মোগলাই পরোটা ও মরিচি
ইফতারের টেবিলে ঝালের আমেজ।
রেসিপি দিয়েছেন সামিয়া রহমান।
মোগলাই পরোটা
উপকরণ
আটা বা, ময়দা দেড় কাপ। ডিম ৩টি। পেঁয়াজ বড় ১টি। কাঁচামরিচ ৪-৫টি। ধনেপাতার কুঁচি ইচ্ছামতো। লবণ স্বাদমতো। তেল পরিমাণমতো।
পদ্ধতি
তেল আর আটা বাদে ডিমের সঙ্গে বাকি সব উপকরণ ফেটিয়ে নিন। এখন আটার সঙ্গে লবণ, তেল এবং পানি মিশিয়ে ডো তৈরির পর পাতলা করে পরোটা বানিয়ে নিন। যত চিকন হবে ততই ভালো।
এবার পরোটার উপর ফেটানো ডিম সুন্দর করে ছড়িয়ে দিন। দুপাশ থেকে পরোটার মাঝাখানে টেনে নিয়ে চারপাশ দিয়ে সুন্দর করে মুখ বন্ধ করে দিতে হবে।
প্যানে পরিমাণমতো তেল গরম করে ধীরে ধীরে পরোটা ভাজুন। না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। তবে পরোটা ভাজতে ডোবা তেল দরকার নেই। ভাজা হয়ে গেলে সস কিংবা সালাদ দিয়ে পরিবেশন করুন।
মরিচি
মরিচি
উপকরণ
ময়দা আধা কাপ, বেসন ৩ টেবিল–চামচ। বেকিং পাউডার আধা চা-চামচ। বড় আকারের কাঁচামরিচ। গুঁড়ামরিচ ১ চিমটি। লবণ স্বাদমতো। তেল পরিমাণমতো।
পদ্ধতি
সব একসঙ্গে পানি দিয়ে গোলা বানাতে হবে। বেশি পাতলাও না আবার ঘনও না। এবার প্যানে তেল গরম করে মরিচগুলো গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভাজুন।
সস, সালাদ কিংবা গরম ভাত বা, খিচুড়ির সঙ্গে খেতে বেশ লাগে।
