২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্যের গান গাই

বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামরুন নাহার সুমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 03:20 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

এই ‘ডিজিটাল যুগে’ কবি কাজী নজরুল ইসলামের কথা কে-ইবা মনে রাখেন। ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’— কথাগুলো প্রতিবছর মনে করিয়ে দিতেই হয়ত পালিত হয় নারী দিবস। দিনটির মাধুর্য আলাদাভাবে ফুটিয়ে তুলতে বেগুনি রংয়ের পরশ দেওয়া হয়েছে।

নারী ও পুরুষের সমতার সঙ্গে জড়িত দুই মূল্যবোধ ‘ন্যায়বিচার ও মর্যাদা’ প্রতীক এই রং।

এ সম্পর্কে ব্র্যাক ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী রাবেয়া তাফসির রুধি বলেন, “বিশেষ দিনে নির্দিষ্ট রংয়ের পোশাক পরতে ভালো লাগে। তাছাড়া দিনটির সঙ্গে একত্বতা প্রকাশ করতেও বেগুনি রংয়ের পোশাক পরার চেষ্টা করি।”

৮ মার্চ বাংলাদেশসহ সারাবিশ্বে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন করা হয়। এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘এমপাওয়ারিং উইমেন, এমপাওয়ারিং হিউম্যানিটি: পিকচার ইট!’

Image
‘জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহান।’ মডেল: অনন্যা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহান।’ মডেল: অনন্যা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শত বছরেরও বেশি সময় ধরে পালন করা হচ্ছে নারী দিবস। তবে অধিকার আদায়ের লড়াই চলছে এখনও।

সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও স্বাস্থ্যসহ অনেক ক্ষেত্রেই নেতিবাচক পরিস্থিতির শিকার হচ্ছে নারীরা।

এ সম্পর্কে দাতব্য প্রতিষ্ঠান ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’য়ের জনস্বাস্থ্য কর্মী আসফিয়া আজিম বলেন, “ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সুবাধে কর্মস্থলে নারী হিসেবে আমাকে তেমন বাধার সম্মুখীন হতে হয় না। তবে কাজের খাতিরে অনেক রাতে বাসা থেকে বের হলে বা কাজ শেষে একটু রাত করে বাসায় ফিরলে প্রতিবেশীরা বিষয়টি স্বাভাবিকভাবে নেন না। ফলে কর্মক্ষেত্রে সমস্যায় না হলেও পারিপার্শ্বিক বাঁধার বিষয়টি থেকেই যায়।”

তাছাড়া পোশাক নিয়েও আছে নানান সমস্যা।

“অনেক সময়ই সরকারি অফিস, বস্তি বা গ্রামাঞ্চলে কাজ করতে যেতে হয়। তখন কাজ করতে সুবিধা হবে এবং পরতে আরামদায়ক বলে জিন্স, শার্ট বা টি-শার্ট পরি। যা মানুষ স্বাভাবিকভাবে নেয় না এবং বিভিন্ন কটু মন্তব্যও করেন।” বলেন আজিম।

আমাদের দেশের নারীরা স্বাস্থ্যের দিক থেকেও বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন।

এ সম্পর্কে আজিম বলেন, “দেশের প্রায় এক-তৃতীয়াংশ নারী অপুষ্টিজনিত সমস্যায় এবং ৭০ শতাংশ নারী রক্তস্বল্পতায় ভুগছেন।”

এর কারণ হিসেবে তিনি বলেন, “বিয়ে, গর্ভধারণ, বাচ্চা নেওয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মেয়েদের পরিবর্তে পরিবারের অন্য সদস্যরা নিয়ে থাকেন। ফলে বাল্যবিবাহ, অকালে গর্ভধারণের মতো ঘটনার কারণে মেয়েরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না।”

বর্তমানে বংলাদেশে নারীরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে কাজ করছেন। তবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় পদগুলোতে নারীদের অনুপস্থিতি চোখে পড়ার মতো।

এক্ষেত্রে আজিম বলেন, “জুনিয়র পদে অনেক মেয়েরা কাজ করলেও, দেখা যায় গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীরা তেমনভাবে নেই।”

এই বিষয়কে অনেকেই পুরুষ শাসিত সমাজের নেতিবাচক প্রভাব হিসেবে দেখেন। এক্ষেত্রে আসফিয়া আজিম পুরুষদের একচেটিয়াভাবে দোষ দিতে নারাজ।

তার মতে, “সিদ্ধান্ত গ্রহণ করার মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে নারীদেরই নিজেদেরকে তৈরি করে নিতে হবে।” 

ইন্টারনেট, ভাইবার, ফেইসবুক, সেলফি আর স্মার্টফোন ব্যবহার করেও আমরা আজও কি ‘স্মার্ট’ হতে পেরেছি?

