২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত শিল্পাঙ্গন ‘গাছতলা’

“বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র” কবির এই সাম্যের ডাক লম্বা সময় ধরে মানুষের মনে জ্ঞানের আলো ছড়িয়েছে। আইনস্টাইনের বাণী বুঝতে কষ্ট হলেও, ভাষার ব্যবহার বিজ্ঞানীর চেয়ে কবিকেই বেশি কাছে টানে আমাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 08:29 AM

Updated : 13 Oct 2022, 12:17 PM

মানুষ বুঝতে শিখে, শেখার কোনো শেষ নেই। আর তাই তো জ্ঞানাহোরণে জারি রাখতে হয় মনের ইচ্ছা। কিন্তু তাই বলে পাঠশালার সেই পন্ডিত মাস্টারমশাইয়ের গল্প কিন্তু অনেক শিহরণ জাগিয়ে তোলে অনেকের মনে। কেননা ‘ডিজিটাল’ এই যুগে ক্লাসরুমের ধারণা পাল্টাচ্ছে অতি দ্রুত।

গাছতলায় বসে শিক্ষকের পাঠদানের চেয়ে চার দেয়ালের মাঝে, মনুষ্য শিক্ষক না হয়ে যন্ত্রশিক্ষক কম্পিউটারকেই এখন আদর্শ মানা হচ্ছে। এখনো হয়তো আশপাশে কান পাতলে মা-বাবা’র মুখে শুনতে পাওয়া যায়, গ্রামে নদীর পাড়ে গাছতলার ছোট্ট সেই স্কুলটার কথা। কিন্তু আর কত দিন!

শহুরে মানুষের জন্য সে তো আরো এককাঠি সরেস। গাছ চিনতেই যেখানে যেতে হয় বৃক্ষমেলায়, সেখানে কোমল মৃদু হলদে আলোয় চার দেয়ালের মাঝেই শিল্পকে বাক্সবন্দী করেছে সবাই।

তবে এসব ভিন্ন যে কিছু একেবারেই নেই তাও নয়। যেমন: চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ‘গাছতলা’। আক্ষরিক অর্থে গাছের তলায় এ এক শিল্পাঙ্গন। পত্রিকার পাতায় আর টিভির পর্দায় দিন দিন ‘শিল্পাঙ্গন’ নামে যে এক ভয়ানক দৃশ্যের সঙ্গে আমরা পরিচিত হয়ে উঠেছি, ঢাকার গুলশান-১ এর ৬ নম্বর রোডের ৮ নম্বর বাসায় গেলে আপনি সেই শিল্পাঙ্গন দেখতে পাবেন না।

এটি একটি উন্মুক্ত শিল্পাঙ্গন। যেখানে গেলে দেখতে পাওয়া যাবে, থরে থরে সাজানো পেইন্টিং।

একবিংশ শতাব্দির শহুরে জীবনে যে ধরনের ‘গ্যালারি’ সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠছি, গাছতলা সে থেকে সম্পুর্ণ ভিন্ন এক জায়গা। আদতে এটিও একটি গ্যালারি বৈকি। তাই বলে একেবারেই অনভ্যস্ত স্থাপত্যশৈলীর মিশেলে শীতাতপ নিয়ন্ত্রিত ‘ছিটমহল’ নয়, বরং ঢাকা শহরে বিরল হয়ে পড়া একান্নবর্তী এক বাড়ির সামনের উঠানে ছড়ানো একটা গ্যালারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে এটি।

তবে সপ্তাহের শনিবার দিন এই বাড়ির সামনে দিয়ে গেলে একটু অবাক হতেই পারেন। কারণ সেদিন বিকেলে যে শিল্পীদের মেলা বসে এখানে। বাড়ির দেয়ালের বাইরে টাঙানো হয় ফ্রেমে বাঁধা সব শিল্পকর্ম। ভিতরে স্টুডিও’র মতো ছোট্ট জায়গায় থাকে ভীড়। কেউ আঁকছেন, কেউ গাইছেন, কেউ ধোঁয়া উড়াচ্ছেন আবার কেউবা এই প্রতিবেদকের মতো গিয়ে ঠায় দাঁড়িয়ে দেখছেন, কী এক যজ্ঞ চলছে সেখানে।

এখানে ওখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে শেষ হয়ে যাওয়া কাজ। কোনটা ক্যানভাসে, কোনটা ফ্রেমে।

ভিতরের জায়গাটাও বেশ। বাড়ির সামনে পোর্চে যে যার মতো বসে ক্যানভাসে আঁচড় কাটছেন। একটু এগুলেই ঘরের ভিতর বইয়ের তাক আর কম্পিউটার। কিছুক্ষণ পরপরই যে যার ইচ্ছামতো গান চালিয়ে দিচ্ছেন। ছবি আঁকার সঙ্গে চলছে তুমুল আড্ডা। আসবার সময় যে যার মতো নিয়ে এসেছেন হালকা নাস্তা, আর বাড়ির কর্তার চা তো আছেই।

