২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢোলা প্যান্ট পালাজ্জো

দেখলে মনে হবে স্কার্ট, আসলে প্যান্ট। নিচের দিকে অনেক ঢোলা উপরের দিকে চাপা। পাতলা কাপড়ের পালাজ্জো গরমের জন্য বেশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 11:24 AM

Updated : 13 Oct 2022, 12:10 PM

পুরনো খবর:

বর্ণিল প্যান্ট

কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ফ্যাশনের ক্ষেত্রেও কথাটা অনেকাংশে সঠিক। পুরানো অনেক ফ্যাশনই ঘুরেফিরে নতুন রূপে ধরা দেয় বর্তমানের কোঠায়।

দেশীয় ফ্যাশন ঘর বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার বলেন, “পালাজ্জো নতুন কোনো ফ্যাশন নয়। আমাদের দেশে আগে বেলবটম প্যান্ট ছিল। মাঝে ছিল ডিভাইডার সালোয়ারের প্রচলন। এখন পাশ্চাত্য ফ্যাশনের অনুকরণে আবারো এসেছে ঢোলা প্যান্টের চল, একটু অন্যভাবে পালাজ্জো নামে।”

“সত্যি বলতে গরমে পরার জন্য এই পালাজ্জো খুবই আরামদায়ক।” কথার ফাঁকে যুক্ত করলেন  ফ্যাশন ডিজাইনার লিপি।

১৯২০ সালে ফরাসি ফ্যাশন ডিজাইনার ও শ্যানেল ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা কোকো শ্যানেলের হাত ধরে উপরে চাপা নীচে ঢোলা প্যান্ট প্রথম জনপ্রিয়তা পায়।

দি সিক্রেটক্লজেট ডটপিকে ওয়েব সাইটের এক তথ্য অনুসারে, শ্যানেল ভেনিসে ভ্রমণের সময় তার ডিজাইন করা নতুন ধরনের ট্রাউজার পরেন। যেটা দেখতে পাজামারমতো ঢোলা হলেও কোমরের দিকে প্যান্টেরমতো চাপা। ১৯৩০ সালের দিকে এই পাজামা প্যান্ট হলিউড স্টারদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এই সময়ে যেটাকে পালা্জ্জো বলা হচ্ছে, সেটার ধারা শ্যানেলের কাছ থেকেই এসেছে।

ঘুরেফিরে সেই পাজামা প্যান্ট বা পালাজ্জো এখন হলিউড বলিউডের অভিনেত্রীদের পায়ে দেখা যাচ্ছে।

হলিউডের এমা রবার্টস, অলিভিয়া ওয়াইল্ড, ক্রিস্টেন স্টুয়ার্ট, অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে ভারতীয় নায়িকা দিপিকা পাড়ুকোন, সামিরা রেড্ডি, সোনাম কাপুর, পুজাগুপ্তা, নেহা ধুপিয়ার পরনে থাকছে পালাজ্জো। 

তবে তাদের পরার স্টাইল থেকে আমাদের দেশে পালাজ্জো পরার ঢংয়ে পার্থক্যতো থাকবেই।

Image
দিপিকা পাড়ুকোন, পুজাগুপ্তা, নেহা ধুপিয়া, সোনাম কাপুরও পরছেন পালাজ্জো।

দিপিকা পাড়ুকোন, পুজাগুপ্তা, নেহা ধুপিয়া, সোনাম কাপুরও পরছেন পালাজ্জো।

Image
ক্রিস্টেন স্টুয়ার্ট, অ্যাঞ্জেলিনা জোলি, অলিভিয়া ওয়াইল্ড, এমা রবার্টসের পরনে পালাজ্জো।

ক্রিস্টেন স্টুয়ার্ট, অ্যাঞ্জেলিনা জোলি, অলিভিয়া ওয়াইল্ড, এমা রবার্টসের পরনে পালাজ্জো।

লিপি খন্দকার বলেন, “পশ্চিমা ফ্যাশনের ধারা আমাদের দেশেও এসে পড়ে। তবে সেটা কিছুটা দেশীয় ঢংয়ে রূপ নেয়।”

