২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দিসেলাই ও সংগ্রাম

পোশাকশিল্পের বয়নে, এই এলাকার মানুষের কাজের ছাপ প্রতিনিয়তই দেখতে পাওয়া যায়। একটু ভালোভাবে খুঁজলেই হাল ফ্যাশনের টি-শার্ট, জিন্স কিংবা অন্য যেকোনো পোশাকেই এদেশের শ্রমিকের ঘামের গন্ধ খুঁজে পাওয়া যাবে। আর খেটে-খাওয়া এইসব মানুষের গল্প নিয়েই, ঢাকায় শুরু হয়েছে চিত্র প্রদর্শনী ‘বন্দিসেলাই ও সংগ্রাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 04:13 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

সাভার সেন্ট্রাল হাসপাতাল থানা স্ট্যান্ড, ধানমণ্ডির দৃক গ্যালারি ও শাহবাগের ছবির হাটে একযোগে চলছে, ফটোসাংবাদিক ও আলোকচিত্রী এন্ড্রু বিরাজের এই একক প্রদর্শনী।

গেলো বছরের রানা প্লাজা হত্যাকাণ্ডের পরই বিশ্ব জুড়ে আলোড়ন তুলে বাংলাদেশের পোশাক শিল্পে চলতে থাকা এক নিরব নৈরাজ্য। একদিকে যেমন, এই শিল্পের সক্ষমতা সারা বিশ্বকে বাংলাদেশ সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। বুঝতে শিখিয়েছে সুতার বুননে বরাবরই এগিয়ে এদেশের মানুষ।

একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি খাতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয়ের পথও প্রশস্ত করেছে, সরাসরি এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় চল্লিশ লাখ শ্রমিক। তারপরও কারখানায় কাজ করা এইসব মেহনতি মানুষের প্রশ্নহীন নির্মমতার শিকার হতে হচ্ছে।

দৈনিক মজুরি, কর্মস্থলে কাজের পরিবেশসহ শ্রমিকদের সার্বিক জীবনমান উন্নয়নে ও অধিকার প্রতিষ্ঠায়, কারখানার মালিকপক্ষ কিংবা বিদেশি ক্রেতা, কেউই এখনও পর্যন্ত জোরালো কোনো ভুমিকা নিশ্চিত করেনি।

“যারা এই ঘটনাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত নয়, ছবিগুলো তাদেরকেও মর্মান্তিক ঘটনাগুলো সম্পর্কে জানতে বাধ্য করবে, একই সঙ্গে এমন সব ঘটনার পুনরাবৃত্তি আর যেন দেখতে না হয়, যে বিষয়েও সচেতনতা বৃদ্ধি করবে।” ধানমণ্ডির দৃক গ্যালারি ঘুরে নিজের এমন বোধের কথা জানিয়েছেন তাপ্রিয়া আফরোজ মতিন।

প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের জীবন লিপিবদ্ধ করছেন, আলোকচিত্রী এন্ড্রু বিরাজ। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে খুব কাছ থেকে দেখেছেন স্পেকট্রাম, তাজরিন, রানা প্লাজা বিপর্যয়সহ তৈরি পোশাক শিল্পের আরও বেশকিছু ঘটনা। সেজন্যই শুধু পেশাদারী মোড়কে নিজেকে আটকে না রেখে, সচেতনতা তৈরির জন্যই এমন প্রদর্শনীর আয়োজন করেছেন বলে জানিয়েছেন, তিনি।

রানা প্লাজা হত্যাকাণ্ডের এক বছর পূর্তির সময় এমন আয়োজন শুরু হলেও, তার প্রদর্শনীতে স্থান পেয়েছে পোশাক শ্রমিকদের না বলা সব কথা। উঠে এসেছে প্রান্তিক এই জনগোষ্ঠির উপর শক্তিমত্তা প্রদর্শনের চিত্র।

বিরাজ দেখিয়েছেন, কীভাবে রক্ত আর ঘামের উত্তাপে তৈরি হয় বিশ্বব্যাপী নামকরা সব ব্র্যান্ডের কাপড়।

হাজার বছরে মানব জাতির যে বন্দীত্বের ইতিহাস তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পেতে এবং সমাজের সব রকমের মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই, তিনটি ভিন্ন ভিন্ন জায়গায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান বিরাজ।

১ মে, বৃহস্পতিবার পর্যন্ত সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। সাভারে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, দৃক গ্যালারিতে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ঢাবি’র চারুকলার উল্টোপাশে ছবির হাটে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত, বাংলাদেশের পোশাক শিল্পশ্রমিকদের এই প্রশ্নহীন শোকগাথা দেখতে পাবেন সবাই।