ইট-সিমেন্টের জঙ্গলে মৌসুমি ফুলের সুবাসে
রাস্তার পাশে পথের ধারে বিক্রি হয় ফুল, সেই সুবাসে বাসাবাড়িতে প্রাণ হয় ব্যাকুল।
মৌসুম বদলালে বদলে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারী বা ছোট ছেলেমেয়েদের ঝুড়ির ফুলও।
বর্ষায় কদম; শরতে শিউলি, বকুল, পদ্ম; শীতে গাঁদা আর গ্রীষ্মে বেলি বা দোলনচাঁপা- আলাদা মৌসুমে আসে আলাদা ফুল।
এসব ফুল শহরের আশপাশের গাছ বা ঝিল থেকে তুলে আনেন তারা।
আর সারা বছর মিলবে এমন গোলাপ, রজনীগন্ধা, অর্কিডের মতো ফুল কেনা হয় ফুলের বাজার থেকেই।
সুতায় গেঁথে মালা বা ছোট তোড়া দুভাবেই মেলে মৌসুমি ফুল।
ঋতু বদলের সময়ে ফুল দিয়ে ঘর সাজাতেও ভাসমান বাজার থেকে ফুল কেনেন অনেকে।
মৌসুম বদলায়, বদলায় ফুলের রূপ
মৌসুমের সঙ্গে বদলে যায় ফুলের ধরণ। বর্ষাকালে ভেসে ওঠে কদমের গন্ধ। সাদা পাপড়ির ভেতরে মিষ্টি সোঁদা গন্ধ যেন মনে করিয়ে দেয় বর্ষা এসেছে।
তবে শরতে এসেও কিন্তু মিলছে কদম। অনেক ট্রাফিক সিগনালেই দেখা যায় হাতভর্তি কদম নিয়ে ডাকছে— ‘আপা, কদম নেন!’
শরতের আগমনে আসে আরেক ফুল শিউলি। সাদা আর কমলা রংয়ের ফুলের মালা যেন হেমন্তের হাওয়া এনে দেয় শহরের ঘরে। মাত্র এক রাতের জীবন পায় এই ফুল। আর নিজে নিজেই ঝরে পড়ে গাছ থেকে।
আবার বসন্তের সময় ফুটে ওঠে দোলনচাঁপা, বকুল, পদ্ম কিংবা বেলি। তবে শেষ শরতেও ফোটে গাঢ় গোলাপি পদ্ম।
ফুলের কলি মাঝে রেখে সবুজ পাতা ঘিরে সাজানো হয় পদ্ম ফুলের তোড়া। দেখতে আলাদা ফুলের আবেদন অন্যান্য ফুলের থেকে কিছুটা ভিন্ন।
আবার শরতের শুরুতেই কিছুদিন কাশফুলও বিক্রি হয়েছে কিছু জায়গায়।
এই ফুলগুলো তারা কোথা থেকে পায়? শহরের আশপাশে থাকা গাছ, পার্ক, ঝিল কিংবা সরকারি জায়গায় লাগানো ফুল গাছ থেকেই সংগ্রহ করা হয় বেশিরভাগ ফুল।
যেমন- ধানমন্ডি ৩২ নম্বরে প্রায় ২০টি বকুলগাছ রয়েছে। সারা দিন গাছ থেকে ফুল ঝরে পড়ে, আর সেই ফুল কুড়িয়ে নেয় এলাকার রেশমাসহ কয়েকজন নারী।
রাস্তার পাশে বসেই সেই ফুল দিয়ে মালা বানায় এবং বিক্রি করেন রেশমা।
তার কথা, “এই ফুল কিনতে হয় না সারা দিনই গাছ থেকে ঝরতে থাকা। লেকের পাড়েই থাকি আর ফুল টোকেই।”
এই ফুল সহজে নষ্ট হয় না বা আর ঘ্রাণও থাকা মেলা সময়। একটা মালা ১০ বা ১৫ টেকায় বিক্রি করে- জানার রেশমা।
চন্দ্রিমা উদ্যানের পাশের ট্রাফিক সিগন্যালে পদ্ম আর কদম ফুল বিক্রি করে ১৩ বছরের সোহরাব।
সে বলে, “কদম আর পদ্ম ফুলের রং সুন্দর। দেখতে ভালো লাগে, অনেকেই কেনে। আগে কখনও পদ্ম ফুল সাজাইয়ে বিক্রি করি নাই। এইবারই প্রথম, এই ফুল খুব চলে। সব জায়গায় পাওন যায় না, মেলা কষ্ট কইরা আনি।”
কোথাও পাওয়া যায় জানতে চাইলে বলে, “তা কওন যাইবে না।“
মৌসুমি ফুলে ঘর সাজানোর উপায়
খুব সস্তা অথচ প্রাণবন্ত ফুল দিয়েই ঘরে আনা যায় মৌসুমের আভা। ঘর সাজানোর বিভিন্ন উপায় বলেছেন গৃসজ্জাবিদ গুলশান নাসরিন।
কদম ফুল এখন শুধু বর্ষার ফুল না। বছরের অন্য সময়েও মেলে। ছোট বাটিতে পানি দিয়ে ভাসিয়ে রাখলে ঘরে আসে এক অনন্য সুবাস।
চাইলে কাচের ফুলদানি বা মাটির পাত্রেও রাখা যায়।
শিউলি ফুল বিছানার টেবিলে বা জানালার পাশে ছড়িয়ে রাখলে সকালের বাতাসের সাথে ঘর ভরে যায় এই ফুলের ঘ্রাণে। সাথে জাগে প্রশান্তি।
এই ফুলের ঘ্রাণ খুব কড়া হলেও বেশি সময়ে তাজা থাকে না। যদিও পানিতে ভিজিয়ে রাখলে কয়েক ঘন্টা ঘ্রাণ উপভোগ করা যাবে।
বেলি বা দোলনচাঁপার তোড়া বা মালা জানালার পর্দা বা আয়নার পাশে ঝুলিয়ে কিংবা ফুলদানিতে রাখলে ঘরের ঘ্রাণ থাকে সতেজ।
চাইলে দরজার বাইরেও দোলনচাঁপার তোড়া রাখা যায় এতে সুবাস মিলবে ঘরে প্রবেশের শুরুতেই।
পদ্ম ফুলের তেমন কোনো ঘ্রাণ নেই। তবে ঘরে সৌন্দর্যে যোগ করে বাড়তি কিছু।
গাঢ় গোলাপি রংয়ের ফুল চাইলেই পাওয়া যায় না। মাটির বড় পাত্রে পানি দিয়ে বারান্দায় রাখলে তৈরি হয় আলাদা আমেজ।
ফুলের গন্ধে মানসিক প্রশান্তি
“ফুলের ঘ্রাণ মানসিক স্বস্তি দেয়, উদ্বেগ কমায়” বলেন মনোবিজ্ঞানী নাদিয়া নাসরিন।
তিনি বলেন, “ফুলের উপস্থিতি শুধু নান্দনিক নয়, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ফুল ঘরে রাখলে মেজাজ ভালো থাকে, মানসিক চাপ কমে।”
আরও পড়ুন
