২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক

কক্সবাজার, রাঙ্গামাটি বা পার্বত্য চট্টগ্রামে ঘুরতে গিয়ে চাকমা, মগ বা মুরংদের পোশাক কিনে আনেননি এ রকম মানুষ খুব কমই আছেন। একসময় তাদের পোশাক কিনতে হলে যেতে হত ওই অঞ্চলে। এখন বিভিন্ন দোকানেই পাওয়া যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মরিয়ম মনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 07:52 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

তবে আলোচনা সমালোচনা যেটাই হোক ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব পোশাক বাঙালিদের কাছে পরিচিতি পেয়েছে উপজাতি পোশাক হিসেবে। তাদের স্বকীয় আর ঐতিহ্যবাহী পোশাক ও গহনায় ভিন্নতা থাকায় তা ফ্যাশন হিসেবেই ব্যবহৃত হচ্ছে সমতলের মানুষের কাছে।

চাকমা, মারমা, মগ, মুরং, সাঁওতালসহ আরও প্রায় ৪০টির মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বাংলাদেশে। তাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ধরন। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য মিলও খুঁজে পাওয়া যায়। এই সব পোশাক নিয়ে আমাদের ফ্যাশন ডিজাইনাররা প্রতিনিয়ত নিরলস চেষ্টায় ফুটিয়ে তুলছেন পুঙ্খানুপুঙ্খ ডিজাইন।

চাকমা, মগ বা মারমা মেয়েরা তাদের দৈনন্দিন জীবনে যে পোশাক পরেন সেটাকে পিনন বলে। এ পোশাকটি উজ্জ্বল রং আর বুননে চমৎকারভাবে তৈরি। এ থামি কেটে সমতলের মানুষরা সালোয়ার-কামিজ, শার্ট, ফতুয়া প্রভৃতি তৈরি করছে। আবার অনেক ফ্যাশন হাউজ থামির ডিজাইন ঠিক রেখে পাতলা সুতায় শাড়ি বুনছে। এসব কাপড় থেকেই আবার তৈরি হচ্ছে কামিজ ও ফতুয়া।

আবার পাহাড়ে বসবাস করেন এ রকম অনেক গোষ্ঠীর মধ্যে দেখা যায় তারা একখণ্ড কাপড় এক প্যাঁচে জড়িয়ে পরছেন। চাকমারা একে ডাকে কোমরকাটা নামে। অনুমান করা হয়, এ পোশাকটি থেকেই লংস্কার্টের উৎপত্তি। বর্তমানে অনেকে চাকমাদের ঢঙেই এ কোমরকাটা পোশাকটি পরছেন ফ্যাশন বৈচিত্র্যের জন্য। এভাবেই ফ্যাশনের নতুনধারার বাহক হয়ে উঠছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাকগুলো।

জুম পোশাকের বাহার এখন আধুনিক তরুণীদের দারুণ প্রিয়। পাহাড়ি অঞ্চলে চাষ করা জুম তুলা থেকে তৈরি পোশাকের ফ্যাশন ওই অঞ্চলের ঐতিহ্যের কথাই তুলে ধরে। জুম তুলার সুতা থেকে তৈরি সালোয়ার-কামিজ, ফতুয়া থেকে শুরু করে সব পোশাকেই রয়েছে তরুণদের আকর্ষণ।

এখন বিভিন্ন ফ্যাশন হাউজ তরুণদের কথা মাথায় রেখে এসব পোশাকের পাশাপাশি নিত্যব্যবহার্য জিনিসপত্রও বিক্রি করছেন।

মণিপুরি তাঁত এম্পোরিয়ামে পাওয়া যাবে মণিপুরি শাড়ি, সালোয়ার-কামিজ, স্কার্ট প্রভৃতি। ফ্যাশন হাউজ প্রবর্তনায় ক্ষুদ্র নৃগোষ্ঠদের তৈরি গামছা, ওড়না, চাদর, ব্যাগ ইত্যাদি পাওয়া যায়।

এলসি গ্যালারিতে পাওয়া যাবে চাকমা, মারমা মুরংদের তৈরি সব ধরনের পোশাক। ফ্যাশন হাউজ অঞ্জনস থামির আদলে রেডিমেট পর্দা তৈরি করেছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরি পোশাক ও ব্যাগ পাওয়া যাবে ট্রাইবাল ক্র্যাফট এম্পোরিয়ামে।

ফ্যাশন হাউজ চরকায় রয়েছে কোমর তাঁতে তৈরি শতরঞ্জি। এ ছাড়া তারা টাঙ্গাইল থেকে মণিপুরি শাড়ি ও ওড়না সংগ্রহ করে থাকেন।

ফ্যাশন হাউজ কে ক্র্যাফট বেশ কিছুদিন ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরি থানকাপড় বিক্রি করছে।

ফ্যাশন হাউজ রঙ পাহাড়ের প্রাকৃতিক রংয়ের পাশাপাশি আধুনিকতার ছোঁয়া লাগিয়েছে। এসব গোষ্ঠীদের তৈরি নকশার সঙ্গে ফ্যাশন হাউজের নিজস্ব ডিজাইনে তৈরি দুই ধরনের পোশাকই এখানে পাওয়া যায়। পাশাপাশি গৃহসজ্জার সব ধরনের জিনিসপত্রও রয়েছে এখানে।

আড়ংয়ে পাওয়া যাবে ক্ষুদ্র নৃগোষ্ঠদের তাঁতের কাপড়ে তৈরি বিভিন্ন গৃহসজ্জার সামগ্রী।

ফ্যাশন মানেই হল সংযোজন বিয়োজন। সেই ধারাকে কেন্দ্র করে বাংলার ঐতিহ্যবাহী ধারার সঙ্গে যোগ হচ্ছে নতুন নতুন আঙ্গিক। যা ইতিমধ্যে বেশ সমাদৃত হয়েছে।