২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণিল প্যান্ট

তারুণ্যের পোশাকে লেগেছে বাহারি রংয়ের ছোঁয়া। শুধু শার্ট বা টি-শার্ট নয়, এখন অনেকেরই পছন্দ রঙিন প্যান্ট। ‘হট লুক’ নামে এই ট্রেন্ডের জনপ্রিয়তাও বেড়ে চলেছে দিন দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনি ইয়াছিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:59 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

অথচ এক সময় প্যান্ট বলতে বোঝাতো অন্তর্বাস। আর পায়ের পরিধেয় পোশাক হিসেবে পরিচিত ছিল ট্রাউজারস।

হাবপেইজেস ডটকমে প্রকাশিত ‘এ হিস্টোরি অফ ট্রাউজারস এন্ড প্যান্টস ইন ওয়েস্টার্ন কালচার’ প্রতিবেদনে উল্লেখ করা হয় পশ্চিমা সংস্কৃতিতে ২০ শতক পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া ছেলেদের প্যান্ট পরায় সীমাবদ্ধতা ছিল। ২০ শতকের আগে শালীনতা রক্ষা ও ঠাণ্ডার হাত থেকে বাঁচার জন্য মেয়েরা জামার নিচে ঢিলেঢালা একধরনের পাজামা পরতো।

‘হোয়াট পিপল ওয়্যার হোয়েন: এ কমপ্লিট ইলাস্ট্রেটেড হিস্টোরি অফ কাস্টমার্স ফ্রম এইনশিয়েন্ট টাইমস টু দি নাইনটিন্থ সেঞ্চুরি’ এবং ‘দি এনসাইক্লোপিডিয়া অফ ক্লদিং এন্ড ফ্যাশন’— এই দুই বইয়ের সূত্র ধরে লেখা প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, বহু প্রাচীন আমলেই মানুষ প্যান্ট ব্যবহার করা শুরু করে।

প্রাচীন পাজামা

ধারণা করা হয় সিদিয়ান অঞ্চল (বর্তমানে ইউক্রেইন, বুলগেরিয়া ও রোমানিয়া) থেকে আধুনিক প্যান্টের আবির্ভাব হয়েছে। এই অঞ্চলের মানুষেরা বড় বুট জুতার ভেতর ঢুকিয়ে ঢিলেঢালা প্যান্ট পরতো।

এই এলাকার প্রাচীন কবরস্থান থেকে আবিস্কার করা একটি পাত্রে আঁকা ছবিতে দেখা যায়, একজন যোদ্ধা প্যান্ট পরে আছে। পাত্রটি খ্রিষ্টপূর্ব ৭৭০ বছর পরানো।

গ্রিক ইতিহাসবিদ হারোডোটাস উল্লেখ করেন, সিদিয়ানরা ছাড়াও গ্রিক পুরাণে উল্লেখিত নারীযোদ্ধা, যারা অ্যামাজন নামে পরিচিত, তারাও প্যান্ট পরতো। খ্রিষ্টপূর্ব ৪৭০ বছর আগের বিভিন্ন চিত্রকর্মে সেই চিত্রই ফুটে ওঠে।

Image
বর্ণিল ট্রাউজারের সঙ্গে কনট্রাস্ট টপস মানানসই। মডেল: তাসমীম তাজকিয়া / ছবি: ই স্টুডিও।

বর্ণিল ট্রাউজারের সঙ্গে কনট্রাস্ট টপস মানানসই। মডেল: তাসমীম তাজকিয়া / ছবি: ই স্টুডিও।

পরে খ্রিষ্টপূর্ব ৫ম শতকে সিদিয়ানদের কাছ থেকে পার্সিয়ানরা (বর্তমানে ইরান) প্যান্টের ব্যবহার শুরু করে। আর খ্রিষ্টপূর্ব ৩য় শতকের দিকে সিদিয়ান ও পার্সিয়ানদের মাধ্যমে মধ্য ইউরোপে ছড়িয়ে পরে প্যান্টের প্রচলন।

প্রাচীন গ্রিক ও রোমনার ট্রাউজার পরা লোকদের অসভ্য মনে করতো। খ্রিষ্টাব্দ প্রথম শতকের দিকে রোমানদের সেলটিক ব্রিটেন জয় করার পর আইরিশদের তারা বলতো ‘বন্য মানুষ’। তবে সংস্কৃতির মিশ্রণে রোমান যোদ্ধারাও এক ধরনের প্যান্ট পরা শুরু করে, যা ব্রাকাই নামে পরিচিত ছিল।

মধ্যযুগে ইউরোপে ঢিলেঢালা আরামদায়ক পাজামার প্রচলন হয়। এভাবে সারা ইউরোপে ছড়িয়ে পড়তে থাকে প্যান্টের প্রচলন। উনিশ শতকের দিকে ছেলেদের প্যান্টের ছাঁট আঁটসাঁট হতে থাকে। সেই সময় রানী ভিক্টোরিয়ার আমল থেকে মেয়েদের প্যান্ট পরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে খনিতে কাজ করা মহিলারা কাজের সুবিধার জন্য প্যান্ট পরতে পারতো।

