২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে কফিশপ ধাঁচের আড্ডা

স্বল্প সময়ের আড্ডার আয়োজন ঘরেই হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 03:42 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা জমাতে ডিনার পার্টি বা রাতের খাবারের আয়োজন করেন অনেকেই। তবে এখন সময় পাল্টাচ্ছে। ব্যস্ত জীবনে বড় আকারের রান্নাবান্না বা অতিথি আপ্যায়ন সবার জন্যই ক্লান্তিকর হয়ে উঠছে।

তাই পশ্চিমা দেশের মতো আমাদের দেশেও এখন জনপ্রিয় হচ্ছে ক্যাফে-স্টাইল পার্টি। অর্থাৎ নিজের ঘরকে সাজিয়ে তোলা ছোট কফিশপের মতো। যেখানে থাকবে কফি, চা আর নানান রকম বেইকড করা খাবার।

ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত বলছেন, "এই ধরনের আয়োজন কেবল খরচ-ই কম হয় না, বরং অতিথি আপ্যায়নের চাপও কমিয়ে দেয়।"

মানুষ এখন আর আনুষ্ঠানিক রাতের খাবারের টেবিলের বাঁধাধরা পরিবেশে আটকে থাকতে চায় না। বরং কফির কাপে চুমুক দিতে দিতে স্বাভাবিক আড্ডাই হয়ে উঠছে আসল আনন্দ।

যে কারণে জনপ্রিয় হচ্ছে ক্যাফে-স্টাইল পার্টি

কম খরচে আকর্ষণীয় আয়োজন: ডিনার পার্টি মানেই থাকে বড়সড় রান্না, মাংস বা মাছের নানান পদ, সঙ্গে পানীয়র আয়োজন। এতে খরচ যেমন বেশি, সময়ও লাগে অনেক।

অথচ ক্যাফে-স্টাইল আড্ডায় সবচেয়ে দামি জিনিস হয়ত এক কাপ ভালো কফি। বাকিটা হতে পারে সহজ-সরল মাফিন, পাউরুটির কোনো পদ, ঝাল খাবার। আর সাধারণ খাবারকেও যদি সঠিকভাবে সাজানো যায়, তবে অতিথিরা দারুণ আনন্দ পান।

আগে থেকে প্রস্তুত করা যায়: ডিনার বা রাতের খাবারের পার্টিতে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু ক্যাফে-স্টাইল পার্টির বিশেষত্ব হল- বেশিরভাগ খাবার আগেই বানিয়ে রাখা যায়। যেমন- কুকিজ, পাউরুটি দিয়ে তৈরি পদ, কেক, পিৎজা, পুডিং বা মাফিন আগের দিন বানালেই চলে।

এতে আড্ডার সময় আয়োজক নিজেও অতিথিদের সঙ্গে গল্পে মেতে উঠতে পারেন।

সময় মেলানো সহজ: শুক্রবার বা শনিবার রাত কিংবা ছুটির দিনগুলোতে সাধারণত সবারই নিজস্ব ব্যস্ততা থাকে।

তবে বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ক্যাফে আড্ডায় বন্ধুদের সহজেই ডাকা যায়। এতে বন্ধুদের জন্যও সুবিধা হয়। কেউ চাইলে সকালে বাজার কাজ সেরে রাখতে পারেন।

আবার রাতে কোথাও যাওয়ার আগে বেরিয়েও অল্প সময়ের জন্য আসতে পারে।

আরও স্বাভাবিক আড্ডা: এখানে আনুষ্ঠানিকতার চাপ নেই। অতিথিদের বলা যায় এই সময়ের মধ্যে যে কেউ চলে আসতে পারেন, বসতে পারেন কিছুক্ষণ, গল্প করতে পারেন, তারপর আবার কাজে চলে যেতে পারেন। একেবারেই কফিশপের মতো পরিবেশ।

খাবারের ক্ষেত্রে সবার পছন্দের সুযোগ: ডিনার পার্টিতে বহু পদ রান্না করলেও কারও না কারও কোনো না কোনো খাবার পছন্দ হয় না। তবে ক্যাফে আড্ডায় থাকে বিভিন্ন বিকল্প।

গ্লুটেন বা আটা, ময়দা খেতে না পারা অতিথির জন্য ফল, দই বা সালাদের মতো হালকা খাবারও রাখা যায়।

যেভাবে সাজানো যায় নিজের ক্যাফে আড্ডা

ঘরের সজ্জা ও পরিবেশ

আয়োজনটা কেমন হবে তা নির্ভর করে নিজের রুচির ওপর। কেউ চাইলে পুরানো ট্রে, কাচের জগ, নকশা করা টেবিলক্লথ ব্যবহার করে ঘরে আনতে পারেন কটেজ-ধাঁচের সাজ।

আবার কেউ চাইলে একেবারেই সহজ উপায়ে কাগজের সাদা বা বাদামি রংয়ের শিট টেবিলে বিছিয়ে দিতে পারেন।

“অল্প খরচে ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার এটিই সহজ উপায়”- বলেন তাসমিয়া জান্নাত।

সঙ্গে বাজানো যেতে পারে হালকা অ্যাকুস্টিক সংগীত। এতে কফিশপের মতো একেবারেই নিরিবিলি, বন্ধুসুলভ পরিবেশ তৈরি হয়। ঘরে বারান্দা বা ছাদকেও কিন্তু এমন আয়োজনের জন্য বেছে নেওয়া যায়।

খাবারের তালিকা

সবচেয়ে সহজ উপায় হল- এমন খাবার রাখা, যেগুলো খেতে আলাদা প্লেট লাগবে না। মাফিন, কুকিজ বা বিস্কুট, পিৎজা, পাউরুটির পদ এক্ষেত্রে আদর্শ। তবে চাইলে রাখা যেতে পারে দইয়ের সঙ্গে ফল, ওটস পুডিং বা সালাদ।

কফি ও চায়ের আলাদা স্টেশন

কফি বা চা আরও বিশেষ করে তুলতে রাখা যেতে পারে আলাদা কোণায় স্টেশন— যেখানে থাকবে দুধ, ক্রিম, সিরাপ বা টপিংস। অতিথিরা চাইলে নিজের পছন্দমতো বানাতে পারবেন পানীয়।

কাপের আয়োজন

এক কাপ কফি বা চা ছাড়া তো ক্যাফে হয় না। এজন্য অতিথিদের জন্য মজার কিছু মগ ব্যবহার করা যায়।  নানান রংয়ের ও নকশার কাপ, যেগুলো অতিথিরা ব্যবহারের আনন্দ পাবেন।

যে ধরনের খাবার থাকতে পারে

অনেকেই ভাবেন ক্যাফে আড্ডা মানেই কেবল কফি আর বিস্কুট। তবে এখন জনপ্রিয় হয়ে উঠেছে নানান বেইকড খাবার ও সহজ রেসিপি। যেমন-

এসবের বেশিরভাগই একদিন আগে তৈরি করে রাখা যায়। ফলে আয়োজকের কোনো ঝামেলাই থাকে না।

আবার চাইলে এই আয়োজনে থাকতে পারে একেবারেই দেশীয় ফুচিকা, চটপটি, সমুচা শিঙ্গারার মতো পদ।

আরও পড়ুন

বন্ধুত্বের সম্পর্কে শঙ্কার বিষয়

নৈশভোজের আয়োজক হিসেবে যেসব ভুল এড়ানো উচিত

ছুটিতে ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে