২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রদর্শনী

এক্সপ্রেশন্স অব আর্ট - এ গ্রুপ শো অব ফিফটিন কনটেম্পরারি আর্টিস্ট অব বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 06:05 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

পনেরো জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। সীমান্ত বেড়ায় ভাগ হওয়া দুই বাংলার প্রতিনিধি তারা। তবে শিল্পচর্চা এক সুঁতায় গাঁথতে পেরেছে তাদের।

ঢাকার জয়নুল আর্ট গ্যালারিতে আয়োজিত এক শিল্প প্রদর্শনী এমনিভাবে জোড়া লাগিয়েছে দুই বাংলার শিল্পীদের। ব্যক্তিগত ভাবনা, রাজনৈতিক চেতনা, বিশ্বজনীন অস্থিরতা, সত্য-শুদ্ধ মানবিক সম্পর্ক এমনি সব বিষয়কে মূর্ত-বিমূর্তভাবে তেল আর অ্যাক্রেলিকে ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পীরা আর সিরামিক ও নানাধরনের ধাতুর সহায়তায় কাঠামো দিয়েছেন ভাস্কররা।

‘এক্সপ্রেশন্স অব আর্ট - এ গ্রুপ শো অব ফিফটিন কনটেম্পরারি আর্টিস্ট অব বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া’ শিরোনামে সমকালীন শিল্পীদের এই প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে।     

অ্যাক্রেলিক আর তেল রং এর ব্যবহারে ক্যানভাস রাঙিয়েছেন তেরোজন। আর ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে দু’জন শিল্পীর। বাংলাদেশের অসীম হালদার সাগর ও ভারতের গৌতম আচার্য্য’র। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর করা নাজিয়া মাসুদ খানের অ্যাক্রেলিকে করা কাজগুলোতে শক্তিশালী রংয়ের ব্যবহার লক্ষ করা যায়। ছয়টি ভিন্ন ভিন্ন অবস্থান ও আলোর ব্যবহারে করা নাজিয়ার কোলাজটিও সমকালীন বিভিন্ন ঘটনার কারণে হলেও নজর কাড়বার মতো।    

“মুলত আদম-ইভের সেই মিথ থেকেই আমার কাজের প্রেরণা পেয়েছি। সমাজে যে বৈচিত্র্য আছে, তা কিন্তু  বিশ্বজনীন। আর সেটাই ক্যানভাসে তুলে ধরতে চেয়েছি। তবে মেয়েদের মুখ বা পোর্ট্রেট নিয়ে কাজ করেছি কেনো, এটা আলাদাভাবে বলতে পারবো না। আমি নিজেও একজন মেয়ে তাই হয়তোবা। তাছাড়া এখন যে সব ঘটনার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে তাও হয়তোবা সচেতন বা অসচেতনভাবে প্রভাব ফেলেছে কাজের মধ্যে।“

এছাড়া ‘রিয়েলিটি শো’ শিরোনামে তরুণ শিল্পী আনিসুজ্জামান মামুনের কাজগুলো বেশ সাড়া ফেলেছে এমনটাই দেখা গেলো গ্যালারি ঘুরতে আসা সবার মাঝে। পাশাপাশি ‘বিয়ন্ড দা ডার্কনেস’ শিরোনামের সোমা ঘোষের কাজে রংয়ের ব্যবহার চোখে পড়বার মতো। তবে অন্যদের কাজগুলোও কোনোভাবেই উপেক্ষা করবার মতো নয়।

শিল্পের সবচেয়ে শক্তিশালী জায়গা হলো মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারা। এক্ষেত্রে শিল্পের ভূমিকা যোগাযোগ মাধ্যমগুলো থেকে ভিন্ন হলেও অনেক বেশি প্রাঞ্চল। প্রদর্শনী ঘুরতে গিয়েও দেখা গেলো বর্তমান সময়ের জনপ্রিয় আলোকচিত্র কৌশল সেলফির প্রভাব। নিজের পছন্দের কাজের সঙ্গে কিংবা চোখে লাগা রংয়ের ঘনঘটায় নিজেকে ফ্রেমবন্দী করছেন অনেকেই। কথা হলো এমনি একজন রায়হান শুভ’র সঙ্গে।

“হয়তো আমি কখনও এত সুন্দর ছবি আঁকতে পারবো না, তাই বলে তো আর আমি মুখ গোমড়া করে বসে থাকবো না। আমার হাতে মোবাইল আছে, সঙ্গে একটা ক্যামেরাও আছে। তাই পছন্দের কাজগুলোর সঙ্গে নিজের ছবি তুলে নিয়ে যাচ্ছি। আর ছবিগুলো বাবাকে দেখালেও বেশ খুশি হবে।”  

শিল্পীদেরই একটি সংগঠন বা দল হিসেবে পরিচিত  ‘আঁকিয়ে’ এই প্রদর্শনির আয়োজক। প্রদর্শনীতে অংশ নেওয়া  বাংলাদেশি শিল্পীরা হলেন – আনিসুজ্জামান মামুন, অসীম হালদার সাগর, মুহাম্মদ মেহেদি হাসান, নাজিয়া মাসুদ খান, পীযূষ কান্তি সরকার, প্রবাল কুমার সাহা, সাইফুল হক, শান্তনু ধর, সুব্রত দাস, সুদীপ্ত মল্লিক সুইডেন, সুনীল কুমার পথিক ও উত্তম কুমার তালুকদার।

ভারত থেকে এসেছেন রীনা মুস্তাফি, সীমা ঘোষ ভট্টাচার্য্য ও গৌতম আচার্য্য।

১৫ই মে শুরু হওয়া এই শিল্পকলার প্রদর্শনী চলবে আগামী ২১শে মে পর্যন্ত। আর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই আয়োজন।

জয়নুল আর্ট গ্যালারির ঠিকানা: চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা – ১০০। 

ছবি: ফায়হাম ইবনে শরীফ।