২০ শতকের প্রথমদিকের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার পাউল পোয়াইর ব্যলে রুজয়ের আদলে শিহিয়াজাডে নামে একধরনের প্যান্টের নকশা করেন। ঢিলেঢালা প্যান্ট আদলের সেই টিউনিক অন্দরমহলের মেয়েরা ব্যবহার করতো। মাঝে মাঝে কোনো সেবিকাকে বা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মহিলাদের অঙ্গে দেখা যেত এই পোশাক।

১৯৩০ সালে কোকো কানেল এবং ক্যাথরিন হেপবার্নের মতো ফ্যাশন আইকনের কল্যাণে এই প্যান্ট জনপ্রিয়তা পায়।

Image
উজ্জ্বল প্যান্টের সঙ্গে পরা যায় উজ্জ্বল টপস। মডেল: আফরিন / ছবি: অপূর্ব খন্দকার।

উজ্জ্বল প্যান্টের সঙ্গে পরা যায় উজ্জ্বল টপস। মডেল: আফরিন / ছবি: অপূর্ব খন্দকার।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ছেলেরা যুদ্ধে চলে গেলে ব্রিটিশ মেয়েরা কলকারখানা ও কৃষিকাজ করতে ঘরের বাইরে বেরিয়ে আসে। তখন কাজের সুবিধার জন্য মেয়েরা প্যান্ট পরা শুরু করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও একই ব্যাপার ঘটে। তখন মেয়েরা মোটা টেকসই কাপড়ের তৈরি একধরনের প্যান্ট ব্যবহার করা শুরু করে। যা এখন জিন্স নামে পরিচিত।

এরপর থেকেই সারা পৃথিবীতে প্যান্টের ব্যবহার বাড়তে থাকে। যদিও ১৯৩০ সালের পর থেকে ছেলেদের প্যান্টের তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে গত একশ বছরে প্যান্টের কাটছাঁটে নানান পরিবর্তন এসেছে। কোনো স্টাইল রয়ে গেছে, কোনো স্টাইল বিলুপ্ত হয়েছে আবার কোনো স্টাইল এক যুগ পর ফেরতও এসেছে।

আর ১৯৭০ সালের পর মেয়েদের অফিসের পোশাক হিসেবে প্যান্ট গ্রহনযোগ্যতা পায়।

এতো গেল প্যান্টের ইতিহাস। তবে এতদিন নীল জিন্স আর কালো ও ছাই রংয়ের প্যান্ট দখল করে রেখেছিল ওয়্যারড্রোব। এখন সেই ধারায় এসেছে পরিবর্তন।

দি ইস্কোয়ার ডটকমের দি স্টাইল ব্লগে প্রকাশিত ২০১৩ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্যান্টের রং নীল, ছাই বা কালোর মধ্যে সীমাবদ্ধ নেই। বেশ কয়েক মৌসুম থেকেই দেখা যাচ্ছে প্যারিসের ফ্যাশন শোগু্লোতে বাহারি রংয়ের প্যান্টের সমাহার।

প্রথম দিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর রংয়ের প্যান্ট দেখা যেত। এখন দেখা যাচ্ছে একই রংয়ের বিভিন্ন শেইডের ট্রাউজার। তারমানে এখন নিজেকে রঙিন করে উপস্থাপন করার সময় হয়েছে।

Image
সবার জন্যই রয়েছে বাহারি প্যান্ট। মডেল: ফারিয়া, রিপন, জীবন ও মামুন / ছবি: অপূর্ব খন্দকার।

সবার জন্যই রয়েছে বাহারি প্যান্ট। মডেল: ফারিয়া, রিপন, জীবন ও মামুন / ছবি: অপূর্ব খন্দকার।

ভারতীয় চলচ্চিত্রের হিরো গোবিন্দ যখন নিয়মিত কাজ করতেন তখন অদ্ভুত রংয়ের পোশাক পরতেন। অনেকেই বলতেন সেটা একমাত্র গোবিন্দকেই মানায়। তবে সেই যুগ শেষ, এখন কালারফুল প্যান্ট ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের পছন্দ।

বাংলাদেশে এই রঙিন প্যান্টের প্রচলন খুব বেশিদিনের নয়।

জেন্টল পার্কের চিফ ডিজাইনার শাহাদৎ হোসেন বাবু বলেন, “ন্যাচারাল ও ক্যাজুয়াল ফেব্রিক, যা ডে আওয়ার থেকে নাইট আউট যে কোনো সময়ের উপযোগী ডেনিম, পার করলো ৬০ বছর। সময়ের সঙ্গে ফ্যাশন পাল্টায়, কিন্তু স্টাইল থেকে যায়। ডেনিম এমনই এক চিরন্তন স্টাইল। তবে পাশ্চাত্য চাহিদার ধারাবাহিকতায় ডেনিম বা টুইল প্যান্টে এখন রঙ বেশ চলতি। বছর কয়েক হল এর শুরু। তবে গরমের চেয়ে শীতের সময় কালার প্যান্ট বেশি মানানসই!”

