আত্মার গতিময় সন্ধানে
শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর প্রথম একক প্রদর্শনী ‘ইন মোশন’ চলছে বেঙ্গল আর্ট লাউঞ্জে।
মানুষের আত্মার বসবাস কোথায়? নশ্বর এই দেহেই কী তার মূল আবাস নয়? আত্মার স্বরূপ সন্ধানে কী এই দেহঘড়ির কাছেই মানুষ বারবার ফিরে আসে না?
জটিল এই প্রশ্নের সরল কিংবা আরও কঠিন উত্তর শিল্পের বিভিন্ন ধারায় বারবার খোঁজার চেষ্টা করেছে মানুষ। তরুণ শিল্পী বিশ্বজিৎ গোস্বামীও তার ব্যতিক্রম নন। নিজের কাছেই বারবার অস্তিত্বের এই শেকড় সন্ধানের প্রশ্ন করা শিল্পী তার রং-তুলি দিয়ে ক্যানভাসেই বিভিন্ন সময়ে দিয়েছেন তার নয়নাভীরাম উত্তর।
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে এবার যেন তারই পসরা সাজিয়ে বসলেন অতি অল্প সময়েই বাংলাদেশের শিল্পজগতে নিজেকে প্রতিষ্ঠিত করা এই শিল্পী। দেহজ মন্দিরের ভাঁজে ভাঁজে মানবিক আত্মার কাব্যিক ছন্দই যেন উঠে এল তার প্রথম প্রদর্শনী ‘ইন মোশন’-এর চিত্রমালায়।
ছবি: সেঁজুতি শোণিমা নদী/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রদর্শনীতে থাকা ২৯টি ছবি বলছে, কখনও মানবঅঙ্গের নানাবিধ ভঙ্গীর হাইপার রিয়ালিস্টিক উপস্থাপন, কখনও বা সেইসব ফর্মকেই দুমড়ে মুচড়ে নতুন এক বাস্তবতার উপস্থাপনা, অথবা শুধুই মানবদেহের গতিময় মুহূর্তের প্রস্তবনা- এভাবেই নিজের শৈল্পিক অভিযাত্রার গল্প তুলে ধরেছেন তিনি।
“মানুষের দেহজ ভঙ্গী এবং অবস্থানই আমার চিত্রকর্মের মূল বিষয়। আমি প্রায়ই চেষ্টা করি আমার ছবির মানবদেহগুলোকে তাদের বাস্তবতা থেকে বিবর্তীত করতে। এই বিববর্তনের মাধ্যমেই দেহগুলোর উত্তরণ ঘটে পরাবাস্তবতার এক নতুন জগতে।”
ছবি: সেঁজুতি শোণিমা নদী/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: সেঁজুতি শোণিমা নদী/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কিছুদিন আগেই এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে পুরষ্কৃত এই শিল্পীর আরেক চিত্রমালা ‘মেটামর্ফসিস অ্যান্ড ফিজিকাল এক্সিসটেন্স’য়েও শোনা যায় অস্তিত্বের রূপান্তরের বিমূর্ততার গল্প।
এই চিত্রমালায় বিশ্বজিৎ গোস্বামী আমাদের চেনা পরিচিত মানবদেহের ফর্মগুলোকেই বারবার ভেঙে তুলে এনেছেন নতুন এক গণ্ডিতে। কেবল মানবদেহই নয়, আত্মীক স্বাধীনতার প্রতীক স্বরূপ ডানা তোলা পাখিকেও বিবর্তীত রূপে তুলে এনেছেন রূপান্তরের মাধ্যম হিসেবে।
ছবি: ফায়হাম ইবনে শরীফ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: ফায়হাম ইবনে শরীফ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“গাঢ় নীল বা কাল প্রেক্ষাপটের বিপরীতে ‘মেটামর্ফসিস অ্যান্ড ফিজিকাল এক্সিসটেন্স’ সিরিজের ছবিগুলোতে ভাসমান মানবদেহগুলির মধ্যে একধরণের অস্থিরতা আর রূপান্তর লক্ষ করা যায়, যার সৌন্দর্য কেবল একটি নির্দিষ্ট দূরত্ব থেকেই অনুধাবন করা সম্ভব।”
শিল্পী জানান, এই রূপান্তরের চিতায়নের মাধ্যমেই মানবাত্মার সঙ্গে যোগসূত্রটি খুঁজে ফেরেনে তিনি।
“বিশ্বের সঙ্গে সংযোগের ক্ষেত্রকে খুঁজে ফেরাই আমার কাজের মূল উদ্দেশ্য।”
বিশ্বজিৎ গোস্বামীর চিত্রকর্মের আরেকটি উল্লেখযোগ্য দিক তার উপস্থাপনের অভিনবত্ব। ‘মেটামর্ফসিস অ্যান্ড ফিজিকাল এক্সিসটেন্স’ সিরিজের ছয়টি চিত্রের ক্যানভাস গোলাকার। অন্যদিকে তিনটি চিত্রকে শিল্পী পরিবেশন করেছেন বাংলাদেশের মানচিত্রের জলছাপ মাখা কাঁচের আবরণের ভেতরে। এই তিন ছবিতে বাঙালি জাতিসত্ত্বার প্রতিনিয়ত বিবর্তনশীল চিত্রকেই যেন তুলে ধরলেন শিল্পী।
