কন্টেম্পরারি ভাইবস: ওয়াটারকালারস অ্যান্ড গ্রাফিক প্রিন্টস
একদল তরুণ শিল্পীর কাজের পসরা সাজিয়ে বসেছে গ্যালারি কায়া।
ঢাকার গ্যালারিগুলোর মধ্যে এই গ্যালারির স্বতন্ত্র বৈশিষ্টের জন্য সুনাম রয়েছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই দশজন শিল্পীর অংশগ্রহণে দলীয় প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কায়া।
আদতে জলরং আর ছাপাই ছবির (গ্রাফিক প্রিন্টস) আয়োজন এটি। তবে সমকালীন শিল্পচর্চার সঙ্গে একটু হলেও ভিন্নতার ছোঁয়া পাওয়া যাবে। বিশ্বব্যাপী শিল্পচর্চা পাশাপাশি শিল্প মাধ্যমের বাজার— এই দুইয়ের বিচারে, বাংলাদেশের শিল্পীদের চিত্রকর্মচর্চায় সাম্প্রতিক সময়ে একটি গঠনমূলক পরিবর্তনের ছাপ দেখতে পাওয়া যায়।
‘কন্টেম্পরারি ভাইবস: ওয়াটারকালারস অ্যান্ড গ্রাফিক প্রিন্টস’ শীর্ষক এই প্রদশর্নীতে অংশ নিচ্ছেন আলপ্তগীন তুষার, আনিসু্জ্জামান, নগরবাসী বর্মণ, আজমীর হোসাইন, শেখ মোহাম্মদ রোকনুজ্জামান, আশরাফুল হাসান, কামালুদ্দিন, সোহাগ পারভেজ, রুহুল আমিন তারেক ও শাহানুর মামুন। পুরো আয়োজনে এই দশ শিল্পীর ৫৩টি কাজ প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া নবীনতম সদস্য শাহানুর মামুন জানালেন নিজের অভিব্যক্তি।
তিনি আরও বলেন, “এমনিতেই জলরং পছন্দ আমার; যেমন, ভালো জলরংয়ের কাজ দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। আর সেই ভালোবাসা থেকেই প্রতিনিয়ত জলরংয়ে কাজ করে যাচ্ছি।”
জলরং ব্যবহার করে নিজের ক্যনভাসে বাংলার গ্রামীণ ও শহুরে জীবনচিত্র তুলে এনেছেন শাহানুর। তার কাজের ভাষা (ফর্ম) ও ধরনে চিরায়ত বাংলার রূপ খুঁজে পাওয়া যাবে। ঠিক যেন বিন্দুর ভিতরেরই আরেকটি ক্ষুদ্র ফোঁটা আলপ্তগীন তুষার।
কথায় কথায় বলেন, “জলরংয়ের সঙ্গে আমার সম্পর্ক সেই ক্লাস ফাইভ থেকে। এরপর জীবনে অনেক রকম কাজই করেছি এবং এখনও করছি। তবে আপাত অর্থে এ ধরনের সাদামাটা কাজ প্রদর্শিত করছি কারণ, আমি চাই মানুষ এগুলো দেখে অনুপ্রাণিত হোক।”
একইরকম অনুপ্রেরণার ছাপ পাওয়া যায় শিল্পী সোহাগ পারভেজ ও কামালুদ্দিনের কাজেও। তবে আজমীর হোসাইনের কাজ অবশ্যই এ ধারা থেকে ভিন্ন তা মানতে হবে।
সব মিলিয়ে এক মিশ্র ঘরানার প্রদর্শনীর আয়োজন হয়েছে এটি। তবে নানা বয়সের ও সময়ের মানুষকে একই সঙ্গে হাজির করার মধ্য দিয়ে আবারও তরুণদের উৎসাহিত করবার যে প্রয়াস গ্যালারি কায়া নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসিত হবে সবার কাছেই।
শুক্রবার ৬ মার্চ শুরু হওয়া গ্যালারি কায়ার ৭৭তম এই প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
গ্যালারি কায়ার ঠিকানা: বাসা ২০, রোড ১৬, সেক্টর ৪, উত্তরা, ঢাকা।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
