২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখি আয়োজন ৩

শুধু পান্তা-ইলিশ নয়, বাংলা নববর্ষে চলুক হরেক রকম খাবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 04:03 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

প্রবাসি বাঙালিরাও বাংলা নববর্ষের প্রথম দিনে নানান আয়োজনে মাতেন। রান্না হয় হরেক রকম খাবার। তেমনি একজন বাঙালি প্রবাসী ফারহানা রহমান সুদূর অস্ট্রেলিয়া থেকে রেসিপি দিয়েছেন।

এইবার তার নববর্ষ হবে মোরগ পোলাও, পিঠা, আমের লাচ্ছি আর নাড়ু দিয়ে।

মোরগ পোলাও

Image
মোরগ পোলাও

মোরগ পোলাও

উপকরণ: মুরগি ১ কেজি (চামড়া ছাড়িয়ে ছয় টুকরা করে কেটে নেওয়া)। পোলাওয়ের চাল ১ কেজি। টকদই আধা কাপ। চিনি ২ টেবিল-চামচ। পেঁয়াজ ৩টি। বড় রসুনের ৯-১০টি কোয়া। আদার টুকরা ৩ ইঞ্চি। তেজপাতা ৩টি। এলাচ ৬টি। দারুচিনি ৬টি। লবঙ্গ ২টি। গোলমরিচ ৫টি। জায়ফলগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। ঘি আধা কাপ। সয়াবিন তেল ১/৪ কাপ। গুঁড়াদুধ আধা কাপ। চিকেন স্টক ২ টেবিল-চামচ। আলুবোখারা ৩টি। আস্ত কাঁচামরিচ ১৫টি। আস্তজিরা আধা চা-চামচ। লবণ স্বাদমতো । ২ কেজি পরিমাণ গরম পানি (চালের দুই গুণ)।

পদ্ধতি: প্রথমেই পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে বেটে নিন। এবার এখান থেকে ১ চা-চামচ মসলা নিয়ে মুরগিতে মাখানl টক দই, চিনি, জিরাগুঁড়া, জয়ফলগুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে মুরগি ২০ মিনিট রেখে দিন। তেল ও ঘি একসঙ্গে মেশান।

একটি পাত্রে তেলের মিশ্রণের অর্ধেকটা দিয়ে দিন। এবার ২টি তেজপাতা, ৩টি এলাচ, এক টুকরা দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে ভাজুন। পেঁয়াজ-রসুনের ওই মিশ্রণ দুই চা-চামচ রেখে বাকিটা দিয়ে কষিয়ে নিন।

একটু কষিয়ে মুরগি দিন। ঢেকে দিয়ে কষিয়ে কষিয়ে মুরগি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। প্রয়োজনে একটু পানি দিন। হয়ে গেলে একটু ঝোলসহ নামিয়ে নিন।

এবার একটি বড় পাত্রে বাকি তেলের মিশ্রণ দিয়ে আস্ত জিরা দিন। বাকি গরমমসলা ও বাটামসলা দিয়ে একটু ভেজে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। চিকেন স্টক ও অল্প লবণ দিন।

এবার গরম পানি ঢেলে গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে ঢেকে দিনl চাল আধা সেদ্ধ হলে রান্না করা মুরগি ও আলুবোখারা মিশিয়ে দিনl লবণ চেখে দেখুনl সব ঠিক থাকলে কাঁচামরিচগুলো মাঝখালে ভেঙে পোলাওয়ের সঙ্গে দিয়ে দিন।

এবার অল্প আঁচে চাল ভালোভাবে ফোটা পর্যন্ত দমে রাখুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

দুধ খেজুর পিঠা

Image
দুধ খেজুর পিঠা

দুধ খেজুর পিঠা

উপকরণ

খামিরের জন্য: ময়দা আধা কাপ। তরল দুধ আধা কাপ। লবণ ১ চিমটি। ডিম ১টির অর্ধেক। পাউরুটি ১ টুকরার সাদা অংশের অর্ধেক। ঘি ২ টেবিল-চামচ।

সিরার জন্য: চিনি ১ কাপ। পানি ১ কাপ। এলাচ ২টি।

অন্যান্য: আলাদা ভাবে ২ কাপ দুধ। ২ টেবিল-চামচ চিনি।

পদ্ধতি: প্রথমেই সিরা তৈরি করতে হবে। পানি, চিনি, এলাচ একসঙ্গে জ্বাল দিয়ে খুব পাতলা করে সিরা বানাতে হবে।

অন্যপাত্রে দুধ গরম করে, চুলাতেই দুধের ভেতর ময়দা এবং লবণ দিয়ে রুটির খামিরের মতো করে খামির বানাতে হবে। এবার চুলা বন্ধ করে দিন।

খামির একটু ঠাণ্ডা হলে ঘি, ডিম, পাউরুটি মিশিয়ে খুব নরম করে খামির বানিয়ে ফেলুন। যতক্ষণ না খামিরের আঠালো ভাব না যাবে ততক্ষণ মথতে হবে।

এবার ছোট আকারের বল বানিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে ইচ্ছেমতো নকশা করুন। খইচালা বা, ঝাকা বা, খাবার ঢেকে রাখার প্লাস্টিকের ফুটা ফুটা কাভারে তেল লাগিয়ে চ্যাপটা বলগুলো চেপে চেপে নকশা করে নিতে পারেন বা সাজের মধ্যে দিয়ে নকশা করতে পারেন।

এবার অল্প তাপে ডুবো তেলে, লাল করে ভেজে নিন নকশা করা পিঠাগুলো। ভাজা হয়ে গেলে, কুসুম গরম সিরাতে ছেড়ে দিন। তিন ঘণ্টা অপেক্ষা করুন। এরপর দুই কাপ দুধ জ্বাল দিয়ে ঘন করে ১ কাপ করে নিন। সঙ্গে ২ টেবিল-চামচ চিনি মিশিয়ে দিন।

চুলা বন্ধ করে এবার পিঠাগুলো সিরা থেকে তুলে নিয়ে ওই জ্বাল দেয়া দুধ-চিনির মিশ্রণে দিয়ে ঢেকে রাখুন। পরিবেশনের সময় পিঠার উপর দুধের সর দিয়ে পরিবেশন করুন।

আম লাচ্ছি

Image
আম লাচ্ছি

আম লাচ্ছি

উপকরণ: টক দই ১ কাপ। আম ১টি টুকরা করে কাটা। কনডেন্সড মিল্ক ৩ টেবিল-চামচ। বরফের টুকরা।

পদ্ধতি

সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নিন। যদি মনে হয় আরেকটু মিষ্টি দরকার তাহলে আরও চিনি দিতে পারেন। মিশ্রণ হয়ে গেলে পরিবেশন করুন কিংবা ফ্রিজে রেখে দিন।

খাওয়ার আগে বের করে পরিবেশন করবেন। ঠাণ্ডা খেতে দারুণ লাগে এই লাচ্ছি।

এখানে একজনের পরিমাণ দেওয়া হয়েছে। বেশি মানুষ হলে উপকরণের পরিমাণ আরও বাড়িয়ে দিলেই হবে।

বৈশাখি আয়োজন ১

বৈশাখি আয়োজন ২

বৈশাখি আয়োজন ৪