২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিসাইক্লিস্টের বয়স চার

জন্মদিন উপলক্ষ্যে থাকছে সাইকেল র‌্যালি ও ছবির প্রদর্শনী।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 01:50 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বিডিসাইক্লিস্টের চতুর্থ জন্মদিন উপলক্ষ্যে ১৫ই মে শুক্রবার ‘জাঁকজমকপূর্ণ বার্থ ডে রাইডের আয়োজন করেছে বাংলাদেশের এই বাইসাইকেল সংগঠন।

সকাল আটটায় মানিক মিয়া অ্যাভনিউ থেকে শুরু হয়ে এই র‌্যালি ফার্মগেট - কাওরান বাজার - শাহবাগ - এলিফ্যান্ট রোড - সায়েন্স ল্যাব মোড় - সিটি কলেজ - জিগাতলা - ধানমন্ডি ১৫/এ - শঙ্কর - ধানমণ্ডি ২৭ হয়ে মানিক মিয়ায় এসে শেষ হবে।

যারা এই র‌্যালিতে অংশ নিতে ইচ্ছুক তাদের সকাল সাড়ে সাতটার মধ্যে মানিক মিয়া অ্যাভনিউতে রিপোর্টিং করতে হবে। র‌্যালিতে অংশ নেওয়ার নিয়মের মধ্যে আছে—

- ওভারটেক করা যাবে না। এটি গ্রুপ রাইড। শহরের মধ্যে হবে, ধীর গতিতে। তাই অযথা ওভারটেক করে অন্যকে বিরক্ত করা যাবে না। কোনো ধরনের ঝামেলা বা দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে।

- রাইড চলার সময়ে কোনো রকমের স্টান্ট করা যাবে না।

- যে কোনো প্রকারে মেয়ে রাইডারকে উত্যক্ত / টিজ করলে কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। ইভ টিজিংয়ের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ থাকবে।

- পড়ে আসুন যত রঙিন পোশাক, হতে পারে তা মজার।

- বিডিসাইক্লিস্টের নতুন টিশার্ট থাকলে অবশ্যই তা পরে আসবেন।

- ফেইস পেইন্টিংও করতে পারেন। থাকতে পারে মাস্ক অথবা অভিনব কিছু!

- বাঁশি (ভুভুজেলা নয়)।

- তৈরি থাকুন ঢাক-ঢোল, ব্যান্ড পার্টির বাজনার সঙ্গে নাচ-গানের জন্য, ঘোড়ার গাড়িও থাকবে।

- অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখুন।

এছাড়া একই দিন বেলা তিনটা থেকে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দৃক গ্যালারিতে আয়োজিত এই ছবি প্রদর্শনী চলবে ১৬ই মে পর্যন্ত।

টাইমলাইন ফটোগ্রাফি এক্সিবিশন শিরোনামের এই প্রদর্শনীতে থাকছে বেস্ট সেলফি প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় স্মার্ট ফোন।

বিস্তারিত জানা যাবে নিচের দুটি লিংকে।

https://www.facebook.com/events/1024926997519447/

https://www.facebook.com/events/1581042135478511/

- বিজ্ঞপ্তি।