হালুয়া-রুটির পসরা
ব্যস্ত নগর জীবনে এখন অনেকেই বাসায় হালুয়া-রুটি বানানোর ঝক্কি নিতে চান না। আবার খাবার টেবিলে একটু ভিন্নরকম আয়োজন করতে শবেবরাতে অনেকেই ভিন্ন পদের খোঁজ করেন।
নানান স্বাদের হালুয়া-রুটির পসরা সাজিয়ে বসছে রাজধানীর বেশ কয়েকটি কনফেকশনারি ও মিষ্টির দোকান। চাইলে এসব জায়গা থেকে পছন্দ করে নিতে পারেন নানান পদ।
প্রিমিয়াম সুইটস
পাওয়া যাবে ১০ রকমের হালুয়া। এর মধ্যে আছে গাজর, লাউ, সুজি, মাস্কাট এমনকি পাওয়া যাবে ছানার হালুয়া। বিশেষ আয়োজনে আছে খেজুরের হালুয়া।
কেজি হিসাবে দাম পড়বে ৭২৫ টাকা থেকে ১,২৯৫ টাকা। উত্তরা, ধানমণ্ডি, পান্থপথ, সাত মসজিদ রোড, মিরপুর, বিজয়নগর, লক্ষ্মীবাজার, গুলশান শাখায় পসরা সাজিয়ে বসবে তারা।
খাজানা মিঠাই
উত্তরা, গুলশান আর বনানীতে অবস্থিত এই মিষ্টির দোকানে মোট চাররকম হালুয়া বিক্রি করা হবে এমনটাই জানালেন তারা।
এই চারপদ হল নেস্তা, চানার ডাল, গাজর ও মুগ ডালের হালুয়া। নেস্তার কেজি পড়বে ৮০০ টাকা, বাকি ৩ পদের জন্য গুনতে হবে ৭০০ করে। ভ্যাট আলাদা।
রস
গুলশান আউটলেটে মিলবে গাজর, পেঁপে, বুট, নেস্তা ও মাস্কাট হালুয়া। একটি মাত্র রুটি পাওয়া যাবে এখানে। ৫০০ গ্রামের ওজনের রুটি পড়বে ২৯০ টাকা।
বিভিন্ন পদের হালুয়ার জন্য গুনতে হবে ৩৯০ থেকে ৪৯০ টাকা। এছাড়াও মিলবে বরফি।
ভিলেজ রেস্তোরাঁ
গুলশান ১’য়ের এই রেস্তোরাঁতে পাওয়া যাবে বেশ কিছু বাহারি হালুয়া। আফলাতুন, আন্টি স্পেশাল ছাড়াও মিলবে আলমন্ড, মিক্সড ফ্রুটস ও গাজরের হালুয়া। তবে মোট ১৫টি পদ মিলবে এখানে।
আন্টি স্পেশাল ১৫০০ টাকা প্রতি কেজি আর বাকি সব পদ ৮০০ টাকা করে। রুমালি রুটি ৪০ টাকা করে প্রতিটি।
অ্যাগোরা
সুপারশপ অ্যাগোরাতে মিলবে বাহারি স্বাদের হরেক রকম হালুয়া। যেমন: গাজরের হালুয়া, নেশেস্তা হালুয়া, সুগার ফ্রি হালুয়া, শাহী হালুয়া, মিক্স হালুয়া, পেঁপে হালুয়া, বুটের হালুয়া, কশ্মিরি পেশোয়ারি হালুয়া, ডিমের হালুয়া ইত্যাদি।
ইউনিমার্ট
গুলশান ২’য়ের এই সুপার মার্কেটে চাপাতিরুটি ছাড়াও তিন চার ধরনের রুটি পাওয়া যাবে। আধা কেজি শুরু হয়ে ৩ কেজি ওজন দরে এইসব রুটির দাম ধরা হয়েছে ১৫০ থেকে ৮৫৫ টাকা ।
২ রকম হালুয়ার দাম (২৫০ গ্রাম) ১৭৫ টাকা থেকে শুরু।
আরও আছে
আধুনিক দোকান ছাড়াও চকবাজারের শাহি মসজিদের সামনে শবেবরাতের সকালে বসে রুটির পসরা। সেগুলো কোনোটা দেখতে কুলোর মতো, কোনোটা মাছের মতো। আবার কোনোটা গোলাকার ও নকশা করা।
এছাড়া সাত রওজার আনন্দ বেকারি, চকবাজারের বোম্বে বেকারি, কোর্ট-কাচারি এলাকার ইউসুফ বেকারির রুটির নামডাক রয়েছে।
এগুলো ছাড়া ঠাঁটারি বাজারের স্টার হোটেল, চকবাজারের আলাউদ্দিন সুইটমিট, নর্থ-সাউথ রোডের হোটেল আল রাজ্জাক ও এলিফ্যান্টরোডের গ্রামীন কনফেকশনারিতে শবেবরাতের হালুয়া-রুটি পাওয়া যাবে।
