চিটাগং এক্সপ্রেস!
চট্টগ্রামের তিন বন্ধু মিলে আড্ডাচ্ছলে একদিন ঠিক করলেন ঘরের ‘সুস্বাদু’ খাবারতো এই মহানগরে দুর্লভ! তাই নিজেরা কিছু করলে কেমন হয়? সঙ্গে সন্ধ্যায় নিজেরা মিলে একটু আড্ডাও হল।
ব্যস, এই শুরু হল চিটাগং এক্সপ্রেসের পথচলা! তাও মাত্র আড়াই মাস আগের কথা। অন্যতম কর্ণধার মফিজুর রহমান এমনটাই জানালেন।
এই তরুণ আরও জানান, তিন বন্ধুই ব্যক্তিগত জীবনে ভিন্ন কাজে যুক্ত।
এই রেস্তোরাঁ খুঁজে পেতে কিন্তু ছোটখাট ‘কসরৎ’ করতে হতে পারে! '' ঢাকা শহরের
বসুন্ধরা আবাসিক এলাকায় ঢুকে অ্যাপোলো হাসপাতাল''' রাস্তার শেষ মাথায় হাতিল ফার্নিচার ছেড়ে ডানে মোড় নিয়ে ‘ভাঙা’ রাস্তা ধরে আরও একটি আসবাবপত্রের দোকান পার হয়ে বামের রাস্তার শেষ প্রান্তে এলেই চোখের পড়বে এই চাটগাঁইয়া দোকান।
রাতে এই ‘ভাঙা’ রাস্তাটি এতই ‘মনোরম’ থাকে যে কি গাড়ি! কি রিক্সা! ব্যয়াম একটু হয়েই যায়!
তবে এই ২-৩ মিনিটের কসরৎ কিন্তু একবার এই রেস্তোরাঁয় ঢুকে গেলে পস্তাবেন বলে মনে হয় না! একেইতো গোমাংসের ‘স্বর্গ’ তায় আবার ‘বদ্দা’দের মেজবানি স্টাইলে রান্না।
এমনকি এই রেস্তোরাঁর সাইনবোর্ডেও একটি গরুর মাথা সম্বলিত! সেটি দেখে অবশ্য স্প্যানিশ মাতাদোরের কথা মনে হতে পারে।
আরও একটি জিনিস পাওয়া যায়। নাম তার আখনি বিরিয়ানি।
রহমান বলেন "আখনি কিন্তু খেতে হয় আগুন গরম।"
অন্দরসজ্জায় বিশেষ কিছু চোখে না পড়লেও, ছিমছাম বলা ভালো। রহমান দাবি করেন তিনি ও তার দুই বন্ধু এই রেস্তোরাঁর অতিথিদের সঙ্গে একধরনের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক রাখার চেষ্টা করেন।
রহমান জানান আগামীতে নতুন কিছু খাবারের সংযোজন ঘটানোর চিন্তা করছে চিটাগং এক্সপ্রেস। এরমধ্যে ব্যাম্বু চিকেন ও ব্যাম্বু ফিশ যোগ হওয়ার সম্ভবনা বেশি। এই দুটি খাবারই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার।
"এখানে রান্না করা হয় চট্টলার মেজবানি ঐতিহ্য মাথায় রেখে", বললেন রহমান। "রসুইঘরও সামলান ৪ জন চট্টলাবাসী। রান্না হয় শুধুমাত্র কাঠ পুড়িয়ে।"
রান্না করা হয় প্রমাণসাইজের ডেকচিতে। অতিথিদের টেবিলে যে খাবার পাঠানো হয় সেটা সরাসরি ওই ডেকচি থেকেই দেওয়া হয়। খাবার গরম রাখার জন্য ব্যবহার হয় জ্বলন্ত কয়লা। আর মসলা? দুঃখিত এটা গোপনীয়!
আরও জানা গেলো, শুধুমাত্র একটি বিশেষ আকার্ এবং ওজনের বাছাইকরা গরু রান্নাতে ব্যবহার করা হয়।
একসঙ্গে ৬৫ জনের বসার ব্যবস্থায় এই রেস্তোরাঁ খোলা থাকে দুপুর সাড়ে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত। ৫০টির মতো গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। এখন পর্যন্ত ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই।
দরদাম
একজনের জন্য সেট মেন্যু ২২০ টাকা। এতে আছে গোস্ত, ডাল গোস্ত, পায়া কারি ও ভাত।
এছাড়া এখানে পট হিসেবে খাবার বিক্রি হয়। প্রতি পটে সাধারণত দুই থেকে তিনজন খেতে পারবেন।
মেজবানি গোস্ত ৮শ' টাকা। ডাল গোস্ত ৩শ' টাকা। পায়া ২শ' টাকা। কালাভুনা প্রতি প্লেট ২শ' টাকা, প্রতি পট ১ হাজার টাকা।
অতিরিক্ত নিতে চাইলে, মেজবানি গোস্ত প্রতি প্লেট ১৪০ টাকা। ডাল গোস্ত প্রতি প্লেট ৬০ টাকা। পায়া প্রতি প্লেট ৬০ টাকা।
ঠিকানা: ৪২২ ঢালিবাড়ি মাদ্রাসা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা।
