০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

গরমে ত্বকের যত্নে দই

স্ক্রাবার থেকে শুরু করে মাস্ক পর্যন্ত এমনকি টোনার তৈরিতে ব্যবহার করা যায় দই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2023, 01:07 PM

Updated : 11 Jun 2023, 01:07 PM

রোদপোড়া বা প্রদাহ, ত্বকের নানান সমস্যা সমাধানে দই ব্যবহার ‍উপকারী।

গরমে আরাম পেতে পানি পানের পরিমাণ বাড়ানোর পাশাপাশি তাজা ফল খাওয়া প্রয়োজন। এসবের পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখার কথা ভুললে চলবে না।

হায়দ্রাবাদের ‘কামিনেনি হসপিটাল’য়ের জ্যেষ্ঠ ত্বক বিশেষজ্ঞ ডা. কুনা রামদাস হেল্থশটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “আর এই সময়ে ত্বকের যত্নে দই ব্যবহার করা বেশ উপকারী।”

স্বাস্থ্যোপকারিতা: দই অত্যাবশ্যকীয় ভিটামিন ও খনিজ যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার। তাই স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের জন্য উপকারী। 

এটা ক্যালসিয়ামের ভালো উৎস যা হাড় ও দাঁত ভালো রাখতে সহায়তা করে।

এতে আছে প্রোবায়োটিক, যা হজমের সমস্যা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

প্রোবায়োটিক প্রদাহ কমায় যা একজিমা ও ব্রণের সমস্যা সমাধানে সহায়ক।

দই প্রোটিনের ভালো উৎস। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। 

ত্বক পরিচর্যায় দই ব্যবহার: ত্বক পরিচর্যার রুটিনে দই যোগ করা যায়। এতে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বক আলতোভাবে এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করে। এর ‘অ্যান্টি মাইক্রোবিয়াল’ উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া দূর করতে সহায়তা করে।

ডা. রামদাস আরও জানান, এতে আছে জিংক যা ত্বকের তেল উৎপাদন কমায় এবং প্রদাহ কমাতে সহায়তা করে। নিয়মিত দই ব্যবহারে ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে ও উজ্জ্বলতা বাড়ায়।

দইয়ের ফেইস মাস্ক

এক টেবিল-চামচ টক দইয়ের সাথে এক চা-চামচ মধু মিশিয়ে মুখে ব্যবহার করতে হবে। শুকানোর জন্য ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এই প্রাকৃতিক ফেইস মাস্ক ত্বক আর্দ্র রাখে এবং প্রদাহ কমাতে সহায়তা করে।

দই ও ওটমিলের বডি স্ক্রাব

সাধারণ দইয়ের সঙ্গে ওটমিল মিশিয়ে, ত্বক এক্সফলিয়েট করতে গোসলের আগে ব্যবহার করতে হবে। এটা ত্বকের মৃত কোষ দূর করে কোমল ও মসৃণ করতে সহায়তা করে।

দই ও শসার আই মাস্ক

একটা শসা কুচি করে এক টেবিল-চামচ টক দই মেশাতে হবে। মিশ্রণটি চোখের চারপাশে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

ডা. রামদাস বলেন, “এই মাস্ক চোখের ফোলাভাব ও কালচে দাগ দূর করতে সহায়তা করে।”

দই ও লেবুর রসের টোনার

এক টেবিল-চামচ টক দইয়ের সঙ্গে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে একটা তুলার বলের সাহায্যে মুখ মুছে নিতে হবে। এটা ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য বজায় রাখে ও তৈলাক্তভাব কমায়।

রোদপোড়াভাব কমাতে দই ও অ্যালো ভেরা

সাধারণ দইয়ের সঙ্গে অ্যালো ভেরার জেল মিশিয়ে রোদপোড়া ত্বকে ব্যবহার করতে হবে। এটা ত্বকের প্রদাহ কমাতে ও মসৃণভাব আনতে সহায়তা করে। 

দই অধিকাংশ মানুষের জন্যই নিরাপদ। তবে অনেকের আবার এতে অ্যালার্জি থাকে। সেক্ষেত্রে দইয়ের ব্যবহার এড়িয়ে চলাই ভালো।

অনেকের দুধের তৈরি পণ্যে অ্যালার্জি বা সংবেদনশীলতা থাকে। সেক্ষেত্রে এটা ব্যবহার না করাই উচিত হবে। অন্যথায়, ত্বকের জ্বলুনি বা অ্যালার্জির প্রকোপ দেখা দিতে পারে।

আরও পড়ুন

পুরানো খবর:

গরমে ত্বকের সমস্যা কমানোর মাস্ক
গরমে আর্দ্র থাকার খাবার
গরমে ত্বকের যত্নে যেসব ভুল করা যাবে না