ব্যস এর চেয়ে বেশি আর কি দরকার। মনের কোণে উঁকি মারছিলো একসময়ের রমরমা ‘ছবির হাট’-এর কথা।

তবে গাছতলার উদ্যোক্তাদের একজন ও বাড়ির বাসিন্দা শিল্পী ওয়াদুদ কফিলের সঙ্গে আলাপ জমলো অন্য একদিন। গল্পের ঝাঁপি খুলে বসলেন শিল্পী। কথার পিঠে কথা চলছে, বেরিয়ে আসছে ঢাকা শহরের শিল্প-সাহিত্য চর্চার নানান গল্প।

জানা গেলো এ বছর ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গাছতলা – ফাইন আর্ট স্পেস’। মূলত শিল্পীদের আড্ডা থেকেই পরিকল্পনার শুরু। এরপরই মাঠে নেমে পরেন তারা। অন্যান্য উদ্যোক্তাদের মাঝে আছেন শিল্পীর সহধর্মিনী জাহানারা পারভীন, শিল্পী কামরুজ্জামান স্বাধীন ও ফটোগ্রাফার সালমা জামাল মৌসুম। একসময় জানতে পারলাম, আমার চিন্তাটাও ঠিক অমূলক নয়। এখন আর নিয়মিত না হলেও ছবির হাট নামের সেই আন্দোলনের সঙ্গেও জড়িয়েছিলেন শিল্পী কফিল।

ছাত্রজীবনে সাম্যের রাজনীতি করাটা ভাবনার খোঁড়াক জুগিয়েছে ‘সর্বজন’-এর জন্য কিছু করবার চিন্তাটাকেও।

আজকের দিনের যেই গ্যালারিতে সব শ্রেণি পেশার মানুষ যেতে পারেন না, তা নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছেন। আর তাই তো সকলের জন্য শিল্পচর্চার এক উন্মুক্ত জায়গা করে দেওয়ার চিন্তা থেকেই শুরু করেছেন বৈপ্লবিক এই যাত্রা।

পৃথিবীর বিভিন্ন দেশে এরকম ‘ওপেন গ্যালারি’ থাকলেও বাংলাদেশে এর চর্চা নেই বললেই চলে। তারমাঝে ধর্মের নামে অপসংস্কৃতির চর্চাও ক্ষতিগ্রস্ত করেছে এখানকার চিত্রকলাকে। আর সেজন্যই এরকম একটা সংস্কৃতি গড়ে তুলবার নিরন্তর চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন তারা।

তবে শুধুই যে শিল্পীদের আড্ডা এই ‘গাছতলা’ তা নয়। শনিবার গিয়ে দেখা গেল পাশের বাড়ির ছোট্ট শিশুটিও এসেছে রংয়ের খেলা দেখতে। শিল্পী মারিয়ার সঙ্গে তার স্কুল শিক্ষক স্বামী রাজও এসেছেন। স্ত্রীর কাজে উদ্বুদ্ধ হয়ে অংকের শিক্ষক রাজ আজকাল ছবি আঁকছেন। তবে তার এই নব উদ্যোমে যে বড় অবদান রেখেছে ‘গাছতলা’ সে কথা বেশ বড় গলায় জানালেন তিনি।

পাওয়া গেল শিল্পীদের বন্ধু, স্বজন, গুনগ্রাহীদেরও। নিখাদ আড্ডার টানেও আসেন এখানে মানুষ। কিংবা পায়ে হেঁটে, বাহনে চড়ে যাওয়ার সময় থমকে দাঁড়াতে হয় অনেককেই।

ফটোগ্রাফার ও উদ্যাক্তাদের একজন মৌসুম। তার কাছ থেকে জানা গেলো নিয়মিত এই জমায়েতের পাশাপাশি এরই মাঝে ২টি কর্মশালার আয়োজন করেছে ‘গাছতলা’। আরও বেশ ক’টি কর্মশালা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ছবি আঁকা শিখাবার জন্য নিয়মিত একটি আয়োজনও রাখবার কথাও চলছে। এমনিতেই বেশ সাড়া পেয়েছেন। আর যদি বিষয়টাকে শিখানোর মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, তবে তা বেশ ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করছেন তারা।

সবইতো হল। আড্ডা, আঁকাজোকা, গান, চায়ের কাপে ঝড়ও উঠল বেশ কিছু। এবার বাড়ি ফিরবার পালা। ছবি কেনা হয়নি বটে। তবে দেখা হয়ে গেছে একেকটা ছবির জন্ম। শিল্পীর সঙ্গে শিল্পের নাড়ির সম্পর্ক।

গাছতলাতেই তো বসে সবচেয়ে বড় ও পুরানো বাজারগুলো তাই না। তাই এই ছবির বাজার দেখতে, ঘুরে আসুন ‘গাছতলা’। শনিবার বিকেলটা কাটিয়ে আসুন শিল্পীদের সঙ্গে। কে জানে গাছতলায় বসে আপনিই হয়তো কোনো নতুন ছবির জন্মে সুঁই ফোটাবেন।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।