ইডেন কলেজের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্রী রেহনুমা পারভিন রুম্পা বলেন, “বাসে বা রাস্তায়- ভিড়ের সুবিধা নিয়ে অনেকেই ইচ্ছাকৃত গায়ে হাত দেয় বা ধাক্কা দেয়। যা বেশ অপমানজনক।”

তাছাড়া বাসে আলাদা করে ‘মহিলা সিট’ রাখাকেও তিনি ভালোভাবে নেন না। কারণ সিটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ির ইঞ্জিনের উপর হয় বলে বসা যায় না। আর এতে করে নারীদেরকে ‘দুর্বল’ বিবেচনা করা হয় বলে মনে করেন এই ছাত্রী।

Image
‘নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি-প্রাণ, যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।’ মডেল: অনন্যা এবং ইমু। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘নারীর বিরহে, নারীর মিলনে নর পেল কবি-প্রাণ, যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।’ মডেল: অনন্যা এবং ইমু। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এক্ষেত্রে অভিনেতা সুমন পাটোয়ারির বিদ্রুপাত্বক ‘ডায়লগ’ই হয়ত মানানসই “দেশে নারীঅধিকার কতটুকু তা বোঝার জন্য বেশি দূরে যেতে হয় না, যেকোনো বাসের মহিলা আসনের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়।”

প্রতিটি ক্ষেত্রেই সমাজের এ রকম আচরণের নেতিবাচক প্রভাব পড়ছে নারীদের মানসিকতার উপর।

এ সম্পর্কে ‘ইনার ফোর্স’ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও মনোবিজ্ঞানী ফরিদা আক্তার বলেন, “রাস্তাঘাটে টিজিংয়ের শিকার হওয়ার কারণে মেয়েরা নিজেদেরকে ছোট ভাবে, তাদের আত্মসম্মানবোধ কমে যায়। একটা পর্যায়ে তারা মেয়ে হওয়াটাকেই সমস্যা মনে করে।”

তার মতে, ফলে অনেক সময়ই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লক্ষ্য খুঁজে পায় না। আবার লক্ষ্য খুঁজে পেলেও তা পূরণের জন্য অনেক বাধার সম্মুখীন হয়।

অন্যদিকে মেয়েরা ইভটিজিং বা আপত্তিকর ঘটনার প্রতিবাদ করুক, অনেক পরিবারই চায়না। ‘সমাজের মুখরক্ষার্থে’ চুপ থাকাকেই শ্রেয় মনে করেন তারা। যা মেয়েটির মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এ ব্যাপারে ফরিদা আক্তার বলেন, “উৎসাহ না দিলে মেয়েটির আত্মবিশ্বাসের ঘাটতি ও নিরাপত্তাজনিত সমস্যায় ভুগতে পারে। ফলে মেয়েটি নিজেকে একটি ছোট গণ্ডিতে আবদ্ধ করে ফেলতে পারে।”

তিনি আরও বলেন, “কম বয়সে বিয়ে বা পড়ালেখা ছেড়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। এক্ষেত্রে পরিবারই মেয়েটির বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

এ ধরনের সামাজিক ও মানসিক সমস্যা মোকাবেলায় পরিবারকেই এগিয়ে আসতে হবে। পরিস্থিতি মোকাবেলায় তিনি কিছু পরামর্শ দেন।

১। পরিবারের সঙ্গে সব ধরনের কথা ‘শেয়ার’ করার মতো পরিবেশ রাখতে হবে।

২। পরিবারের ছেলে শিশুর পাশাপাশি মেয়ে শিশুকেও ছোটবেলা থেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে।

৩। মেয়েকে একা বাইরে যাওয়ার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে প্রথমে পরিবারে কোনো সদস্য থাকতে পারেন। তারপর তাকে একাই চলার সাহস যোগাতে পারেন। এতে ঘরের বাইরের পৃথিবীকে সে নিজেই সামলাতে শিখবে।

Image
‘যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু উড়াও সে আবরণ! দূর করে দাও দাসীর চিহ্ণ, ঐ যত আবরণ!’ মডেল: অনন্যা, ইমু, অরূপা এবং বিনি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু উড়াও সে আবরণ! দূর করে দাও দাসীর চিহ্ণ, ঐ যত আবরণ!’ মডেল: অনন্যা, ইমু, অরূপা এবং বিনি। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৪। তাছাড়া অনেক পরিবারেই বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলোতে দেখা যায় নারী একাই ঘরে ও বাইরে কাজ করছেন। আর স্বামী কোনো কাজ করেন না। এক্ষেত্রে স্বামীকে কাজ করার জন্য চাপ সৃষ্টি করার পরামর্শ দেন তিনি। না হলে পরিবারের অন্য সদস্য বিশেষত শিশু সদস্যের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অনেকেই মনে করেন নারী দিবসেই শুধু নারীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কথা হয়। বছরের অন্যদিনগুলোতে কারো এসব নিয়ে মাথা ব্যথা থাকেন না।

এক্ষেত্রে ফরিদা আক্তার বলেন, “যে উদ্দেশ্য নিয়ে দিবসটি পালন করা হয়, তা এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবেই আমি দিবসটিকে দেখি।”

বাংলাদেশে অনেক নেতিবাচক ঘটনার পাশাপাশি ইতিবাচক ঘটনাও ঘটছে। এ দেশের নারীরা নিজেদের ইচ্ছে বা লক্ষ্য সম্পর্কে এখন যথেষ্ট সচেতন। তারা এখন এভারেস্টের চুড়া জয় করার মতো বিভিন্ন চ্যালেঞ্জিং ও প্রতিযোগিতামূলক কাজেও অংশ নিচ্ছেন।

তাইতো বিদ্রোহী কবির ছন্দেই প্রকাশ— “জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহান।”

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।