লাইট, ডার্ক স্পেস
বিমূর্ত চিত্রকলার প্রদর্শনী
“আপনি আমার গড়ে তোলা রাজ্যের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে পারবেন। চাইলে সাঁতার কাটতে পারেন, এমনকি উড়ে উড়ে ঘুরে দেখতে পারবেন। আমিও কিন্তু মাঝে মাঝে ক্যানভাসের চোখ দিয়ে দেখা আঁকা কোনো জায়গায় গিয়ে বসে থাকি, অনুভব করবার চেষ্ঠা করি চারপাশকে।”
নিজের আঁকা ছবি নিয়ে কথা বলছিলেন শিল্পী এমডি টোকন। ঝিনাইদহের ছেলে হলেও শেষ ১৫ বছর কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাও আবার নিউ ইয়র্কে, যা কিনা ওই এলাকার শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। তবে খুব সহজ ছিল না পুরো এই পথ চলা।
যে কারণেই শিল্পী বিশ্বাস করেন তার তুলির আঁচড়ে দেশের প্রতি সেই টানটা বুঝতে পারা যায়।
বিমূর্ত ধারণার অসাধারণ নির্মাণ শৈলীর জন্য পেয়েছেন সুখ্যাতিও।
এমনিতেই আমাদের দেশের আজকাল খুব একটা ‘ফিগারিটেটিভ’ কাজ দেখতে পাওয়া যায় না। আর্থ-সামাজিক-রাজনৈতিক কারণেই হয়তোবা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ‘অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম’।
তবে এমডি টোকনের বিমূর্ত ধারণাকেও যেন একবারে ‘ওরিয়েন্টাল’ মনে হয় না। ‘স্পেস’ ও ‘কালার’ এর ব্যবহারে একবারেই স্বতন্ত্র লাগবে এই শিল্পীর কাজগুলো। ‘কালার টোন’য়ের কথা বিবাচনা করলে, অবশ্যই বাংলার সবুজ, লাল, হলুদ রংয়ের প্রাধাণ্য খুঁজে পাওয়া যায়।
“বিদেশে থাকা অবস্থায় আমার দেশের কথা খুব মনে পড়ে। ছোটবেলায় ঝড়ের রাতে দেখা বিদ্যুৎ চমকানো, মাটি দিয়ে ঘরের দেয়াল লেপা, মহিষের কাঁধে চড়ে নদীতে সাঁতার কাটতে যাওয়া এমনই হাজারও স্মৃতি যেন আমাকে ভর করে বসে। কখনও কখনও স্মৃতিকাতর হয়েই হয়তোবা আঁকতে বসে যাই।”
“আবার এই যে এখন দেশে এসেছি, এখন মনে পড়ছে নিউ ইয়র্কের কথা। ডিবি লটারি পেয়ে সেই ২০০১ সালে যখন প্রথম ওই দেশে পাড়ি জমালাম সেই সময়ের কথা। এই ভাবনা থেকেও কিন্তু কাজের জন্ম হয়।” কথার ফাঁকে জানান এই শিল্পী।
সুতরাং দুই জায়গার প্রভাবই হয়তোবা দেখতে পাওয়া যায় তার কাজে।
তিনি বলেন, “তবে এটা ঠিক, কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আমি কোনোভাবেই ভাবতে চাই না কাজটা কি চেহারা পেতে যাচ্ছে। বরঞ্চ নিজের ভাবের উপরই বিশ্বাস রাখতে চাই তখন।”
সব মিলিয়ে রংয়ের ব্যবহারে আর তার বিস্তৃতি অনেক সময়ে মনে করিয়ে দেবে বর্তমান সময়ের জনপ্রিয় শিল্প মাধ্যম ফটোগ্রাফিকেও।
আমেরিকার মর্যাদাপূর্ণ ‘আর্ট স্টূডেন্ট লিগ অব নিউ ইয়র্ক’ নামের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা ও কাজ করেছেন এমডি টোকন। এছাড়া কাজ করেছেন রনি ল্যান্ডফিল্ড, ল্যারি পুন্স ও মারিয়ানো ডেল রোজারিও’র মতো শিল্পীদের সঙ্গে।
ঘুরে বেড়িয়েছেন আমেরিকার আনাচে-কানাচে। এসবের মিশেলে রংয়ের যে নান্দনিক খেলার পসার ঘটিয়েছেন নিজের ক্যানভাসে, তা দেখবার আমন্ত্রণ রইলো সবার কাছে।
জানুয়ারি মাসের শেষদিন শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত যে কেউ ঘুরে দেখতে পারেন শিল্পী এমডি টোকনের ‘লাইট, ডার্ক, স্পেস’ শীর্ষক প্রদর্শনীটি।
বেঙ্গল আর্ট লাউঞ্জের ঠিকানা: ৮০, গুলশান এভিনিউ, রোড ১৩১, গুলশান ১২১২, ঢাকা।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
