পুরান ঢাকার ইফতারি
স্বাস্থ্যকর নয় জানা কথা তারপরও মন মানে না।
একটা জিলাপি এক কেজি, আস্ত মুরগির রোস্ট, বড় বাপের পোলায় খায় বা সুতিকাবাব— এই ধরনের ইফতারি মানেইতো চকবাজার।
বাঙালির রসনা তৃপ্তিতে পুরান ঢাকার এসব ইফতারি একবারের জন্যেও মুখে তুলেন এরকম মানুষ হয়ত কমই আছেন। দুপুর ১২টার পর থেকে শুরু হয় ইফতারি বিক্রির আয়োজন। চলে ইফতারের আগ পর্যন্ত।
দরদাম
প্রথমেই আসা যাক কাবাবের কথায়। ইফতারিতে ভিন্ন ভিন্ন স্বাদের কাবাব চেখে দেখতে পুরান ঢাকায় যাওয়া ছাড়া বিকল্প নেই। জালি-কাবাব, টিকা-কাবাব, সুতি-কাবাব ইত্যাদি লোভনীয় খাবারে ভরপুর থাকে পুরান ঢাকার ইফতারি বাজার।
জালি-কাবাবের দাম ৪০ থেকে ৫০ টাকা, খাসির কাবাব ৫০ টাকা, টিক্কা ৪০ টাকা এবং সুতি-কাবাবের দাম প্রতিটি ১২৫ টাকা। এছাড়া গরু ও খাসির এক কেজি সুতি-কাবাবের দাম পড়বে ৫শ’ টাকায়।
রমজান মাসে পুরান ঢাকায় ইফতারি করতে গিয়েছেন অথচ ‘বড় বাপের পোলায় খায়’ নামক পদের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।
প্রায় ৭৫ বছর ধরে প্রচলিত এই পদ পুরান ঢাকার ইফতারির অন্যতম আকর্ষণ হিসেবে সমাদৃত হয়েছে। তৈরিতে ডিম, আলু, গরুর কলিজা, সুতি-কাবাব, মুরগির মাংসের কুচি ও কিমা, চিড়া, বুটের ডাল, ঘি, কাঁচা ও শুকনা মরিচসহ বিভিন্ন ধরনের মসলা ব্যবহৃত হয়ে থাকে।
তবে খোলা জায়াগায় এভাবে অনেকগুলো পদ একসঙ্গে মাখিয়ে বিক্রি করাটা বেশ অস্বাস্থ্যকরই মনে হল।
এই পদ চেখে দেখতে উত্তরা থেকে বন্ধুদের নিয়ে ছুটে এসেছেন ভার্সিটি পড়ুয়া ক্রেতা আদিব হাসান।
তিনি বলেন, “পুরান ঢাকার এই বিশেষ পদের ইফতারির নামডাক শুনেছি। তবে এখানে এসে দেখার পর এই আইটেম খুব একটা অভিনব হবে বলে মনে হলনা।”
পুরান ঢাকার এই বিখ্যাত ইফতারি প্রতি কেজি জায়গা ভেদে বিক্রি হচ্ছে ৪শ’ থেকে ৬শ’ টাকায়। তবে তুলনামূলক কম পদ দিয়ে তৈরি ‘বড় বাপের পোলায় খায়’ পাওয়া যাবে প্রতি কেজি ৩শ’ টাকায়।
ইফতারে যারা ভারি খাবার খেতে চান তাদের জন্য রয়েছে মুরগি ফ্রাই রোস্ট, খাসির রানসহ আরও নানান পদের লোভনীয় খাবার। প্রতি টুকরা মুরগির ফ্রাইয়ের দাম ২৫০ টাকা এবং রোস্ট ৩শ’ টাকা।
মুরগি ছাড়া খাসি বা গরুর মাংস খাওয়ার সাধ হলে, খাসির রান কিংবা গরুর রোস্ট তো আছেই। এক্ষেত্রে গরুর রোস্টের দাম ৩শ’ টাকা এবং খাসির রান বা খাসির লেগ রোস্ট নামের আইটেমের দাম ৪শ’ থেকে ৬শ’ টাকা।
পুরান ঢাকার খাসির হালিম বেশ জনপ্রিয়। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল প্রতি বাটি খাসির হালিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৩৫০ টাকায়। মাটির পাত্রে ওই হালিমের স্বাদ নিতে চাইলে অপেক্ষা করতে হবে লম্বা লাইনে।
ইফতারের অন্যান্য পদের মধ্যে শাহিজিলাপির বেশ নামডাক রয়েছে। বড় চাকতি আকৃতির শাহিজিলাপির দাম কেজি প্রতি ১২০ থেকে ১৬০ টাকা। এছাড়া ছোট জিলাপি প্রতি কেজি ১২০ টাকা এবং রেশমি নামক এক প্রকারের জিলাপি প্রতি কেজি ২১০ টাকায় বিক্রি হচ্ছে।
যারা পরোটা খেতে ভালোবাসেন তারা সুস্বাদু কিমাপরোটা কিনে নিতে পারেন। এক্ষেত্রে গরু, মুরগি এবং খাসির কিমা পরোটাগুলোর দাম প্রতি পিস ৪০ থেকে ৪৫ টাকা। এছাড়া সাধারণ পরোটা পাওয়া যাবে ৩০ টাকায়।
বিভিন্ন ফলের রস দিয়ে তৈরি পানীয় ছাড়াও সারাদিন রোজা রেখে তৃষ্ণার্ত ব্যক্তিদের জন্য রয়েছে দুধ থেকে তৈরি বিশেষ পানীয় ‘লাবাং’। ছাড়াও আছে লাচ্ছি এবং বিভিন্ন ধরনের শরবত।
এগুলোর মধ্যে লেবুর শরবত আধা লিটার ৫০ টাকা, এক লিটার ১শ’ টাকা এবং দুধের শরবত আধা লিটার ১শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লাচ্ছি প্রতি গ্লাস ৩০ থেকে ৫০ টাকা এবং লাবাং প্রতি লিটার ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। দইবড়ার দাম প্রতি বাটি ১৫০ থেকে ২শ’ টাকা।
যারা ইফতারে ফলমূল খেতে চান তাদের জন্য পেঁপে, আনারস, তরমুজ এবং সাগরকলাসহ অন্যান্য ফল-ফলাদি তো থাকছেই। এক্ষেত্রে এক টুকরা পেঁপে ১শ’ থেকে ১২০ টাকা, আনারস ৫০ থেকে ১শ’ টাকা এবং তরমুজ ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
আর যারা ইফতারি বা পরে ভারি খাবার খেতে চান তাদের জন্য থাকছে মোরগ পোলাও, তেহারি, কাচ্চি, মুরগি টিক্কা, মাছের কোপ্তা, দই বড়া, কবুতর ও কোয়েলের রোস্ট। আর মতো পুরান ঢাকার বিখ্যাত বিরিয়ানি তো রয়েছেই।
ইফতার করতে কোথায় যাবেন?
তবে রোজার দিনে দুপুরের পর থেকেই এসব দোকানগুলোতে বিকিকিনি শুরু হয়। আসরের নামাজের পরপরই কেনাবেচা এতটাই বেড়ে যায় যে মাঝে মধ্যে পুরো রাস্তা জ্যামে বন্ধ হয়ে যায়। তাই ইফতারের জন্য পুরান ঢাকায় যেতে হলে এই বিষয় মাথায় রাখতেই হবে।