দেশের তরুণ মডেল বা অভিনেতাদের হাত ধরে এই ট্রেন্ড চালু হয়েছে বলা যায়। হট লুকে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশি। সালমান খান থেকে রণবীর সবাইকে বিভিন্ন সময়ে রঙিন প্যান্টে নতুনভাবে দেখা গেছে।

আমাদের দেশে প্রথম প্রথম তরুণ মডেল বা অভিনেতারা রঙিন প্যান্টের ব্যবহার শুরু করেছিল। এখন ফ্যাশন সচেতন অনেকেই হুমড়ি খেয়ে পড়ছেন সেদিকে।

তবে রং ভেদে প্যান্টের সঙ্গে যেমন মানানসই পোশাক লাগে, তেমনি দেহের গঠনও হতে হয় সেরকম আকর্ষনীয়।

এই ব্যাপারে ক্যাটস আইয়ের ডিজাইন ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক সাদিক কুদ্দুস বলেন, “সাধারণত সুতি, স্ট্রেচ বা ডেনিমের হয়ে থাকে এই প্যান্ট। বর্ণিল প্যান্টের সঙ্গে টপস কনট্রাস্ট করে পরা উচিত। দেখতে ভালো দেখাবে। যেমন হলুদ বা সবুজের সঙ্গে একটু হালকা সবুজাভ, হলুদাভ বা নীল আবার নীলের সঙ্গে কালো রংয়ের টপস পরা যেতে পারে।”

কুদ্দুস পরামর্শ দেন, সংগ্রহে লাল, কালো ও সাদা রংয়ের প্যান্ট থাকলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পোশাকের সঙ্গে পরা যায়।। তবে যাদের শরীরের নিচের দিকের গঠন একটু ভারী, তাদের এ ধরনের পোশাক এড়িয়ে যাওয়াই ভালো।

Image
বিভিন্ন রংয়ের মেয়েদের জেগিংস। মডেল: তাসমীম তাজকিয়া / ছবি: ই স্টুডিও।

বিভিন্ন রংয়ের মেয়েদের জেগিংস। মডেল: তাসমীম তাজকিয়া / ছবি: ই স্টুডিও।

“স্কিনটাইট বলে ভারী গড়নের শরীরে ওজন বাড়তি দেখাবে এই জেগিংস।” বললেন কুদ্দুস।

তিনি আরও বলেন, “বর্ণিল প্যান্টের রংয়ের মধ্যে নিয়ন, গাঢ় বেগুনি, গাঢ় বাসন্তি, কমলা, খয়েরি, ম্যাজেন্টা, গাঢ় গোলাপির মতো রং যেমন চলছে তেমনি পিচ, প্যাস্টেল, সাদার মতো হালকা রংও কেউ কেউ বেছে নিতে পারেন। খেয়াল রাখতে হবে, পরিবেশ বুঝে এই প্যান্ট পরা উচিত। খুব ফরমাল অনুষ্ঠানে বা কর্মক্ষেত্রে এ ধরনের প্যান্ট না পরাই ভালো।”

ছেলেদের রঙিন প্যান্ট জিন্সের চেয়ে গ্যাবার্ডিন কাপড়েই তৈরি হয়।

অঞ্জন'সের শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, “জিন্স প্রধানত দুই ধরনের কাপড় দিয়ে তৈরি হয়, ডেনিম ও ডেনিম স্টিচ। বিদেশি ব্র্যান্ডের মধ্যে জনপ্রিয় হল লিভাইস, আরমানি, ডিজেল ও ডিএন্ডজি। এ সব জিন্স চীন ও থাইল্যান্ড থেকেই বেশি আমদানি হয়। থাইল্যান্ডের জিন্স উন্নতমানের। বাংলাদেশের মধ্যে আউন্স আর সুতার কাউন্ট-এর উপর নির্ভর করে রঙিন প্যান্টের তারতম্য। তারুণ্যের ফ্যাশন উপযোগী এ সব ডেনিম বা টুইল বা গ্যাবার্ডিন কাপড়ের প্যান্ট ন্যারো শেইপই বেশি চলছে।”

এই রঙিন প্যান্ট কিনতে বিক্রয়কেন্দ্রগুলোতে ঢুঁ মারতে পারেন।

শাহবাগের আজিজ সুপার মার্কেটে বেশ কয়েকটি বিতানে কালারফুল প্যান্ট পাওয়া যায়। ওয়েসটেক্স, ইয়োলো, এক্সটেসি, লা-রিভয়ের বিক্রয়কেন্দ্রে গেলেই পেয়ে যাবেন নান্দনিক ছাঁটের কালারফুল প্যান্ট।

এছাড়া নিউমার্কেট, ঢাকা কলেজের উল্টাপাশের মার্কেটগুলো, বসুন্ধরা সিটি বা এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে পাওয়া যায় রঙিন প্যান্ট। জায়গা ও রকম ভেদে দাম পড়বে ৫শ’ থেকে ৪ হাজার টাকা।