আপস্টেয়ারস
ফরাসি কিংবা ইতালীয় খাবারের সমাহার।
বনানী ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির লিফটে ১১ চাপলেই পৌঁছে যাবেন এই ছিমছাম রেস্তোরাঁয়।
রাতের বেলায় ১২ তলার উপরের এই রেস্তোরাঁ থেকে কাচের বাইরে দৃষ্টি দিলে বনানীর বা গুলশানের আলো ঝলমলে বর্ণিল আবহ বেশ লাগবে।
প্রায় পুরো রেস্তোরাঁর চারপাশই দেয়ালের বদলে কাচে ঘেরা। তাই চোখের বা মনে এই সৌন্দর্য ফসকে যাওয়ার সুযোগ নেই বললেই চলে।
দিনের বেলা রোদে এই আবহ কতটা থাকবে বলা মুশকিল আর সেই কারণেই প্রতিটি কাচ সম্পূর্ণ ঢেকে দেওয়ার মতো ব্যবস্থা আছে।
তবে হ্যাঁ সূর্যাস্ত বা গোধূলির আলো-আঁধারিতে বাইরের প্রকৃতির বিশেষ রূপের ছটা শরীরে বা মনে দিয়ে যাবে এটা নিশ্চিত!
বসার ব্যবস্থা সাকুল্যে ৫০ জনের। সবখানেই ক্রিম রংয়ের সোফায় বসার ব্যবস্থা, যাতে এলিয়ে দিলে সারা দিনের ক্লান্তি কিছুটা হলেও ভুলিয়ে দেবে।
রেস্তোরাঁর যেই জিনিসটি চোখে পড়বে তা হল এখানকার বাতির ব্যবস্থা। বৈদুতিক বাতি আর কি!
এখানকার শেফ জাহাঙ্গীর মাহমুদের নাকি রয়েছে ৩২ বছরের কাজের অভিজ্ঞতা, জানান আপস্টেয়ারস এর অন্যতম কর্ণধার ফুয়াদ তাসরিম হোসেন। শেফ মাহমুদ আবার ৭ বছরের মতো কাজ করেছেন কানাডার ফরাসি ভাষাভাষী এলাকায়।
এই রেস্তোরাঁয় পরিবেশন করা হয় কন্টিনেন্টাল খাবার, প্রধানত ফ্রেঞ্চ ও ইতালিয়ান। এতে শেফের পূর্বঅভিজ্ঞতা যে সহায়ক তা বোধ করি অনুমেয়। তবে আরও বেশ কয়েক দেশের কুইজিন এখানে আছে।
কন্টিনেন্টাল খাবারের রেস্তোরাঁ বলেই ১৫ রকমের চিজ ব্যবহৃত হয় এখানকার রসুইঘরে!
ভুল শোনেননি ১৫ রকমের চিজের কথাই বলা হয়েছে। চিজের ব্যাপারে ফরাসিদের ‘মাস্তানি’ আর আজকের কথা নয়। আর কন্টিনিন্টাল খাবার যেহেতু স্বাভাবিকভাবেই চিজের ব্যবহার বিস্তর।
অন্যতম কর্ণধার হোসেন জানান, সব ধরনের চিজ আসে খোদ ইউরোপ থেকেই।
এখানকার কালামারি ফ্রাই বেশ নরম ও সুস্বাদু, আর মুখে গেলে শক্তভাব টের পাওয়া গেল না। ভাজা এই খাবারে তেলের পরিমাণও পরিমিত মনে হল। আরও জানা গেল এই কালামারি আমদানীকৃত। সুস্বাদু এই খাবারের জন্য ৪৫০ টাকা দিতে হবে।
কিশ লরেইন বিফ বেইকন- মুরগি, ডিম আর চিজের সমন্বয়ে মোহনীয় এক খাবার বললে অত্যুক্তি হবে বলে মনে হয় না! তিন টুকরার এই সাইজ দেখলে যা মনে হবে পেটে গেলে তার থেকে অনেক বেশি ভারি মনে হবে আর বেশ ‘রিচ’ এই খাবার। দাম পড়বে ৪০০ টাকা।
স্টেক পাওয়া যাবে বেশ কয়েক ধরনের। আর এই মাংস আসে দেশের স্বনামধন্য একটি মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকেই। এই পদ খেতে হলেও ১ হাজার ৫শ’ টাকার বেশিই পড়বে, তবে বেছে নেওয়া যাবে ফরাসি কিংবা আমেরিকান ঘরানা।
ফিশ অ্যান্ড চিপস এখন ইংল্যান্ডের জাতীয় খাবার কিনা এই নিয়ে খোদ ব্রিটিশদেরই রয়েছে ঢের সন্দেহ। তবে বিলাতিদের এই খাবার এখানে ‘কড মাছ’ দিয়েই তৈরি করা হয় বলে জানান আরেক কর্ণধার আবরার হক।
হক আরও জানান একমাস আগে এই রেস্তোরাঁ খোলা হলেও বেশ কিছু বিদেশি অতিথি এখানে নিয়মিত খাবার খেয়েছেন। তবে ফরাসীরা মেনুতে ফিশ অ্যান্ড চিপস দেখলে হাসবে না কাদবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাবে! খাবারের ব্যাপারে ফরাসিরা আবার ব্রিটিশদেরকে বেশ ‘নিচু’ চোখেই দেখে!
গুলাশ নামের ডিশটি মূলত হাঙ্গেরিয়ান, তবে এখানে এই খাবারও মিলবে। এর বিশেষ দিক হল এই বিফ ডিশটিতে প্যাপরিকা রসূনের ব্যবহার হয়, আমাদের জিভে বোধ হয় খারাপ লাগা দুষ্কর!
ফরাসি খাবার ‘পুলে লু’ঘঁশ’ চিকেনের সঙ্গে কমলালেবু আর কমলার সস দিয়ে খেতে বোধকরি নিদেনপক্ষে কৌতুহলউদ্দেপক হবে বলা যেতে পারে।
‘ফয় গ্রাঁ পোয়ালে পিউঘে আলা তুফ’ হাঁসের কলিজা দিয়ে তৈরি বনেদি এক ফরাসি খাবার। পকেট ভারি থাকতে হবে কারণ দাম ২ হাজার ৪শ’ টাকা।
ইতালীয় মেনুর চিকেন পারমিজানা বেশ লাগবে, আর সিফুড রিসোত্তোও আছে বেছে নেওয়ার জন্য।
সিজার সালাদের মতো কিছু ক্লাসিক কন্টিনিন্টাল স্টার্টার পাবেন এখানে। আর ফরাসি অনিয়ন সুপ তো আছেই।
এখানে টেবিলে রয়েছে একটি মজার জিনিস। হয়তো বসে খাবার খাচ্ছেন অথবা নিজের মতো করে সময় কাটাতে চাইছেন। হাতের কাছেই আছে একটি কলিং বেল। চাপলেই এসে হাজির হবেন খাবার সরবরাহকারী।
বিদেশি সব খাবারের সঙ্গে আলো ঝলমল বাইরের দৃশ্য বা কাচে পড়া বাতির অগুনতি প্রতিবিম্বর সঙ্গী হয়ে মৃদু মিউজিকে সময় কাটানোটা বোধ হয় খুব খারাপ হবেনা।
তবে এত সব ‘নামী’ খাবার কিন্তু বেশি সস্তায় কোথাও মেলেও না।
ছবিঃ তানজিল আহমেদ জনি।