পালাজ্জো পরার টিপস

অনুষ্ঠান বা ক্যাজুয়াল পোশাক হিসেবে গরমে পরে আরাম পালাজ্জো। যারা এই ঢোলা প্যান্ট পরতে চান তাদের জন্য রইল লিপি খন্দকারের দেওয়া কিছু পরামর্শ।

* শর্ট কামিজ, মিড লং বা লং কামিজ দিয়ে পরা যায় পালাজ্জো।

* নকশাকরা বা প্রিন্টেড পালাজ্জোর সঙ্গে একরঙা টপস, আর একরঙা পালাজ্জোর সঙ্গে নকশাদার জামা পরলে মানায় ভালো।

* কামিজ ছাড়াও ফতুয়া, অল্প ঢোলা বা ফিটেড শার্টের সঙ্গেও পালাজ্জো ভালো যায়।

* প্রিন্টেড টপস ইন করেও পালাজ্জো পরতে পারেন।

Image
প্রিন্টেড টপস ইন করেও পালাজ্জো পরা যায়। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

প্রিন্টেড টপস ইন করেও পালাজ্জো পরা যায়। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

Image
ভালো স্বাস্থ্যের অধিকারীদের পালাজ্জোর সঙ্গে ঢিলেঢালা টপস মানানসই। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

ভালো স্বাস্থ্যের অধিকারীদের পালাজ্জোর সঙ্গে ঢিলেঢালা টপস মানানসই। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

* যারা একটু লম্বা তাদের এই ঢোলা প্যান্ট পরলে মানায় বেশি। উচ্চতা কম হলেও সমস্যা নেই, সেক্ষেত্রে হিলযুক্ত জুতা বা স্যান্ডেল পরা যেতে পারে।

* যাদের স্বাস্থ্য ভালো, তাদের পালাজ্জোর সঙ্গে একটু ঢিলেঢালা টপস পরলে মানাবে।

* সাধারণত যারা একটু চিকন ও লম্বা তারা উপরে চাপা হয়ে নিচের দিকে ঢোলা আর যাদের স্বাস্থ্য ভালো তারা উপরে নিচে সমান ঢোলা পরতে পারেন।

* পালাজ্জোর কাপড় হবে হালকা, যাতে গায়ের উপর পড়ে থাকে, বাতাস উড়ে এরকম। এরজন্য লিনেন, গেঞ্জি কাপড় বা সফট কটন কাপড় সবচেয়ে ভালো।

* সব পালাজ্জোর সব ছাঁটেই যে সবাইকে মানাবে তা ঠিক নয়। কোন ছাঁটে আপনাকে মানাবে তা বোঝার জন্য আয়নার সামনে পরে একবার দেখে নিন।

কোথায় পাবেন

Image
একহারা গড়নে উপরে চাপা হয়ে নিচে ঢোলা পালাজ্জো মানায় বেশি। মডেল: জিতু / ছবি: ই স্টুডিও।

একহারা গড়নে উপরে চাপা হয়ে নিচে ঢোলা পালাজ্জো মানায় বেশি। মডেল: জিতু / ছবি: ই স্টুডিও।

Image
নকশা বা প্রিন্টেড পালাজ্জোর সঙ্গে একরঙা টপস ভালো যায়। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

নকশা বা প্রিন্টেড পালাজ্জোর সঙ্গে একরঙা টপস ভালো যায়। মডেল: নিবেদিতা / ছবি: ই স্টুডিও।

কাটছাঁট আর কাপড়ের ধরণের কারণে পালাজ্জোর দাম একেক জায়গায় একেক রকম।

মায়াসির, বিবিয়ানা, ইয়েলো, আড়ংসহ বিভিন্ন দেশীয় পোশাক ঘরে ৪শ’ থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে পালাজ্জো পাওয়া যাবে।

এছাড়া রাজধানীর বনানী সুপার মার্কেট, গুলশান ১ ডিসিসি মার্কেট, এলিফ্যান্ট রোডের প্রিয়াঙ্গন সুপার মার্কেট, ঢাকা কলেজের উল্টাদিকে বদরুদ্দোজা সুপার মার্কেট, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল ও ধানমণ্ডির বিভিন্ন শপিং মলেও রয়েছে পালাজ্জো। জায়গা ভেদে দাম পড়বে আড়াইশ থেকে ১ হাজার টাকা।

তবে এক রঙার চাইতে প্রিন্টেড পালাজ্জোর দাম একটু বেশি।