ঢাকা যেন সাও পাওলো!
জাহিদ, টিনা আর তাদের ছেলে আয়ান। ব্রাজিল বিশ্বকাপের জন্য পুরোদমে তৈরি। যার যার পছন্দের দলের জার্সি গায়ে একই ছাদের নিচে উপভোগ করবেন ফুটবল বিশ্বকাপ।
শুধু ছাদের নিচেই নয়, ছাদের উপরেও চলছে ফুটবল উন্মাদনা। বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দলের পতাকায় ভরে যাচ্ছে কার্নিস আর বারান্দা। বেশিরভাগই সাদা-নীল নয়তো হলুদ-সবুজ পতাকা। কোন ছাদে আবার চার, পাঁচ দলের নিশান উড়ছে।
এ আর এমন কি! প্রতিটি পাড়া বা মহল্লাই যেন আর্জেন্টিনা ও ব্রাজিল।
টিএসসিতে চোখে পড়ে এমনই ফুটবলপ্রেমী চার তরুণের দিকে। ফুয়াদ, সাজীব, তাহজীব ফাহাদ ও আকাশ। মামাতো ফুফাতো এই তিন ভাই এবং তাদের বন্ধু আকাশ একই সঙ্গে থাকেন। তবে তারা ভিন্ন ভিন্ন দলের সমর্থক। তাইতো চারজনের পরনে চার রকম জার্সি।
এগিয়ে যেতেই দেখা যায় শাহবাগে দুই তরুণী হকারের সঙ্গে ব্রাজিলের পতাকার দর কষাকষি করছেন। জিজ্ঞেস করতেই তরুণীদ্বয়ের মধ্যে যার নাম সোমা তার উত্তর, " ফুটবল মানেই ব্রাজিল।"
এই কথার জবাবে পতাকা বিক্রেতা হাসিব বলে উঠেন, "আফা কি যে কন! মেসির লাহান একটা পিলিয়ার কোনো দলে দেহাইতে পারবেন?"
চাররকম জার্সি পরে চার তরুণ। ছবি: রিয়াদ।
তার ভাষায়, “সবচেয়ে বেশি চলতাছে ব্রাজিল আর আর্জেন্টিার পতাকা।”
বিক্রিবাট্টা ভালো বলে সে বেশ খুশি। হাসিব বলেন, "বছরের দুইটা দিন পতাকা বিক্রি হয়। এই বছর ব্রাজিলের কারণে সারা মাসই হয়ত পতাকা বিক্রি করতে পারুম।”
ব্রাজিল কোথায় জানেন? এমন প্রশ্নের জবাবে একটা হাসি দেয় হাসিব।
তার হাসির মধ্যে যেমন আছে না জানার অস্বস্তি তেমনি আছে ভালো থাকার আনন্দ। হয়তো পতাকার বেশি বিক্রির কারণে এই মাসটা স্বচ্ছলভাবেই কেটে যাবে তার।
শুধু যে বাস্তবে, তা কিন্তু নয়! সাইবার জগতেও চলছে বিশ্বকাপের উন্মাদনা।
জাহিদ, টিনা আর ছেলে আয়ানের পছন্দ এক নয়। ছবি: ফেইসবুক।
তেমনই এক ছবি সায়মা রুমি আর তার বোনের, যেখানে দুজন দুজনের কান আর গলা ধরে আছেন। এমনভাব যেন, অন্য দল সমর্থনের জন্য একে অন্যকে চরম শাস্তি দিতে প্রস্তুত।
শুধু তরুণদের মধ্যেই নয়, বয়ষ্কদের মধ্যেও আছে উত্তেজনা। একসময় এত চ্যানেল ছিল না, ফেইসবুক ইন্টারনেটতো অনেক দূরের বিষয়।
সেই আমলের কথা চিন্তা করেও বিশ্বকাপের নস্টালজিয়াতে ভুগছেন অনেকে।
দলের সমর্থনে বোনে বোনে যুদ্ধ। ছবি: ফেইসবুক।
ব্যাটারির টিভি থেকে আজকের এলইডি টিভি— বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ছোট বোকা বাক্সেই উপভোগ করে চলছে। তাই বলে উন্মাদনায় ঘাটতি পড়েনি কখনো।
তাইতো রাজধানী ঢাকা যেনো এই দুমাস ব্রাজিল হয়ে রং ছড়াবে সবার মনে।
