‘লেডিস ফার্স্ট’-এ দিলারা জামান, জেনী ও ভাবনা
ধারাবাহিক নাটক ‘লেডিস ফার্স্ট’-এর ২০০ তম পর্ব থেকে অভিনয় শিল্পীদের তালিকায় যোগ হচ্ছেন দিলারা জামান, জেনী ও ভাবনা। ফজলুল হক আকাশের রচনা ও এস এ হক অলিকের পরিচালনায় বাংলাভিশনে প্রচারিতব্য ধারাবাহিকটিতে নতুনমাত্রা যোগ করতেই এই তিন অভিনয়শিল্পীকে যুক্ত করেছেন বলে জানান পরিচালক।
এ বিষয়ে এস এ হক অলিক বলেন, ‘গল্পের প্রয়োজনে তাঁরা নাটকে অভিনয় করেছেন। ভবিষ্যতে নাটকের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রের আরো কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে।’
অলিক আরো বলেন, ‘সম্প্রতি দেশে ফিরেছেন সিনিয়র অভিনেত্রী দিলারা জামান। তিনি দেশে আসার পরে এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন। তিনি যে মানের অভিনেত্রী তাতে আমাদের এই ধারাবাহিকটিতে নতুনমাত্রা যোগ হবে বলে আশা করছি।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, নোভা, হোমায়রা হিমু, আলভী, শোয়েব, শাহরিয়ার শুভ, এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, নাসিম, সমু চৌধুরী, ছন্দা, তুষার খান, চিত্রলেখা গুহ প্রমুখ।
এই ধারাবাহিকে একটি এ্যাপার্টমেন্টের মধ্যবিত্ত কয়েকজন গৃহবধূ মিলে “সিঙ্গেল ফ্যামিলি জিন্দাবাদ” নামে একটি সংগঠন করেছে। অন্যদিকে বাঙালির স্বতন্ত্র সংস্কৃতি “যৌথ ফ্যামিলি জিন্দাবাদ” নামের একটি অফিস খুলেছে একই এ্যাপার্টমেন্টের কয়েকজন বধূ ও মেয়ে। দুই গ্রুপেই রয়েছে নানা রকম কর্মসূচি। রয়েছে নাটকীয় দ্বন্দ্ব সংঘাত।
সপ্তাহের প্রতি শনি ও রোববার রাত ৮ টা ১৫ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক ‘লেডিস ফার্স্ট’।
