শুরু করে ফেন্সিং, পোই স্পিনিং, অরিগামি, পেইন্টিং প্রতিটি কর্নারই যেন আলাদা এক অভিজ্ঞতা।

কেউ তুলির আঁচড়ে মনের কথা প্রকাশ করেছেন, কেউ বা লিখেছেন নিজের অপ্রকাশিত অনুভূতি। আবার কেউ শরীরচর্চার মাধ্যমে খুঁজেছেন মুক্তির পথ। 

সুস্থ থাকার কোনো একক উপায় নেই। প্রত্যেকের পথ আলাদা, আর সেই পথ খুঁজে পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘স্টপ হাইডিং ইয়োর ফিলিংস’ ফটোগ্রাফি প্রতিযোগিতা

উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয়েছে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা। শিরোনাম ‘স্টপ হাইডিং ইয়োর ফিলিংস’। শিক্ষার্থীরা তাদের অনুভূতি, সংগ্রাম ও সুস্থতার গল্প ছবির মাধ্যমে প্রকাশ করেছেন।

এটি শুধু শিল্প নয়, বরং নিজেকে প্রকাশ করার একটি মাধ্যম।

আরও পড়ুন

তরুণদের মানসিক স্বাস্থ্যচর্চায় ‘ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভল’