২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরৎকাল: নতুন অভ্যাস গড়ে তোলার সেরা সময়

অতীতের ব্যর্থতা বা দ্বিধা পেছনে ফেলে নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়া হতে পারে সফলতার চাবিকাঠি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

গ্রীষ্ম শেষ হয়ে চলছে শরৎ। বাতাসে শীতলতার পরশ, প্রকৃতিতে পরিবর্তনের ছোঁয়া, আর চারপাশে এক ধরনের নতুন উদ্দীপনা— সব মিলিয়ে শরৎ যেন আমাদের ভেতরে এক ভিন্ন অনুভূতি জাগায়।

এই সময়টা অনেকেই নতুন কিছু শুরু করার জন্য অনুপ্রাণিত হন। বিশেষ করে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নতুন অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে শরৎকাল হয়ে ওঠে সবচেয়ে কার্যকর সময়।

এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রভিত্তিক থেরাপিস্ট সাবা লুরি। তার মতে, “শরৎকালের সাথে যুক্ত রয়েছে একটি বিশেষ মনস্তাত্ত্বিক প্রভাব যাকে বলে ‘ফ্রেশ স্টার্ট ইফেক্ট’ বা নতুন করে শুরু করার প্রেরণা।

ফ্রেশ স্টার্ট ইফেক্ট কী?

রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে সাবা লুরি ব্যাখ্যা করেন, “ফ্রেশ স্টার্ট ইফেক্ট’ হল এক ধরনের মানসিক প্রক্রিয়া যেখানে নিজেদের জন্য নতুন এক সূচনা কল্পনা করি। অতীতের ব্যর্থতা বা দ্বিধা পেছনে ফেলে নতুন লক্ষ্য স্থির করি এবং তার দিকে এগিয়ে যাই।”

তিনি আরও বলেন, "এই অনুভূতি সাধারণত কিছু নির্দিষ্ট সময় বা তারিখের সঙ্গে যুক্ত থাকে। যেমন- নতুন বছর, জন্মদিন, সপ্তাহের প্রথম দিন, কিংবা এমনকি দিনের শুরু সকাল। এ ধরনের সময় মানসিকভাবে নতুন করে শুরুর প্রেরণা জোগায়।”

যে কারণে শরৎকাল সবচেয়ে কার্যকর সময়

যদিও বছরের যে কোনো সময় নতুন অভ্যাস শুরু করা যায়, তবুও শরৎকালের প্রভাব ভিন্ন।

সাবা লুরি বলেন, “মস্তিষ্ক শরৎকালকে এক বিশেষ সূচনার সময় হিসেবে দেখে।”

তার কথায়, “শরতের ছোট হয়ে আসা দিন ও তাপমাত্রা কমে যাওয়া যেন মনে করিয়ে দেয়— এখন নতুন কিছু কাজ শুরু করার সময় এসেছে। এই পরিবর্তন কেবল আবহাওয়ার নয়, মানসিক অবস্থাকেও প্রভাবিত করে।"

মানসিক শক্তি বাড়ায় আবহাওয়ার পরিবর্তন

গ্রীষ্মের প্রখর তাপ অলস করে তোলে। দুপুরের ঘুম, ধীর জীবনযাপন তখন স্বাভাবিক হয়ে ওঠে। তবে শরতের অপেক্ষাকৃত ঠাণ্ডা ও সজীব বাতাসে আসে এক ভিন্ন প্রাণশক্তি।

সাবা লুরির ভাষায়, “গ্রীষ্মের ধীর সময় শেষে শরতের হাওয়াতে এক ধরনের উদ্দীপনা কাজ করে। এই পরিবর্তন কেবল শরীর নয়, মনকেও কর্মচঞ্চল করে তোলে।”

তার মতে, "শরতের এই নতুন আবহাওকে যদি সচেতনভাবে কাজে লাগাই, তবে সুস্থ অভ্যাস গড়ে তোলা আরও সহজ হয়ে যায়।"

যেভাবে শুরু যায় নতুন অভ্যাস

শরৎ’কে যদি সত্যিই নতুন করে সাজানোর সময় হিসেবে কাজে লাগাতে চান, তবে কিছু পদক্ষেপ নিতে হবে।

সাবা লুরি কিছু কার্যকর উপায়ও জানিয়েছেন।

নিজের মূল্যবোধ নির্ধারণ: কোনো নতুন অভ্যাস শুরু করার আগে জানা জরুরি, আসলে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাবা লুরি বলেন, “প্রথমে লিখে ফেলুন কোন বিষয়গুলো জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, কোন অভ্যাসগুলো গড়ে তুলতে চান এবং এর জন্য কী ধরনের সীমারেখা নির্ধারণ করবেন।”

নিজের মূল্যবোধ পরিষ্কার থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আর নতুন অভ্যাসও দীর্ঘস্থায়ী হয়।

সম্পর্ককে লালন করা: দিন ছোট হয়ে আসলে একাকিত্ব বেড়ে যেতে পারে। তাই শরতে সম্পর্কের বন্ধন জোরদার করা জরুরি।

সাবা লুরি পরামর্শ দেন- প্রতিবেশীদের সঙ্গে মাসে একবার খাবারের আয়োজন করা যেতে পারে, কিংবা বন্ধুদের নিয়ে হাঁটার গ্রুপ তৈরি করা যেতে পারে।

এভাবে পরিকল্পনা করে সময় বের করলে একদিকে যেমন মানসিক স্বস্তি আসে, অন্যদিকে সামাজিক যোগাযোগও মজবুত হয়।

শরীরচর্চা ও নড়াচড়া: অনেকেই শরীরচর্চাকে নতুন বছরের সংকল্প হিসেবে নেন। তবে শরৎকালও এর জন্য উপযুক্ত সময়।

সাবা লুরি বলেন, “প্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটার চেষ্টা করতে হবে। সকালে কিংবা বিকেলের শেষ প্রহরে হাঁটলে একদিকে তাজা বাতাস পাবেন, অন্যদিকে দিনের শেষ আলোয় ভিন্ন স্বস্তি মিলবে।”

এছাড়া শরতের কিছুটা ছোট দিনে সূর্যের আলো কমে আসে। তাই সময় মেপে হাঁটতে পারেন।

নতুন দক্ষতা অর্জন: শরৎকাল শেখার জন্যও চমৎকার সময়। অনেক শিক্ষাকেন্দ্র কিংবা বিনোদনকেন্দ্র শরৎকালে নতুন কোর্স শুরু করে।

সাবা লুরি বলেন, “যদি নতুন কোনো দক্ষতা শেখতে চান বা পুরানো কোনো অভ্যাস ফিরিয়ে আনতে চান, শরৎ সেই উপযুক্ত সুযোগ এনে দেয়।”

নতুন কিছু শেখার পাশাপাশি একই রকম আগ্রহের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগও তৈরি হয়। যেমন- নাচ, গান, ইয়োগা, সাঁতার, কবিতা আবৃত্তির মতো নতুন কিছু এ সময়ে শেখা যেতে পারে।

শরতের রূপান্তরকে গ্রহণ করা: সাবা লুরি পরামর্শ দেন, শরতের পরিবর্তনকে ভয় না পেয়ে বরং এটিকে সচেতনভাবে গ্রহণ করতে হবে।

তার মতে, “যখন শরৎকে ইচ্ছাকৃত এক পরিবর্তনের সময় হিসেবে দেখি, তখন এটি মানসিক স্বস্তি ও নতুন উদ্দীপনার উৎস হয়ে ওঠে।”

তার ভাষায়, “শরতের স্নিগ্ধ হাওয়া ও ভিন্ন আবহ যদি কাজে লাগাতে পারি, তবে তা নতুনভাবে বাঁচতে সাহায্য করবে।”

আরও পড়ুন

সকালের যেসব অভ্যাসে সুস্থ থাকবে দেহ মন

সুখী দেশের তিন অনন্য অভ্যাস

শরীর ও মনে প্রশান্তি ফেরানো চারটি খাওয়ার অভ্যাস

আত্মনিয়ন্ত্রণ নয়, বেছে নিতে হবে অভ্যাস গড়ার পথ