নিজের কাজের এই ব্যাতিক্রমধর্মী উপস্থাপনার দিকটি নিয়ে শিল্পী বলেন, “বিশ্ব চিত্রকলায় প্রতিনিয়তই শিল্পীরা আবিষ্কার করছেন নতুন ধরনের প্রস্তবনা। আমার কাজগুলোকে নিজের মতো করে উপস্থাপনের মাধ্যমে আমি নিজেও নতুন নতুন ধারণার প্রতিষ্ঠা করতে চাই।”
ছবি: ফায়হাম ইবনে শরীফ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: ফায়হাম ইবনে শরীফ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
“ছবিতে আমরা যে নারীকে দেখি, সে ঘুমিয়ে আছে। কিন্তু ঘুমের মধেও কী সে অচেতন? তার স্বপ্নের জগত কী সেখানে পরিবৃত নয়? ছবিটিকে এভাবে উপস্থাপনের কারণ, যাতে করে আমরা- দর্শকরাও মেয়েটির স্বপ্নের জগতে প্রবেশাধীকার পেতে পারি। তার জগৎ থেকেই তাকে দেখার চেষ্টা করতে পারি।”
ছবি আঁকার জন্য নিজের স্টুডিওতে নিজেস্ব আলোছায়ার সন্নিবেশ ঘটিয়ে মডেলদের আলোকচিত্রের সাহায্য নেন বিশ্বজিৎ গোস্বামী, চিত্রকলায় শুদ্ধতাবাদীদের অনেকেই যা সুনজরে দেখেন না খুব একটা। কিন্তু বিশ্বজিৎ বলেন, প্রযুক্তির চরম উন্নতির এই যুগে এর আশ্রয় না নেওয়াটাই এক ধরণের কপটতা।
“আমি নিজে সেরা প্রযুক্তির ফোন ব্যবহার করি। সামাজিক যোগাযোগের মাধ্যমেও আমার বিচরণ বিস্তর। সেক্ষেত্রে আমার ছবি আঁকার সুবিধার্থে আমি কেন প্রযুক্তির সাহায্য নেব না? এই প্রজন্মের শিল্পী হয়ে যদি আমি প্রযুক্তিকে স্বীকার না করি, তাহলে তো আমি আমার সততাকেই লঙ্ঘন করছি।”
বিশ্বজিৎ গোস্বামীর কাজের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, ছবিতে সরাসরি মডেলদের পরিচয় প্রকাশ না করা। এর জন্য মডেলদের শারীরিক অবস্থান এবং অঙ্গভঙ্গীকে তুলে ধরলেও কখনও তাদের চেহারাকে সরাসরি ক্যানভাসে তুলে আনতে দেখা যায় না শিল্পীকে।
ছবি: ফায়হাম ইবনে শরীফ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: ফায়হাম ইবনে শরীফ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
তবে এই বৈশিষ্ট্যও অতিক্রম করে প্রদর্শনীর প্রথম চিত্র ‘মিসিং’। পাঁচ ফুট নয় ইঞ্চি বাই সাত ফুট আট ইঞ্চির বিশাল এই ক্যানভাসজুড়েই হাসতে থাকা একটি মেয়ের প্রতিকৃতি। ক্যানভাসে কাঠের পাটাতনের ওপর সুতির শাড়ি, খবরের কাগজের আস্তরে অ্যাক্রেলিকের পরত চড়িয়ে ছবিটি এঁকেছেন তিনি, যার পুরোটা জুড়ে ‘মিসিং’ শব্দটির জলছাপ। এরমধ্যেই লালচে নিয়ন বাতির বড় বড় অক্ষরে লেখা ‘মিসিং’।
কনসেপচুয়াল আর্টের দৃষ্টিকোণ থেকে বিশ্বজিৎ গোস্বামীর এই ছবিতেই চোখ আটকে যায় বারবার। হাস্যমুখী এই বালিকার প্রতিকৃতির ওপর ‘মিসিং’ শব্দটি দিয়ে কী বলতে চাইছেন শিল্পী? সামাজিক বেড়াজালের আড়ালে হারিয়ে যাওয়া নারীদের উচ্ছলতার গল্পই কি তুলে ধরতে চেয়েছেন তিনি? ছবিটি কী তবে বার্তাবহন করছে শোষণ বঞ্চনার প্রতিঘাতে হারানো মানবিক আবেগীয় আখ্যানের? এই এক ছবির মাধ্যমেই এতোগুলো প্রশ্নের উদ্রেক ঘটালেন বিশ্বজিৎ গোস্বামী। ভাবনার খোরাক জোগানো এই ছবিই প্রমাণ করে সামাজিক দায়বদ্ধতার জায়গাটিতেও কতটা প্রতিজ্ঞাবদ্ধ এই শিল্পী।
ছবি: সেঁজুতি শোণিমা নদী/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শিল্পীর মতে, প্রথম একক প্রদর্শনীর মাধ্যমেই নিজেস্ব চিত্ররীতির এক অনুপম স্বাক্ষর রাখতে চেয়েছেন তিনি।
‘ইন মোশন’-এর প্রতিটি চিত্রকর্ম দেখে বলতেই হচ্ছে, এই উদ্দেশ্যে পুরোপুরি সফল তিনি। আত্মার গতিময় সন্ধানের গল্প বলা এই প্রদর্শনীর মাধ্যমে আরও একবার তিনি প্রমাণ করলেন, বাংলাদেশে তো বটেই গোটা বিশ্বের চিত্রজগতেই স্থায়ী আসন গড়তেই এসেছেন বিশ্বজিৎ গোস্বামী।
