২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিশ অ্যান্ড কো. ঢাকায়

মাছেভাতে বাঙালি- বেশ পুরানো প্রবাদ। আর ইলিশের প্রতি বাঙালির দুর্নিবার ভালো লাগাতো কিংবদন্তির চেয়ে কম কিছু নয়। কিছুদিন আগে কলকাতার একটি চলচ্চিত্রে তো বাঙালির ‘নস্টালজিয়া’ দেখাতে গিয়ে পরিচালক দেখিয়েছেন ‘ভূত-পেত্নি’রও ইলিশপ্রীতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 12:31 AM

Updated : 13 Oct 2022, 12:32 PM

তবে আমাদের এই মাছ প্রীতিতে নোনাজলের মাছের প্রতি আগ্রহটা একটু যেন কম এটা বোধ হয় নির্দ্বিধায় বলা যায়। দেশে বিশেষায়িত সি ফুডের রেস্তোরাঁ য়ে খুব বেশি আছে তা বলারও তো উপায় নেই।

তবে বিশ্বায়নের যুগে দেশের পরিবর্তনশীল অর্থনীতির জোয়ার বোধ হয় ধীরে ধীরে আমাদের জিভেও এসে লাগতে শুরু করেছে। ক্রমশই যেন দূরদেশের অথবা নতুন খাবারের স্বাদও চেখে দেখতে চাইছি আমরা।

এরই ধারাবাহিকতায় বোধ হয় ঢাকায় শুরু হল সিংগাপুরের সুপরিচিত সি ফুড রেস্তোরাঁ ফিশ অ্যান্ড কো.’র যাত্রা।

Image
‘বাংলা ফিশ অ্যান্ড চিপস

‘বাংলা ফিশ অ্যান্ড চিপস

Image
কালামারি ফ্রাই

কালামারি ফ্রাই

এটি সম্ভবত গুলশান এলাকার রেস্তোরাঁর জগতে সর্বশেষ সংযোজন।

ঢুকলেই মনে হতে পারে বুঝি মাছ ধরার জাহাজে উঠে পড়েছেন! চারিদিকে ঝুলছে বেশ ক’টি জাহাজ চালানোর হুইল আরও ঝুলছে কয়েকটি মাছের কঙ্কাল!

টেবিল-চেয়ার ছিমছাম, নীল-সাদা-হলুদ রংয়ের আধিক্য আর বসবার ব্যবস্থা প্রায় শ’খানেক অতিথির। আপনার বেশিরভাগ খাবারই আসবে প্যানে। আর খাবারগুলি টেবিলে রাখা হবে কাঠের ম্যাটে যার আকৃতিও মাছের মতো। অর্থাৎ পরতে পরতে মাছের কথাই মনে পড়ে যাবে এখানে।

খাবার পরিবেশনকারীদের বেশ ফিটফাটই মনে হল। দুজনতো এসেই জেনে গেল খাবার ঠিক ছিলো কী না? মনে হলো ‘ধন্যবাদ’ শব্দটিও বেশ আয়ত্বে এনেছেন এরা।

স্টার্টারে কালামারি ফ্রাই বেশ লাগবে। বাইরে মচমচে আর ভেতরে বেশ নরম আর সঙ্গে টারটার সসের স্বাদ। একবার খেলে মুখে লেগে থাকার সম্ভবনাই বেশি। তবে পশ্চিমের টারটার সসের সঙ্গে একটু তফাৎ পাবেন- তা হলো একটু মিষ্টিভাব! তবে এই খাবারটি খাওয়ার একটি ‘গোপন’ কায়দা দেখিয়ে দিলেন এখানকার তমাল নন্দী। দিয়ে গেলন ‘চিলি’ সস! এই দুই সস মিলে জিভে ঠেকলে মনে হতেই পারে বুঝি সুরের মূর্ছনা শুনছেন!

Image
ব্লু মাস্সলসের উইথ গার্লিক লেমন বাটার সস

ব্লু মাস্সলসের উইথ গার্লিক লেমন বাটার সস

Image
ফিশ অ্যান্ড কো.

