চীনে ‘জ্যাঙ্গো আনচেইনড’
পরিচালক কোয়েনটিন টারান্টিনোর ‘জ্যাঙ্গো আনচেইনড’ এবার প্রদর্শিত হবে চীনে তবে সিনেমাটির মারদাঙ্গা দৃশ্যগুলো অনেকটাই বদলে দিতে হবে টারান্টিনোকে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘হলিউড রিপোর্টার’ জানিয়েছে, সনি পিকচারসের চীনা শাখার প্রধান চাং মিয়াও টারান্টিনোকে বলেছেন বিদেশি বাজারের জন্য সিনেমাটির কিছু দৃশ্যে খানিকটা সমন্বয়সাধন করতে হবে।
চাং বলেন,‘আমরা যেসব দৃশ্যকে মারদাঙ্গা এবং রক্তপাতের দৃশ্য বলে থাকি সেগুলোকে খানিকটা বদলানো হলে সিনেমাটির মৌলিকত্বে খুব একটা প্রভাব পড়বে না।’
চাং আরও বলেন,‘টারান্টিনো ভাল করেই জানেন কীভাবে কাজটি করতে হবে আর যদি প্রয়োজন হয় তবে আমরা তাকে পরামর্শ দিতে পারি।’
‘জ্যাঙ্গো আনচেইনড’-এর মাধ্যমে প্রথমবারের মত টারান্টিনোর কোন সিনেমা চীনে প্রদর্শিত হবে।
