আইড় মাছ ও চালকুমড়ার ঝোল
অল্প মসলায় রান্না সুস্বাদু ও সহজপাচ্য পদ।
রেসিপি দিয়েছেন ফারাহ তানজীন সুবর্ণা
উপকরণ: আইড় মাছ ৬ টুকরা (সঙ্গে লেজ আর মাথাও নিতে পারেন)। চালকুমড়া অর্ধেক (অবশ্যই কচি হতে হবে)। পেঁয়াজ ১টি (কুচি)। জিরা (আস্ত) ১ চা-চামচ। ধনেগুঁড়া আধা চা-চামচ। হলুদগুঁড়া ১ চা-চামচ। লবণ স্বাদ মতো। কাঁচামরিচ ৪,৫টি। ধনেপাতা ১ টেবিল-চামচ (কুচি)। তেল ৩ টেবিল-চামচ।
* বাজার থেকে গায়ে হুল আছে, এমন কচি চালকুমড়া কিনবেন, নয়ত তরকারি সুস্বাদু হবেনা।
পদ্ধতি: আইড় মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখুন। চালকুমড়ার খোসা ফেলে লম্বালম্বি চার ফালি করে ত্রিভুজাকারে পাতলা করে কেটে নিন।
এবার প্যান গরম করে আস্ত জিরা টেলে তুলে রাখুন। একই প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা তৈরি করে তুলে রাখুন। লক্ষ রাখবেন যেন পুড়ে না যায়।
এখন এই তেলেই লবণ আর হলুদ মাখানো মাছ এবং ধনেগুঁড়া দিয়ে কষিয়ে নিন। প্রয়োজনে অল্প পানি দিতে পারেন। যারা কষানো মাছ খেতে পারেন না তারা মাছ হালকা করে ভেজে নিয়ে তারপর কষাতে পারেন।
মাছ কষানো হয়ে গেলে তুলে রাখুন আর কেটে রাখা চালকুমড়াগুলো দিয়ে দিন। সঙ্গে দিন প্রয়োজন মতো হলুদ ও লবণ। কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
কচি চালকুমড়া হলে গায়ের পানিতেই সিদ্ধ হয়ে যাবে। প্রয়োজনে অল্প গরম পানি দিতে পারেন। চালকুমড়া মজে এলে কষানো মাছগুলো ও প্রয়োজন মতো ঝোলের পানি দিয়ে দিন। সঙ্গে দিন ফালি করা কাঁচামরিচ।
এবার টেলে রাখা জিরা আর পেঁয়াজের বেরেস্তা মিহি করে বেটে মিশিয়ে দিন তরকারিতে। ধনেপাতা-কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন।