ফিশ অ্যান্ড কো.

সি ফুডে যদি আগ্রহটা সামান্য বেশি থাকে, তাহলে ব্লু মাস্সলসের সঙ্গে ‘গার্লিক লেমন বাটার সস’ হবে ভালো একটি পছন্দ! ঝিনুকের ভেতরের ‘মাংস’র সঙ্গে সস মিলিয়ে নিলে তো কথাই নেই! রুমাল রাখতে পারেন হাতের কাছে, জিভে জল আসলে দোষ দেয়া কঠিন হবে! পাশে থাকছে চার টুকরো বাগেট।

‘ফিশ অ্যান্ড চিপস’ পশ্চিমা বিশ্বের বহু দেশেই খাওয়া হয়। এবার দেশি ভার্শনও বোধ হয় এসে পড়লো! ফিশ অ্যান্ড কো. নিয়ে এলো ‘বাংলা ফিশ অ্যান্ড চিপস’। এখানকার চিপসও (বা ফ্রেঞ্চ ফ্রাই) কিন্তু বেশ স্বাদের। বেশ কিছুক্ষণ পরেও নরম হয়না লম্বা ও সোনালি রংয়ের তেলে ভাজা ‘সরল’ এই খাবারটি। দাম পড়বে ৬৮৫ টাকা।

এখানে কিন্তু সি ফুডের সঙ্গে ভাত এমনকি মুরগির সমন্বয়েও খাবার মিলবে। যেমন গ্রিল্ড চিকেনের সঙ্গে পেরিপেরি সসের প্রন, অথবা গ্রিল্ড পেরিপেরি চিকেনের সঙ্গে স্যামন ফিলে। আবার দুই তিনজন ভাগ করে খেতে পারেন এমন কিছু প্ল্যাটারও আছে। তিন রকমের গ্রিন সালাদও পাওয়া যায়। আছে সি ফুড পিৎজাও। একটি প্ল্যাটারে সি ফুডের সঙ্গে আসবে স্প্যানিশ পায়েয়া রাইস, খিচুরির সঙ্গে যার কিছুটা মিল খুঁজে পাওয়া যেতে পারে!

মাত্র একদিন আগে উদ্বোধন হওয়া রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন ফিশ অ্যান্ড কো. সিঙ্গাপুরের এমডি হো কিত হু। তিনি জানান, সি ফুডের উপকরণ ফ্রেশ হবার সঙ্গে ঠিকঠাক ভাবে সংরক্ষণ করাটাও খুবই জরুরি। মাছসহ সমস্ত উপকরণ এখন আসছে সরাসরি সিঙ্গাপুর থেকে। তবে অনেক মাছই কিন্তু ধরা হয়েছে কিন্তু বিশ্বের বিভিন্ন সাগর থেকে। শেষে হু দাবি করেন, সঠিক পদ্ধতিতে সংরক্ষণের কারণে খাবারের স্বাদ ভালো পাবেন এখানকার অতিথিরা।

Image
ড্রিংকস মেন্যূ

ড্রিংকস মেন্যূ

রসুইঘরের দায়িত্বে আছেন দেশি কর্মচারিরাই। তবে তাদের তদারকির জন্য সার্বক্ষণিক চার জন সিঙ্গাপুরি আছেন।

বাংলাদেশে ফিশ অ্যান্ড কো.'র কর্ণধার প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের চৌধুরি খালেদ মাসুদ জানান, ভালোমানের ও সুস্বাদু সি ফুড খাওয়ার সুযোগ দেশে আনেকেই পেতেন না। আর তাই যাত্রা শুরু হল এই রেস্তোরাঁর।

ও হ্যা, এখানে বারো রকমের পানীয় থেকে বেছে নেয়া যাবে পছন্দেরটি। মিলবে চা কফিও। মোহিতো পানীয়টি এই গরমের দিনে শরীরে প্রশস্তি আনতে খুব সময় নেবেনা বলা যায়।

ঠিকানাঃ ক্রিস্টাল প্যালেস, বাড়ি ২২ গুলশান সাউথ এভিনিউ, ঢাকা-১২১২।