২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একা হলেও ভালোবাসা দিবস উপভোগ করার পন্থা

একাকিত্ব বোধ করা আর একা থাকা- সম্পূর্ণ ভিন্ন বিষয়।

একা হলেও ভালোবাসা দিবস উপভোগ করার পন্থা
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 11:52 AM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ভালোবাসা দিবস এলেই অনেকের মনে হয়, দিনটি বুঝি কেবল যুগলদের জন্য। চারদিকে গোলাপ, উপহার আর যুগলের ছবি দেখে একা মানুষদের মন খারাপ হওয়াটাই যেন স্বাভাবিক।

তবে বাস্তবতা হল- একা থাকা আর একাকিত্ব এক জিনিস নয়। একা থেকেও দিনটি হতে পারে শান্ত, অর্থবহ এবং আনন্দের।

ভালোবাসা শুধু প্রেমিক–প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। বন্ধুত্বে, নিজের যত্নে, নিজের সঙ্গে কাটানো নীরব সময়েও ভালোবাসা থাকে। তাই ভালোবাসা দিবস মানেই যে কাউকে পাশে থাকতে হবে, এমন কোনো নিয়ম নেই।

বরং দিনটিকে নিজের জন্য উদযাপন করার সুযোগ হিসেবেও দেখা যায়।

একা থাকা মানেই একা নয়

অনেকে মনে করেন, ভালোবাসা দিবসে একা থাকলে বুঝি জীবনে কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। তবে এই ধারণা অনেকটাই সমাজের তৈরি, বাস্তব সত্য নয়।

অনেক মানুষ সম্পর্কের ভেতর থেকেও একাকিত্বে ভোগেন। আবার অনেকেই একা থেকেও মানসিকভাবে পরিপূর্ণ ও সুখী।

মানসিক ও সম্পর্ক বিষয়ক ওয়েবসাইট ‘কাম ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক আধ্যাত্মিক চিন্তাবিদ জে শেট্টি বলেন, “নিজের সঙ্গে সম্পর্কটাই মানুষের সবচেয়ে দীর্ঘ সম্পর্ক। তাই নিজের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া কোনোভাবেই স্বার্থপরতা নয়। বরং এটি মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ।”

ভালোবাসা দিবসে একা থাকার সুফল

এই দিনে একা থাকার সবচেয়ে বড় সুবিধা হল স্বাধীনতা। কোথায় যাবেন, কী খাবেন, কী করবেন— সব সিদ্ধান্ত নিজের। কোনো প্রত্যাশা নেই, কোনো চাপ নেই। উপহার পছন্দ হবে কি-না, সময় ঠিকমতো হল কি-না- এ ধরনের দুশ্চিন্তা একেবারেই নেই।

নিজের ইচ্ছেমতো দিন কাটানোর এই স্বাধীনতাই অনেক সময় মানসিক প্রশান্তি এনে দেয়। সম্পর্কের বাইরে থেকেও যে আনন্দ পাওয়া যায়, তা নতুন করে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়।

নিজের প্রতি যত্ন নেওয়ার সুযোগ

ভালোবাসা দিবসকে নিজের যত্নের দিন হিসেবেও নেওয়া যায়। সারাক্ষণ অন্যকে খুশি করার চেষ্টা না করে, এই দিনে নিজেকে গুরুত্ব দেওয়া যায়।

আরামদায়ক পোশাক পরে প্রিয় খাবার খাওয়া, পছন্দের সিনেমা দেখা কিংবা নিরিবিলি সময় কাটানো সবই হতে পারে আত্মযত্নের অংশ।

যুক্তরাষ্ট্রভিত্তিক ধ্যানশিক্ষক জেফ ওয়ারেন মনে করেন- আত্ম-ভালোবাসা মানে শুধু বাহ্যিক যত্ন নয়, নিজের সঙ্গে সদয় আচরণ করাও এর অংশ। নিজের মনকে বিশ্রাম দেওয়াই অনেক সময় সবচেয়ে বড় উপহার।

তুলনা থেকে বেরিয়ে আসার চেষ্টা

ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের সাজানো মুহূর্ত দেখে মন খারাপ হওয়া অস্বাভাবিক নয়। তবে স্মরণে রাখতে হবে, সেখানে দেখা ছবিগুলো বাস্তব জীবনের সম্পূর্ণ চিত্র নয়। প্রতিটি হাসির ছবির আড়ালেও থাকে অদেখা গল্প।

নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা না করে, নিজের বর্তমান বাস্তবতাকে গ্রহণ করাই মানসিক শান্তির প্রথম ধাপ। একা থাকার এই সময়টুকু নিজের শক্তি আর অর্জনগুলো মনে করার সুযোগ করে দেয়।

নিজের আনন্দ নিজেই তৈরি করা

ভালোবাসা দিবস মানেই যে ফুল আর রোমান্টিক নৈশভোজ হতে হবে, এমন নয়। দিনটি হতে পারে একদম সাধারণ, আবার ইচ্ছেমতো বিশেষও।

একা সিনেমা দেখতে যাওয়া, বইয়ের দোকানে সময় কাটানো বা দীর্ঘ হাঁটায় বের হওয়া। এসব ছোট কাজই অনেক সময় বড় আনন্দ এনে দেয়।

নিজের পছন্দকে গুরুত্ব দিলে দিনটি আর শূন্য মনে হয় না। বরং নিজের সঙ্গে সময় কাটানোর অভ্যাস তৈরি হয়, যা জীবনের অন্য সময়েও কাজে লাগে।

বন্ধুত্বের ভালোবাসা উদযাপন

ভালোবাসা শুধু প্রেমের সম্পর্কেই নয়, বন্ধুত্বেও থাকে গভীর ভালোবাসা। ভালোবাসা দিবসে বন্ধুদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাওয়া বা আড্ডা দেওয়া দিনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।

যারা কাছাকাছি থাকতে পারেন না, তারা দূর থেকেও কথা বলে, বার্তা পাঠিয়ে এই ভালোবাসা ভাগ করে নিতে পারেন। বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে।

নতুন কিছু করার সাহস

একঘেয়েমি কাটাতে ভালোবাসা দিবস হতে পারে নতুন কিছু শুরু করার দিন। নতুন কোনো দক্ষতা শেখা, সৃজনশীল কাজে হাত দেওয়া বা বহুদিনের ইচ্ছেটা পূরণ করার সুযোগ হিসেবে দিনটিকে ব্যবহার করা যায়।

এই ধরনের অভিজ্ঞতা মানুষকে নিজের সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় এবং আত্মবিশ্বাস বাড়ায়।

একা থাকার আনন্দকে স্বীকার করা

একা থাকাকে লজ্জা বা ব্যর্থতা হিসেবে দেখার চিন্তা বাদ দিতে হবে। একা থাকা জীবনের একটি সময়ে, একটি অবস্থা— এর বেশি কিছু নয়।

এই সময়টুকু নিজের মতো করে উপভোগ করতে পারলে, ভালোবাসা দিবস আর কষ্টের দিন থাকে না।

আরও পড়ুন

আপনি একাকী! কারণ... 

একাকী জীবনেও সুখী হওয়া যায়

একাকিত্ব কাটাতে না পারলে, ক্ষতির পরিণাম বেশি